জামালপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আনোয়ার হোসেন আকাশ (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (১৯ জুলাই) সকালে পৌর শহরের বেলটিয়া এলাকায় মারধরের শিকার হওয়ার পর সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আকাশ জামালপুর শহরের জিগাতলা মুন্সীবাড়ি এলাকার মমিন মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ‘অর্থ লেনদেন-সংক্রান্ত বিরোধ সমঝোতার উদ্দেশ্যে রবিবার সকালে আকাশ ও তার ভাই জামালপুর পৌর শহরের বেলটিয়া এলাকায় সোমা নামে এক নারীর বাড়িতে যান। সেখানে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তের পরিবারের সদস্যরা আকাশকে বেধড়ক মারধর করেন। পরে আহত অবস্থায় তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।’
নিহতের বাবা মমিন মিয়া অভিযোগ করে বলেন, ‘আমরা তাদের কাছে টাকা পাই। সেই টাকা পরিশোধ না করে উল্টো আমার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
আকাশের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত সোমা ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ গেছে। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’




