সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে হযরত আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত হযরত আলী উপজেলার ৯ নম্বর নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ী বাঘগাড়ি পাড়ার নুর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল আনুমানিক ৬টার দিকে বাড়ির পাশের বন্যার পানিতে চায়না জাল দিয়ে মাছ ধরতে যান হযরত আলী। কিছুক্ষণ পর জাল তুলতে গিয়ে তিনি জালের মধ্যে একটি সাপ দেখতে পান। জাল থেকে সাপটি ছাড়ানোর সময় অসাবধানতাবশত সেটি তাকে কামড় দেয়।
প্রতিবেশী আব্দুস সালাম জানান, সাপটিকে বিষহীন সাপ মনে করে প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি হযরত আলী। পরে ব্যথা শুরু হলে তিনি স্থানীয় এক ওঝার কাছে যান। অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে যমুনা নদী পাড়ি দিয়ে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর আড়াইটার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল বলেন, ‘রোগীকে সাপ কামড়ানোর প্রায় ছয় ঘণ্টা পর হাসপাতালে আনা হয়। ততক্ষণে বিষক্রিয়া সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। আমরা অ্যান্টিভেনম দিয়েছি। পরে স্বজনদের অনুরোধে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে রেফার করা হয়।’
তিনি আরো বলেন, ‘সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে এলে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।’





