• ই-পেপার

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল আ. লীগ নেতার বাড়ি, লুটপাটের পর আগুন

বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবি, নিখোঁজ ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
বুড়িগঙ্গা নদীতে ট্রলারডুবি, নিখোঁজ ২
সংগৃহীত ছবি

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এমভি সুন্দরবন-১২ নামের একটি লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। ট্রলারে থাকা দশজনের আটজনকে উদ্ধার করা হলেও এখনো দুজন নিখোঁজ রয়েছেন।

রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান, বরিশাল থেকে ছেড়ে আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে কুমিল্লাগামী একটি ট্রলারের সংঘর্ষ ঘটলে ট্রলারটি ডুবে যায়।

তিনি জানান, ট্রলারটি একদম নতুন। এতে ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আটজন নিরাপদে উদ্ধার হলেও দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস জানায়, ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

টঙ্গীতে কাউন্সিলর প্রার্থীর স্ত্রী গাঁজাসহ গ্রেপ্তার, স্বামী পলাতক

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে কাউন্সিলর প্রার্থীর স্ত্রী গাঁজাসহ গ্রেপ্তার, স্বামী পলাতক
ছবি: কালের কণ্ঠ

গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল খালেকের স্ত্রী মাকসুদা আক্তার টুনিকে (৪০) ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্বামী আব্দুল খালেকের বিরুদ্ধেও মাদক ও চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি বর্তমানে পলাতক।

রবিবার (১৯ জুলাই) গ্রেপ্তার মাকসুদা আক্তার টুনিকে আদালতে পাঠিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

গ্রেপ্তার মাকসুদা টঙ্গীর আমতলী কেরানীরটেক এলাকার আব্দুল খালেকের স্ত্রী।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী কেরানীরটেক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২৫০ গ্রাম গাঁজাসহ মাকসুদা আক্তার টুনিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ আরও জানায়, মাকসুদার স্বামী আব্দুল খালেকের বিরুদ্ধেও মাদক মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনি কেরানীরটেক আমতলী এলাকার মাদক কারবারের সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল খালেক নিজেকে গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। বর্তমানে তিনি প্রচারণাও চালাচ্ছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে আব্দুল খালেকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপেও তাকে সক্রিয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, মামলার কারণে তিনি পলাতক রয়েছেন।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন বলেন, আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। তার স্বামীও মাদক মামলার আসামি।

পেয়ারাবাগান দেখতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
পেয়ারাবাগান দেখতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু
সংগৃহীত ছবি

পেয়ারাবাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে মুহিন সরদার (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বরিশালের স্বরূপকাঠী উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি-কটুরাকাঠি খালে এ দুর্ঘটনা ঘটে। 

মুহিন বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ও গুঠিয়া গ্রামের সৌদি প্রবাসী মনির সরদারের ছোট ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধুরা জানান, শনিবার বন্ধুদের সঙ্গে পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার পর্যটন এলাকা আটঘর-কুড়িয়ানার পেয়ারা বাগানে ঘুরতে যান মুহিন। বিকেলে তারা ভাড়া করা ট্রলারে ঘুরছিলেন। চলন্ত ট্রলারটির সামনের অংশে বসে ছিলেন মুহিন। ট্রলারটি আদমকাঠি থেকে কটুরাকাঠি খাল অতিক্রম করার সময় মুহিন হঠাৎ ভারসাম্য হারিয়ে গভীর পানিতে পড়ে যান। তিনি পানিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রলার থামিয়ে তার বন্ধুরা ও স্থানীয়রা উদ্ধারের জন্য পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানান, পেয়ারাবাগানে ঘুরতে এসে অসাবধানতাবশত ট্রলার থেকে পানিতে পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া রাতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিশ্বকাপ ফাইনাল

গোপালগঞ্জে গরুতে হবে আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজ

গোপালগঞ্জ ও কোটালীপাড়া প্রতিনিধি
গোপালগঞ্জে গরুতে হবে আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজ
ছবি: কালের কণ্ঠ

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে ঘিরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ফাইনাল উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। এর মধ্যে কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে বড় আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।

রবিবার (১৯ জুলাই) পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে এ ভূরিভোজের আয়োজন করা হয়। সকাল থেকেই গ্রামের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা সেখানে জড়ো হয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নেও আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ক্লাব ও সংগঠনের উদ্যোগে বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অনেক পরিবারও নিজেদের বাড়িতে বিশেষ খাবারের আয়োজন করেছে।

পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থক বরকতউল্লাহ বলেন, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আমরা প্রথমবারের মতো ভূরিভোজের আয়োজন করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবারও ফাইনাল উপলক্ষে এক লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। শুধু আর্জেন্টিনার সমর্থকদের জন্য নয়, এতিম ও অসহায় মানুষদের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা যুবদলের সদস্যসচিব ও আর্জেন্টিনা সমর্থক মান্নান শেখ বলেন, কান্দি ইউনিয়নে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি সেখানে আগত দর্শকদেরও আপ্যায়ন করা হবে।