সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে পৃথক স্থানে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেল এ তথ্য জানান।
নিহতরা হলেন- উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ি বাঘগাড়িপাড়ার নুর হোসেনের ছেলে হযরত আলী (৪৫) ও খাসরাজবাড়ি ইউনিয়নের রাজবাড়ি গ্রামের মৃত আবু সাঈদের স্ত্রী মমতা বেওয়া।
স্থানীয়রা জানান, সোমবার (২০ জুলাই) সকাল ৬টার দিকে হযরত আলী বাড়ির সামনে বন্যার পানিতে অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরতে যান। এসময় জালের ভেতর একটি বিষধর সাপ আটকে যায়। অসাবধানতাবশত জাল থেকে মাছ ছাড়ানোর সময় বিষধর সাপটি তাকে কামড়ে দেয়। প্রথমে হয়রত আলীকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় দুপুর ২টার দিকে হযরত আলী মারা যায়।
অপরদিকে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে নিজবাড়ির গোয়ালঘরে বিদ্যুতের সুইচ দিতে গেলে বিষধর সাপ মমতা বেওয়ার পায়ে কামড় দেয়। এরপর পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে তাকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বগুড়ায় যাওয়ার পথে রাত ১২টার দিকে মমতা বেওয়ার মৃত্যু হয়।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল বলেন, ‘সাপের কামড়ে অসুস্থ রোগীদের অনেকটা দেরিতে হাসপাতালে আনা হয়েছিল। ততক্ষণে বিষক্রিয়া তাদের সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। আমরা এন্টিভেনম দিয়েছিলাম। রোগীর স্বজনরা উন্নত চিকিৎসার জন্যে অন্যত্র নিতে চাইলে আমরা রেফার্ড করেছিলাম।’
তিনি আরো জানান, সাপে কাটলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসায় রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।





