• ই-পেপার

পাওনা টাকা নিয়ে বিরোধ, জামালপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

বিএনপি আমলে মেধার জোরে চাকরি হবে : এমপি চাঁদ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বিএনপি আমলে মেধার জোরে চাকরি হবে : এমপি চাঁদ
ছবি : কালের কণ্ঠ

বিএনপি সরকারের আমলে চাকরির জন্য কোনো টাকা-পয়সা খরচ করতে হবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। তিনি বলেন, চাকরি হবে মেধার জোরে।

সোমবার (২০ জুলাই) সকালে রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির কোর্স সমাপনী উৎসবে এ কথা বলেন তিনি। 

এমপি চাঁদ বলেন, বেকারত্ব একটি অভিশাপ। ভালোভাবে লেখাপড়া করে বেকারত্ব দূর করতে হবে। 

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম। পরে ছাত্র-জনতার আন্দোলন থামাতে হুকুম দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারা হয়েছে। তাতেও তার শেষ রক্ষা হয়নি। তাকেসহ তার দলের অধিকাংশ নেতাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী দল শেখ হাসিনার পা ধরে সালাম করে মাত্র তিনটা সিট পেয়েছিল। আর বিএনপি দেশের মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করে এখনো টিকে আছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্যসচিব আশরাফ আলী মলিন, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান সুরুজ, আমজাদ খান, যুবদল নেতা সালেহ আহমদ সালাম, শফিকুল ইসলাম শফিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ভেন্টিলেটর দিয়ে ঘরে প্রবেশ, পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ভেন্টিলেটর দিয়ে ঘরে প্রবেশ, পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি
ছবি : কালের কণ্ঠ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া নতুনচর এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভেন্টিলেটর দিয়ে ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দক্ষিণ ভূতেরদিয়া নতুনচর এলাকার সুমন হাওলাদারের নির্মাণাধীন বাড়ির ভেন্টিলেটরের ফাঁক দিয়ে কয়েকজন ডাকাত ঘরে প্রবেশ করে। পরে তারা সুমন হাওলাদার, তার স্ত্রী রুমা আক্তার এবং আট বছর বয়সী কন্যা সামিয়া আক্তারকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।

রুমা আক্তার জানান, তার স্বামী চাকরির কারণে ঢাকায় থাকেন। তিনি মেয়েকে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। গভীর রাতে মেয়েকে নিয়ে বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলে ঘরের ভেতরে ডাকাতদের দেখতে পান। চিৎকার করার চেষ্টা করলে এক ডাকাত তার গলায় ধারালো ছুরি ধরে এবং শিশুকন্যাকে হত্যার হুমকি দেয়। পরে ডাকাতরা সিন্দুকের চাবি ছিনিয়ে নিয়ে সেখানে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায়। তবে লুট হওয়া মালামালের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক চৌকিদার বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়েছে। কার্যকর পুলিশি টহল ও নজরদারির অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

স্থানীয় সমাজসেবক সরোয়ার শরীফ ও আব্দুল হাকিমের মতে, এলাকায় মাদক কারবার ও অপরাধ প্রবণতার মধ্যে সম্পর্ক রয়েছে। চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধও অনেকাংশে কমে আসবে।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘ডাকাতির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি
ছবি: কালের কণ্ঠ

টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে কুড়িগ্রামের সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় পাউবোর তথ্যমতে, গত ১২ ঘণ্টায় ধরলা নদীর পানি কুড়িগ্রাম পয়েন্টে ১৩ সেন্টিমিটার এবং তালুকশিমুলবাড়ী পয়েন্টে ১১ সেন্টিমিটার বে‌ড়ে‌ছে।

একই সময়ে দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া প‌য়ে‌ন্টে সাত সেন্টিমিটার, হাতিয়া প‌য়ে‌ন্টে ১১ সেন্টিমিটার এবং চিলমারী প‌য়ে‌ন্টে চার সেন্টিমিটার পানি বেড়েছে।

অন্যদিকে তিস্তা নদীর কাউনিয়া প‌য়ে‌ন্টে গত ১২ ঘণ্টায় পানি আট সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

