• ই-পেপার

ফুটবলারদের ধন্যবাদ জানিয়ে এএফএর আবেগঘন বার্তা

আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
বিশ্বকাপ ট্রফি হাতে চ্যাম্পিয়ন স্পেনের উদযাপন। ছবি : রয়টার্স

বিশ্বকাপ ফাইনাল হারের শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনা। তার আগে আরেক ধাক্কা খেল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের ট্রফি হারার পর স্পেনের কাছে এবার র‌্যাংকিংয়ের সিংহাসনও হারাল আলবিসেলেস্তারা।

আর্জেন্টিনাকে পেছনে ফেলে এখন র‌্যাংকিংয়ের রাজা বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়নদের পয়েন্ট এখন ১৯৯৫.৮৮। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট বেড়েছে ৩০.২৭। বিপরীতে একধাপ অবনমন হওয়া আর্জেন্টিনার কোনো পয়েন্ট বাড়ে বা কমেনি। তাদের পয়েন্ট আগের মতোই ১৯৭০.৩৭। 

যথারীতি তিন এবং চারে আছে বিশ্বকাপের বাকি দুই সেমিফাইনালিস্ট ফ্রান্স-ইংল্যান্ড। ১৯৪৮.৯৭ পয়েন্টে তিনে থাকা ফ্রান্সের বিপরীতে ইংল্যান্ডের পয়েন্ট ১৯২২.৮৩। ফ্রান্সের না বাড়লেও ইংল্যান্ডের বৃদ্ধি পেয়েছে ৩৩.৪১।

 

অন্যদিকে পর্তুগাল ২ ধাপ অবনমিত হওয়ায় এক ধাপ করে উন্নীতি হয়েছে ব্রাজিল-মরক্কোর। পাঁচে থাকা সেলেসাওদের পয়েন্ট ১৮০৪.৯২। অন্যদিকে নিজেদের ইতিহাসে প্রথমবার শীর্ষ ৬ নম্বরে জায়গা পেয়েছে মরক্কো। তাদের পয়েন্ট ১৮০৩.৯৯। সাতে থাকা পর্তুগালের পয়েন্ট ১৭৮৭.৮৫।

বেলজিয়ামকে আটে জায়গা দিতে ৯ নম্বরে নেমেছে নেদারল্যান্ডস। ডাচদের ১৭৭৫.৫৪ পয়েন্টের বিপরীতে বেলজিয়ামের পয়েন্ট ১৭৭৮.৩৬। অন্যদিকে ৪ ধাপ এগিয়ে শীর্ষ ১০ নম্বরে মেক্সিকো। তাদের পয়েন্ট ১৭৫৪.৩০।

ফিফার সর্বশেষ র‌্যাংকিং হালনাগাদে সবচেয়ে বড় অবনমন হয়েছে তিউনিশিয়ার। ১২ ধাপ পিছিয়ে তারা এখন ৫৭ নম্বরে। তাদের পয়েন্ট ১৪২৬.৫৮। অন্যদিকে বাংলাদেশ আগের মতোই ১৮১ নম্বরে আছে। পয়েন্ট ৯০২.৯৩।

ক্ষতটা গভীর, শুকাতে সময় লাগবে : খোলা চিঠিতে মেসি

ক্রীড়া ডেস্ক
ক্ষতটা গভীর, শুকাতে সময় লাগবে : খোলা চিঠিতে মেসি
ফাইনালের শেষ বাঁশি বাজার পর হতাশায় মাঠে বসে আছেন মেসি। ছবি : রয়টার্স

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা হয়নি তাদের। পুরো বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা লিওনেল মেসির হৃদয় তাই পুড়ছে। 

ক্ষতাটা এতটাই গভীরে তা শুকাতে সময় লাগবে বলে এক খোলা চিঠিতে এমনটিই জানিয়েছেন মেসি। ২০২৬ বিশ্বকাপের মেডেল পরিহত এক ছবি দিয়ে ম্যাচ হারার পর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আর্জেন্টিনার অধিনায়ক লিখেছেন, ‘কষ্টটা অনেক গভীর, এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে সব ভালো অভিজ্ঞতাগুলো আঁকড়ে ধরে রাখতে চাই। যেসব ম্যাচে আমরা নিজেদের সর্বস্ব নিংড়ে দিয়ে ঘুরে দাঁড়িয়েছি সেসব মুহূর্ত চিরকাল আমাদের স্মৃতিতে ভাস্বর হয়ে থাকবে।’

 

দলকে সমর্থন দিয়ে আসা আর্জেন্টাইনদের ধন্যবাদ জানিয়ে মেসি লিখেছেন, ‘পুরো দেশের সমর্থন সবসময় মনে রাখব। তাদের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে পরিশ্রম ও চেষ্টায় আরও একবার আর্জেন্টিনাকে বিশ্বের সেরা দলগুলোর কাতারে নিতে পেরেছি আমরা। আজ আমরা কী অর্জন করেছি তা হয়তো অনুধাবন করা কঠিন… তবে এই দলটি সত্যিই টানা দুটি বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে। প্রতিটি শুভেচ্ছা ও বার্তার জন্য হৃদয়ের গভীর থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’

