• ই-পেপার

বাংলাদেশকে লড়াকু লক্ষ্য দিল জিম্বাবুয়ে

মেসির সরল স্বীকারোক্তি, ‘স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে’

ক্রীড়া ডেস্ক
মেসির সরল স্বীকারোক্তি, ‘স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে’
ফাইনালে স্পেনের কাছে হেরে এভাবেই কাঁদতে থাকেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ছবি: ফিফা

যোগ করা সময় বিবেচনা করলে বিশ্বকাপ ফাইনাল হয়েছে ১৩০ মিনিটের মতো। এই দীর্ঘ সময়েও আর্জেন্টিনা লক্ষ্যে কোনো শট নিতে পারেনি। ভাবা যায়?

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন মাত্র এক গোলের ব্যবধানে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলেও বাস্তবে আর্জেন্টিনাকে যেন দুঃস্বপ্ন তাড়া করে বেরিয়েছে। লিওনেল মেসিকেও কাল রাতে চেনা ছন্দে খুঁজে পাওয়া যায়নি।

নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে সোনালি ট্রফিটা হাতছাড়া করার পর মেসির দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়েছে। সেই জল মুছতে মুছতেই আর্জেন্টিনার অধিনায়ক স্বীকার করলেন, ফাইনালে স্পেনই ছিল ভালো দল এবং শিরোপার যোগ্য দাবিদার।

ফাইনাল শেষে মেসি বলেন, ‘স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে। তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল এবং জয় পাওয়ার যোগ্য ছিল। হারটা খুব কষ্টের। কারণ আমরা শিরোপা ধরে রাখতে চেয়েছিলাম।’

৩৯ বছর বয়সী মহাতারকা আরো বলেন, ‘এই মুহূর্ত (ফাইনালে হার) মেনে নেওয়া কঠিন। তবে আমি আমার সতীর্থদের নিয়ে গর্বিত। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি এবং পুরো টুর্নামেন্টে নিজেদের সবকিছু উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি।’

গোলটি ৪ কোটি ৭০ লাখ স্প্যানিশের : তোরেস

ক্রীড়া ডেস্ক
গোলটি ৪ কোটি ৭০ লাখ স্প্যানিশের : তোরেস
ফেরান তোরেসের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন বিশ্বকাপের থিম সংয়ের গায়িকা শাকিরা। ছবি : ফিফা

পুরো ম্যাচেই আধিপত্য দেখাচ্ছিল স্পেন। তবে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা প্রয়োজন সেই ‘সোনার হরিণ’ খ্যাত গোলটা পাচ্ছিল না তারা। 

অতিরিক্ত সময়ে সেই ডেডলক ভাঙলেন বদলি নামা ফেরান তোরেস। ১০৬ মিনিটে জয়সূচক গোলটি করে মেটলাইফ স্টেডিয়ামকে আনন্দে ভাসান ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। তার সেই গোলেই পরে ১-০ ব্যবধানে জিতে ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।

স্পেনকে স্মরণীয় দিন এনে দিতে দারুণ খুশি তোরেস। তাই ম্যাচ শেষে জানান, গোলটি ৪ কোটি ৭০ লাখ মানুষের। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ফিফাকে বলেছেন, ‘গোলটি শুধু আমার কিংবা স্কোয়াডে থাকা ২৬ ফুটবলারের নয়, ৪ কোটি ৭০ লাখ স্প্যানিশের। আমি বিশ্বাস করি, আজকের ফলের ভাগ্যে আগেই লেখা হয়েছিল। আমাদের জয়ের জন্য। আর সেরাটা দিয়ে আমরা সেটাই করেছি।’

প্রতিপক্ষ হিসেবে লিওনেল মেসি থাকায় ফাইনালটা কঠিন হলেও নিজেদের ব্র্যান্ডিং ফুটবল আরেকবার দেখিয়েছেন বলে জানান তোরেস। বার্সেলোনার স্ট্রাইকার বলেছেন, ‘সব ফাইনালই কঠিন। প্রতিপক্ষ দলে মেসি থাকলে নার্ভাসনেস কাজ করাটাই স্বাভাবিক। তবে নিজেদের ব্র্যান্ডিং ফুটবল খেলে আজ আরেকবার বিশ্বকে দেখিয়ে দিলাম।’

বিশ্বকাপ জিতে কত টাকা পেল স্পেন

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ জিতে কত টাকা পেল স্পেন
নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ছবি: আরএফইএফ

মাত্র এক গোলের ব্যবধানে বিশ্বকাপ জয়। কিন্তু বাস্তবে গত রাতে আর্জেন্টিনাকে ‘ফুটবল শিখিয়ে’ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। 

যে লিওনেল মেসি-ম্যাক অ্যালিস্টার-এনজো ফার্নান্দেজরা এবারের আসরের নকআউট পর্বজুড়ে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন, সেই তাদেরই কাল বোতলবন্দী করে রেখেছিলেন রদ্রি-কুকুরেয়া-কুবারসিরা। 