পাউবো জানায়, ধরলা নদীর পানি কুড়িগ্রাম প‌য়ে‌ন্টে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার, তালুকশিমুলবাড়ী প‌য়ে‌ন্টে ৫৭ সেন্টিমিটার এবং দুধকুমার নদের পানি পাটেশ্বরী প‌য়ে‌ন্টে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া প‌য়ে‌ন্টে পানি বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার, হাতিয়া প‌য়ে‌ন্টে ৪৯ সেন্টিমিটার এবং চিলমারী প‌য়ে‌ন্টে ৪৪ সেন্টিমিটার নিচে রয়েছে। তিস্তা নদীর কাউনিয়া প‌য়ে‌ন্টে পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে একই সময়ে ধরলা অববাহিকায় ৩৮ দশমিক ৮ মিলিমিটার, দুধকুমার অববাহিকায় ৫০ মিলিমিটার এবং ব্রহ্মপুত্রের চিলমারী এলাকায় ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান ব‌লেন, জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পা‌চ্ছে। নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হ‌তে পা‌রে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

সাপে কাটা বৃদ্ধের মৃত্যু ঘিরে ‘আর্জেন্টিনার খেলা’ গুজব

নিজস্ব প্রতিবেদক, রংপুর
সাপে কাটা বৃদ্ধের মৃত্যু ঘিরে ‘আর্জেন্টিনার খেলা’ গুজব
ছবি: কালের কণ্ঠ

রংপুরের মিঠাপুকুর উপজেলার এক বৃদ্ধের সাপের কামড়ে মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিভ্রান্তিকর তথ্য নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন পোস্টে দাবি করা হয়, সাপের কামড় খাওয়ার পরও চিকিৎসা না নিয়ে তিনি আর্জেন্টিনার ফুটবল খেলা দেখতে থাকেন এবং পরে মারা যান। তবে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, এমন দাবির কোনো ভিত্তি নেই। বরং সাপের কামড়ের পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত হাবিবুর রহমান (৬৫) রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের সেচ পাম্প দেখতে যান হাবিবুর রহমান। সেচ ঘর থেকে বাড়ি ফেরার পথে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১০টার দিকে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সোমবার (২০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান।

এদিকে তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, সাপের কামড়ের পরও চিকিৎসা না নিয়ে তিনি আর্জেন্টিনার ফুটবল খেলা দেখতে ব্যস্ত ছিলেন। সেই কারণে তার মৃত্যু হয়েছে। তবে অনুসন্ধানে এ তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।

আব্দুল্লাহপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন বাদল বলেন, হাবিবুর রহমানকে সাপের কামড়ের পরপরই হাসপাতালে নেওয়া হয়। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে মারা গেছেন—এমন কথা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি তখন হাসপাতালে ভর্তি ছিলেন। 

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে পরিবারের সদস্যরা কোনো সময়ই চিকিৎসা নিতে অবহেলা করেননি। বরং দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বিষক্রিয়ার তীব্রতায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মিঠাপুকুর থানার একটি সূত্র জানিয়েছে, সাপের কামড়ে মৃত্যুর ঘটনাটি স্বাভাবিকভাবেই নথিভুক্ত হয়েছে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল বলছেন, কোনো দুর্ঘটনা বা মৃত্যুর ঘটনা নিয়ে যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচার করলে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং মৃত ব্যক্তির পরিবারও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এমন সংবেদনশীল বিষয়ে দায়িত্বশীল আচরণ করা জরুরি।

তারা আরো বলেন, বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যায়। এ সময় সাপে কামড়ের ঘটনা ঘটলে কোনো ধরনের কুসংস্কার বা গুজবে কান না দিয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে চিকিৎসা নেওয়াই জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায়। 

চিকিৎসকদের মতে, সাপে কামড়ের পর যত দ্রুত রোগীকে উপযুক্ত চিকিৎসার আওতায় আনা যায়, বেঁচে থাকার সম্ভাবনাও তত বেশি থাকে।