আর্জেন্টিনা আরও একবার ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে পেরেছে বলে জানান মেসি। সঙ্গে স্পেনকে অভিনন্দন জানিয়ে খোলা চিঠি শেষ করেছেন তিনি। ৮ বারের ব্যালন ডি’অর জয়ী লিখেছেন, ‘আরও একবার, দেশ হিসেবে একত্রিত হতে পেরেছি এবং আর্জেন্টাইন হওয়ার অসীম গর্ব ভাগাভাগি করে ঐক্যবদ্ধ হয়েছি। সেই সঙ্গে, বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’

এবারের বিশ্বকাপই মেসির ক্যারিয়ারের শেষ হতে পারে। বয়সটা যে ৩৯ হয়েছে। তবে ক্যারিয়ারের গোধূলিলগ্নেও ছন্দে ছিল না ভাটা। তার প্রমাণ এবারের বিশ্বকাপ। পুরো টুর্নামেন্টে ৮ গোলের পাশাপাশি ৪ টিতে সহায়তা করেছেন। সবমিলিয়ে তার বিশ্বকাপ ক্যারিয়ারে গোল ২১টি। অ্যাসিস্ট ২২। 

বিশ্বকাপ সম্প্রচারে রেকর্ড টি-স্পোর্টসের

ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ সম্প্রচারে রেকর্ড টি-স্পোর্টসের

শেষ হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন। সর্বাধিক ৪৮ দেশ নিয়ে এবার অনুষ্ঠিত হয়েছে রেকর্ড ১০৪টি ম্যাচ।

অনেক জল্পনাকল্পনা কাটিয়ে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করেছে বাংলাদেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টস।
দেশের আরো দুটি টিভি চ্যানেলও বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচার করেছে। কিন্তু টিভি রেটিং পয়েন্টে (টিভিআর) অনেক এগিয়ে টি-স্পোর্টস। তাদের টিভিআর ৫৪ শতাংশ, সময় টিভির ১২ শতাংশ এবং চ্যানেল আইয়ের ৮ শতাংশ।

এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে ভিউয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে টি-স্পোর্টস। সব মিলিয়ে ১.২৮ বিলিয়ন দর্শকের কাছে পৌঁছেছে চ্যানেলটি। এর মধ্যে সর্বাধিক ভিউ হয়েছে ফেসবুকে-১.১ বিলিয়ন। এ ছাড়া টিকটকে ১০.১ মিলিয়ন এবং ইউটিউবে ১৬৮ মিলিয়ন ভিউ পেয়েছে টি-স্পোর্টস।

ক্যান্সারের কাছ হার মেনে বিদায় নিলেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ইংলিশ কিংবদন্তি ফুটবলার

ক্রীড়া ডেস্ক
ক্যান্সারের কাছ হার মেনে বিদায় নিলেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ইংলিশ কিংবদন্তি ফুটবলার
ছবি : রয়টার্স

৭৫ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে মারা গেলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার এবং সাবেক জাতীয় কোচ কেভিন কিগান । সোমবার (২০ জুলাই) পরিবারের পক্ষ থেকে অফিশিয়াল বিবৃতির মাধ্যমে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করে।

এ বছরের শুরুর দিকে ক্যান্সার ধরা পড়েছিল এই কিংবদন্তি ফুটবলারের। পরবর্তীতে তা চতুর্থ স্টেজে পৌঁছায়। শেষ সময়ে তিনি তাঁর স্ত্রী ও কন্যাদের সান্নিধ্যে ছিলেন। ফুটবল বিশ্বে ‘কিং কেভ’ নামে পরিচিত কিগান।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১৯৭২ থেকে ১৯৮২ সালের মধ্যে ৬৩টি ম্যাচ খেলেন এই কিংবদন্তি। এ সময় ২১টি গোল করেন এবং ৩১টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন।

লিভারপুলের হয়ে ৩টি ইংলিশ লিগ টাইটেল, এফএ কাপ এবং ইউরোপিয়ান কাপ জেতেন সাবেক এই ইংলিশ কোচ। লিভারপুলের হয়ে একাধিক শিরোপা জেতার পর তিনি জার্মানিতে হামবুর্গের হয়ে তারকা খ্যাতি লাভ করেন।

জার্মান ক্লাব হামবুর্গের হয়ে খেলার সময় ১৯৭৮ এবং ১৯৭৯ সালে টানা দুইবার ইউরোপের সেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয় করেন তিনি।

পরবর্তীতে কোচ হিসেবে নিউক্যাসল ইউনাইটেডকে রেলিগেশনের হাত থেকে বাঁচিয়ে প্রিমিয়ার লিগে তুলে আনেন। ১৯৯০ দশকের মাঝামাঝি সময়ে লিগ রানার্স-আপও হন তার অধীনে।

১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও ম্যানচেস্টার সিটি ও ফুলহ্যামের মতো ক্লাবেও সফলভাবে ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ইংলিশ কিংবদন্তি।