গ্রেটেস্ট শো অন আর্থ’এর ৩৯ দিনের পথচলা শেষবিন্দুতে দাড়িয়ে আছে। ১০৪ ম্যাচের ১০৩টিই হয়ে গেছে। ৪৮ দলের ৪৬টি ফিরে গেছে। বাকি আছে দুটি দল, একটি ম্যাচ।
আজ রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি ল্যাতিন আমেরিকার প্রতিনিধি শিরোপাধারী আর্জেন্টিনা আর ইউরোপের প্রতিনিধি সাবেক চ্যাম্পিয়ন স্পেন। শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে মুখোমুখি হবেন দুই প্রজন্মের দুই কিংবদন্তি লিওনেল মেসি আর লামিন ইয়ামালও।
সব আয়োজন যখন শেষ, তখন বিশ্বকাপ ফাইনালের আকাশে সত্যি সত্যি দুর্যোগের ঘনঘটা। কানাডার দাবানল থেকে উড়ে আসা ধোঁয়া আর বজ্রঝড়, আজকের ফাইনাল নিয়ে কিছুটা হলেও শঙ্কা তৈরি করেছে। তবে আবহাওয়ার সবশেষ পূর্বাভাস বলছে, দুর্যোগ কেটে গেছে এবং আজকের ফাইনাল নির্বিঘ্নেই হতে পারবে।
তীব্র তাপদাহের কারণে গত ১৩ জুলাই কানাডার ওন্টারিওসহ বিভিন্ন প্রদেশে দাবানল ছড়িয়ে পড়ে। এখনো ৮৫০ থেকে ৯৫০টিরও বেশি সক্রিয় দাবানল জ্বলছে, যার একটি বড় অংশই এখনো সম্পূর্ণ অনিয়ন্ত্রিত। দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়া বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিউজার্সির আকাশকেও আচ্ছন্ন করে ফেলে।
চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে নিউজার্সির আকাশ পুরোপুরি ধূসর ধোঁয়ার চাদরে ঢেকে গিয়েছিল এবং এর ফলে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গিয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে পুরো নিউজার্সি এবং পার্শ্ববর্তী নিউইয়র্ক জুড়ে ’এয়ার কোয়ালিটি অ্যালার্ট’ জারি করতে হয়েছিল।
গত বুধ ও বৃহস্পতিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম এলাকা এবং সংলগ্ন নিউইয়র্ক সিটিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স অস্বাস্থ্যকর অবস্থায় পৌঁছায়। গত শুক্রবার নিউইয়র্ক ও নিউজার্সি অঞ্চলের বায়ু সাময়িকভাবে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুতে পরিণত হয়েছিল।
দাবানলের ধোঁয়ার সঙ্গে যুক্ত হয় প্রবল বজ্রঝড়। ফাইনালের ঠিক আগের দিন, মানে শনিবার ঝড়ের কারণে বাতিল করতে হয়েছে স্পেনের চূড়ান্ত অনুশীলন। আউটডোর প্রটোকল অনুযায়ী ৮ মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হওয়ায় মাঠের অনুশীলন বাতিল করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন খেলোয়াড়দের ইনডোরে ওয়ার্ম-আপের ব্যবস্থা করে। অন্যদিকে, আর্জেন্টিনা দলের অনুশীলন বাতিল না হলেও নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর ভেজা মাঠে মেসিরা তাদের অনুশীলন সেরেছিলেন।
তবে শনিবারের এই ঝড়কেই এখন বিবেচনা করা হচ্ছে আশীর্বাদ হিসেবে। দুই দলের অনুশীলনে বিঘ্ন ঘটালেও এই ঝড় উড়িয়ে নিয়ে গেছে নিউজার্সির আকাশের ঘন ধোঁয়া। ফলে নিউজার্সির বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘সহনীয়’ পর্যায়ে উন্নীত হয়েছে। ফাইনালের সময় আকাশে সামান্য বা হালকা ধোঁয়াটে ভাব থাকতে পারে।
সিনিয়র আবহাওয়াবিদ টাইলার রয়েস জানিয়েছেন, ‘কিছুটা অবশিষ্ট ধোঁয়া থাকতে পারে, যা চারপাশকে কিছুটা কুয়াশাচ্ছন্ন বা ঝাপসা করে তুলতে পারে, তবে তা খুবই সামান্য হবে। যে ঘন ধোঁয়াটি আসলে চোখে পড়ার মতো ছিল এবং বায়ুর মান খারাপ করে তুলছিল, সেটি নিউইয়র্ক সিটি বা উত্তর-পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় আর আশা করা হচ্ছে না।’
ঝড়ের সময় মেটলাইফ স্টেডিয়ামেও ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে ফিফা পরিষ্কারভাবে জানিয়েছে, তারা এই পরিস্থিতির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজকের ফাইনালের সময় তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে থাকবে হালকা বাতাস, আর্দ্রতাও থাকবে কম।
সবার আশা শঙ্কার সব মেঘ উড়ে যাবে। জমজমাট ফাইনালেই শেষ হবে এবারের বিশ্বকাপ।







