জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন ব্যবস্থাকে আরো আধুনিক, সহজ ও শিক্ষার্থীবান্ধব করতে লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার (iTracker)’ চালু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। ‘স্মার্ট পরিবহন, স্মার্ট ক্যাম্পাস’ স্লোগানে চালু হওয়া এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মোবাইল অ্যাপের মাধ্যমে ক্যাম্পাসে চলাচলকারী বাসগুলোর রিয়েল-টাইম অবস্থান জানতে পারবেন। ফলে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা, অবস্থান নিয়ে অনিশ্চয়তা এবং যাতায়াতে ভোগান্তি অনেকাংশে কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে দুপুর ২ টায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ট্র্যাকিং সিস্টেম বাস্তবায়নে সহযোগিতার জন্য ইফাদ গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রযুক্তির সঠিক ব্যবহার মানুষের জীবনকে সহজ, নিরাপদ ও কার্যকর করে।’
তিনি বলেন, ‘লাইভ ট্র্যাকিং সিস্টেম চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বাসের রিয়েল-টাইম অবস্থান জানতে পারবেন। এতে যাতায়াতে সময় সাশ্রয় হবে, ভোগান্তি কমবে এবং পরিবহনসেবা আরো কার্যকর হবে। পাশাপাশি বাসের চলাচলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি জরুরি পরিস্থিতিতেও দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে।
উপাচার্য আরো বলেন, ‘এই উদ্যোগের সফলতা নির্ভর করবে এর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কার্যকর বাস্তবায়নের ওপর। তিনি সেবাটির ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।’
অনুষ্ঠানে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, ‘দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ছিল না। জাকসু দায়িত্ব গ্রহণের পর থেকেই পরিবহন খাতকে আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ইলেকট্রিক কার্ট ও অটোরিকশা চালুর পর এবার লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম চালু করা হয়েছে।’
তিনি বলেন, ‘এই সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোনে বাসের রিয়েল-টাইম অবস্থান ও নির্দিষ্ট স্থানে পৌঁছাতে সম্ভাব্য সময় জানতে পারবেন। এতে যাতায়াত আরো সহজ ও সময়সাশ্রয়ী হবে। পাশাপাশি সেবাটি ভবিষ্যতেও কার্যকর রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, জাকসুর নেতৃবৃন্দ, ইফাদ গ্রুপের প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী।




