• ই-পেপার

আবেগঘন ফেসবুক পোস্টে ব্রাহ্মণপাড়াকে বিদায় জানালেন ইউএনও মাহমুদা

জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে তানজিল মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের স্বাধীনাবাড়ী হুদুরমোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কামরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তানজিল স্বাধীনাবাড়ী গ্রামের করাতকল শ্রমিক শামীম মিয়ার ছেলে। সোমবার দুপুরে বাড়ির পাশে হুদুরমোড় এলাকায় একটি দোকানে বিস্কুট কিনতে যায় সে। পরে বাড়ি ফেরার পথে সড়কের ভাঙা অংশের গর্তে পড়ে পাশের পুকুরের পানিতে ডুবে যায়।

এ সময় তার সঙ্গে থাকা অন্য শিশুরা দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পুকুর থেকে তানজিলের মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কামরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, বাড়ি ফেরার পথে রাস্তার ভাঙা গর্তে পড়ে শিশুটি পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

৯৯৯-এ ফোন পেয়ে হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
৯৯৯-এ ফোন পেয়ে হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলসংলগ্ন হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় লোকজন।

সোমবার (২০ জুলাই) বিকেলে যৌথ উদ্ধার অভিযানে তাদের নিরাপদে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

পুলিশ জানায়, সোমবার সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। জলপ্রপাতে যাওয়ার পথে দলের এক সদস্য পিছলে পড়ে হাতে আঘাত পান। দুর্গম পাহাড়ি পথ এবং আহত সহযাত্রীকে নিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিকেল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পারে। পরে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।

প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের অভিযানের পর বিকেল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর আহত পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া উদ্ধার হওয়া অন্য ৯ জন পর্যটক সুস্থ রয়েছেন।

নারায়ণগঞ্জ

কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী এলাকায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা, শাপলা চত্বর সংলগ্ন সিটি গলিতে হাজী মোহাম্মদ নুরুল আমিনের পাঁচতলা ভবনের পঞ্চম তলা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত ১২ জুলাই রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। গ্রেপ্তার আলী আজগর (৪৫) একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ঘটনার রাতে ভুক্তভোগী টিভি দেখার উদ্দেশ্যে অভিযুক্তের বাসায় গেলে তার স্ত্রী বাসার বাইরে থাকার সুযোগে আলী আজগর এই ঘটনা ঘটানোর চেষ্টা করেন। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও পরিবারের বক্তব্য শুনে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

শিশু আয়নী হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শিশু আয়নী হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
সংগৃহীত ছবি

চট্টগ্রামে চাঞ্চল্যকর শিশু আবিদা সুলতানা আয়নী ধর্ষণ ও হত্যা মামলার রায়ে একমাত্র আসামি রুবেলের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ জুলাই) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ বিচারক সাইফুর রহমানের আদালত এই রায় ঘোষণা করেন।

বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ। তিনি বলেন, ‘রায়ে দণ্ডবিধির ৩০২ ধারায় রুবেলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ৯(৪)(খ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।’

জানা গেছে, ২১ মার্চ ২০২৩ সন্ধ্যায় আরবি পড়তে বের হয়ে ঘরে ফেরেনি আয়নী। বিড়ালছানার লোভ দেখিয়ে আয়নীকে পাশবিক নির্যাতন ও বালিশ চাপা দিয়ে মেরে বস্তাবন্দি করে ময়লার স্তূপে চাপা দিয়ে রাখা হয়েছিল। শিশু আয়নী হত্যার ঘটনায় পাহাড়তলী থানার তৎকালীন পুলিশ ভুক্তভোগী পরিবারকে যথাযথ সহায়তা করেনি। শিশুটির মা অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদের মাধ্যমে আদালতের দ্বারস্থ হলে হত্যার আট দিন পর পচেগলে যাওয়া শিশুটিকে উদ্ধার করে পিবিআই।

অ্যাডভোকেট মুরাদ বলেন, ‘সিসিটিভি ফুটেজ, ডিএনএ রিপোর্ট ও ২৪ জন সাক্ষীর অকাট্য প্রমাণে আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। মামলার রায়ে পরিবার এবং আমরা সন্তুষ্ট।’

২০২৩ সালের ২৯ মার্চ ভোর রাতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার আব্দুর কাজীর দিঘীরপাড়া এলাকার ডোবা থেকে শিশু আয়নীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ২১ মার্চ থেকে আয়নী নিখোঁজ ছিল। বিড়ালছানার প্রতি ছিল শিশু আয়নীর প্রচণ্ড লোভ। কেউ বিড়ালছানা দেবে বলে ডাকলেই ছুটে যেত চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিশুটি। এ সুযোগই কাজে লাগান ওই এলাকার সবজি বিক্রেতা মো. রুবেল (৩৫)।

গত ২১ মার্চ বিড়ালছানা দেওয়ার কথা বলে কৌশলে আয়নীকে ডেকে এক আত্মীয়ের বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন রুবেল। তারপর ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে গলা টিপে আয়নীকে হত্যা করে তার মরদেহ একটি ডোবায় ফেলে দেন।