আর অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন। এরপর নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে সোনালি ট্রফিটা বুঝে নিলেন স্প্যানিশ অধিনায়ক রদ্রি। 

যদি ভেবে থাকেন লড়াইটা ছিল শুধু ৬.১৭ কেজি ওজনের ওই ট্রফির জন্য, তাহলে আপনি ভুল। ১৮ ক্যারেট সোনার ট্রফি তো আছেই, সঙ্গে বিপুল পরিমাণ অর্থযোগও হয়েছে স্পেনের।

নতুন বিশ্ব চ্যাম্পিয়নরা পেয়েছে রেকর্ড ৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি চেক; যা বাংলাদেশি মুদ্রায় ৬১৬ কোটি ২৫ লাখ টাকার সমান। ২০১০ সালে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। সেবার তারা পেয়েছিল ৩০ মিলিয়ন ডলার। 

২০২২ সালে এর আগের বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার (প্রায় ৪৪০ কোটি টাকা)। এবার রানার্স আপ হয়ে মেসির দল পেয়েছে ৩৩ মিলিয়ন ডলার (৪০৬ কোটি ৭২ লাখ টাকা)। 

পরশু রাতে ১০ গোলের থ্রিলারে ফ্রান্সকে ৬-৪ ব্যবধানে হারিয়ে তৃতীয় হয়েছে ইংল্যান্ড। ইংলিশরা পেয়েছে ৩৩ মিলিয়ন ডলার (৩৫৫ কোটি টাকা)। চতুর্থ হয়ে ফরাসিদের অর্থযোগ হয়েছে ২৭ মিলিয়ন ডলার (৩৩৩ কোটি টাকা)। 

৪৮ দলের এই বিশ্বকাপের বাকি ৪৪ দলও খালি হাতে ফেরেনি। কোয়ার্টার ফাইনালে ওঠা প্রতিটি দল ১৯ মিলিয়ন ডলার (২৩৪ কোটি টাকা), শেষ ষোলোর প্রতি দল ১৫ মিলিয়ন (১৮৪ কোটি), শেষ বত্রিশের দলগুলো ১১ মিলিয়ন (১৩৫ কোটি) করে, এমনকি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দলও ৯ মিলিয়ন (১১০ কোটি) করে অর্থপুরস্কার পেয়েছে। 

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন
বিশ্বকাপ হাতছাড়া হয়ে গেল আর্জেন্টিনার। ছবি: ফিফা

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন—১৮ ডিসেম্বর ২০২২ তারিখে কাতারের লুসাইলে লিওনেল মেসি সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরার পর গর্বে ভরা যে তকমা লেগে ছিল আর্জেন্টিনার সঙ্গে, নিউ জার্সিতে আজ থেকে সেটি উধাও!

রেফারি শেষ বাঁশি বাজানোর পর মেসির দুই পা ছেড়ে দিয়ে মাঠে বসে পড়া এবং এরপর কয়েক ফোঁটা চোখের জল ফেলাই যেন জানান দিচ্ছিল আর্জেন্টিনা এখন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন।

শুধু সাবেক নয়; স্পেনের কাছে এবারের ফাইনাল হেরে শিরোপা ধরে রাখতে না পারায় আর্জেন্টিনাই এখন ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন।

১৮ ডিসেম্বর ২০২২ থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত সময়টা হিসাব করলে দাঁড়ায় ১৩০৯ দিন। 

সাধারণত একটি দল ফিফা বিশ্বকাপ জিতলে প্রায় ৪ বছর বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা ধরে রাখা নিশ্চিত হয়। কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে এবার সেটি হয়েছে ৩ বছর ৭ মাস। 

কারণ, বিশ্বকাপের আয়োজন জুন-জুলাইয়ে হয়ে থাকলেও মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ২০২২ বিশ্বকাপ হয়েছিল শীতকালে; নভেম্বর-ডিসেম্বর মাসে। তবে ২০২৬ বিশ্বকাপ আবার আগের নিয়ম মেনে জুন-জুলাইয়ে হওয়ায় এত কম সময় নিজেদের তৃতীয় বিশ্বকাপ ধরে রাখতে পারল আর্জেন্টিনা। 

সবচেয়ে বেশি সময় বিশ্বকাপ শিরোপা ধরে রাখার রেকর্ডটা ইতালির। ১৯৩৪ ও ১৯৩৮ সালে টানা দুবার বিশ্বকাপ জেতে ইতালি। 

এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দীর্ঘ ১২ বছর পর আবার বিশ্বকাপ চালু হয় ১৯৫০ সাল থেকে। সেইবার চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। 

১৯৩৪ সালের ১০ জুন ইতালি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ১৯৫০ বিশ্বকাপ শিরোপা নিষ্পত্তির ম্যাচের (১৬ জুলাই) আগ পর্যন্ত এই ১৬ বছরে ৫৮৮০ দিন বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখে তারা।