• ই-পেপার

জামায়াত এমপির ভাইরাল ভিডিও

আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন দাবি ‘জিম্মি’ হয়েছিলেন

এমপি নজরুলের ভিডিও নিয়ে জামায়াতের বিবৃতি

অনলাইন ডেস্ক
এমপি নজরুলের ভিডিও নিয়ে জামায়াতের বিবৃতি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতি নজর রাখছে জামায়াতে ইসলামী। এ বিষয়ে আরো খোঁজখবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২১ জুলাই) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘অতি সম্প্রতি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বিবৃতি, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য মিডিয়াতে প্রকাশিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এ বিষয়ে আরো খোঁজখবর নিয়ে এবং প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

উল্লেখ্য, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তার সঙ্গে এক তরুণীকে দেখা গেছে। যদিও পরে এমপি দাবি করেছেন, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী।

ভারতে শিক্ষার্থীদের ‘ককরোচ মুভমেন্টে’ সংহতি জানাল ছাত্রশক্তি

অনলাইন ডেস্ক
ভারতে শিক্ষার্থীদের ‘ককরোচ মুভমেন্টে’ সংহতি জানাল ছাত্রশক্তি

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষাব্যবস্থায় চলমান অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত শিক্ষার্থীদের ‘ককরোচ মুভমেন্ট’-এর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে জাতীয় ছাত্রশক্তি। একইসঙ্গে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীর গ্রেপ্তার, বলপ্রয়োগ ও হামলা এবং শিক্ষার্থীদের তাচ্ছিল্য ও অবমাননাকর ভাষায় ‘ককরোচ’ হিসেবে আখ্যায়িত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে জাতীয় ছাত্রশক্তি বলেছে, ‘আমরা দেখেছি গত কয়েক বছরে ভারতে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় পরীক্ষাসহ প্রায় সব সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ফলাফল জালিয়াতি ও নিয়োগে অনিয়মের মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। বেকারত্বের উচ্চহার থাকা সত্ত্বেও একটি শিক্ষাব্যবস্থার এমন অসদাচরণ এবং ভঙ্গুর শাসনব্যবস্থা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের বিষয়।’

‘একইসঙ্গে আন্দোলনে নেতৃত্বদানকারী দল ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলো সংসদ কর্মসূচি পালনের সময় দিল্লি পুলিশের আটক করার মতো অভিযোগ সামনে এসেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও সংকটের সমাধান করা রাষ্ট্রের দায়িত্ব হলেও সরকার তার বিপরীত ভূমিকা পালন করছে।’

বিবৃতিতে আরো বলা হয়, আমরা স্মরণ করিয়ে দিতে চাই ভারতে আশ্রিত বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনা এই জুলাই মাসেই শিক্ষার্থীদের ‘রাজাকার’ হিসেবে আখ্যায়িত করার পর শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, তা পরবর্তীতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বৃহত্তর গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ফলে শিক্ষার্থীদের কণ্ঠকে অবজ্ঞা, তাচ্ছিল্য কিংবা দমন করার কোনো সুযোগ নেই। যারাই শিক্ষার্থীদের দমন করতে চেয়েছে আমরা দেখেছি ইতিহাসে তাদের পরিণতি কী হয়েছে। কীটপতঙ্গের নামে শিক্ষার্থীদের আখ্যা দেওয়ার মতো ঘৃণ্য আচরণের যেই প্রতিবাদী অবস্থান ভারতের শিক্ষার্থীরা নিয়েছে, জাতীয় ছাত্রশক্তি তার প্রতি যৌক্তিক সমর্থন প্রকাশ করছে।

জাতীয় ছাত্রশক্তি ভারত সরকারের প্রতি আহ্বান জানায়, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের সহিংস বলপ্রয়োগ পরিহার করুন। অবিলম্বে শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক দাবিসমূহ মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে আমরা প্রত্যাশা করি, শিক্ষার্থীদের প্রতি যেকোনো ধরনের অবমাননাকর বক্তব্য ও আচরণ পরিহার করে সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল ও সংযত ভূমিকা পালন করবে। জাতীয় ছাত্রশক্তি শিক্ষার্থীদের সব যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকবে।

বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম : রিজভী

বাসস
বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম : রিজভী
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে। দলের মধ্যে বিপ্লবের শক্তি অন্তর্নিহিত রয়েছে।

ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের ধারাবাহিকতায় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দল গড়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন নান্নুর জন্য দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, হতাশা নয়, বরং কঠোর পরিশ্রমে বিশ্বাস রেখে দলের আদর্শ ধারণ করে নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদের অবসান এবং শত প্রতিকূলতা অতিক্রম করে দলের শীর্ষ নেতার দেশে ফেরা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ প্রমাণ করে যে, শ্রম ও আত্মদান কখনো বৃথা যায় না।

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করে রিজভী বলেন, সরকার ফ্যামিলি কার্ডের পরিসর বাড়াচ্ছে এবং কৃষক কার্ড দিচ্ছে। এক-দুই বছর পর এসব উদ্যোগের সুফল মানুষের হাতে পৌঁছালে জাকির হোসেন নান্নুর মতো মানুষের আত্মদান সার্থক হবে।

৪৫ বছর পর শহীদ জিয়াউর রহমানকে হত্যাকারী মেজর মোজাফ্ফর হোসেনকে গ্রেফতারের প্রসঙ্গ উল্লেখ করে রিজভী বিচারহীনতা ও ষড়যন্ত্রের সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, এই ৪৫ বছর সে কোথায় ছিল? আন্তর্জাতিক বা দেশের ভেতরে কারা তাকে আশ্রয় দিয়েছে?

সাম্প্রতিক জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে মুগ্ধ, ওয়াসিফ ও আবু সাঈদদের ওপর পুলিশের সঙ্গে মিলে গুলি চালিয়ে রক্তপাতের ঘটনায় জড়িত হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে পালিয়ে যাওয়ার পর তাদের কারা আশ্রয় দিয়েছে, সে বিষয়েও জবাব চাওয়ার দাবি জানান রিজভী।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওরে নিয়ে আমি একবারই এসেছি : জামায়াতের ভাইরাল এমপি নজরুল

অনলাইন ডেস্ক
ওরে নিয়ে আমি একবারই এসেছি : জামায়াতের ভাইরাল এমপি নজরুল

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে এক তরুণীর সঙ্গে দেখা যায়। আজ মঙ্গলবার সকালে বিভিন্ন মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। 

১ মিনিট ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসা করা হয়, আপনি ওরে কয়দিন আনছেন? তখন গাজী নজরুল উত্তরে বলেন, ‘বিশ্বাস করেন, একবার। ওরে নিয়ে আমি একবারই এসেছি।’ এ সময় তিনি জামাতের নেতা হয়েও মেয়ে নিয়ে এসে অন্যায় করেছেন বলে স্বীকার করেন। 

এদিকে পাশে দাঁড়িয়ে থাকা ওই তরুণীকে তার নাম জিজ্ঞাসা করা হলেও তিনি নিজের নাম বলতে চাননি। পরে বারবার জিজ্ঞাসা করা হলে তরুণী নিজের নাম ‘মারিয়া’ বলে উল্লেখ করেন। কিন্তু তিনি ভিডিওটি ডিলিট করে দেওয়ার অনুরোধ করেন। পরে সেই তরুণীকে তার বাসার ঠিকানা জিজ্ঞাসা করা হলেও তিনি চুপ করে থাকেন।

এর আগে সোমবার রাতে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত’ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় দেশজুড়ে কড়া সমালোচনা চলছে। সাতক্ষীরা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, ভাইরাল ভিডিওর ওই তরুণী গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’। পরে নজরুল ইসলামও তার ফেসবুক অ্যাকাউন্টে একই দাবি করেছেন।

ফেসবুক পোস্টে তিনি জানান, রাজধানীর মগবাজারে তার ‘দ্বিতীয় স্ত্রী’র বাবার অফিসে তাকে ‘জিম্মি’ করে এক লাখ টাকা আদায় করা হয়। পরে উদ্দেশ্যপ্রাণোদিতভাবে তাদের (তরুণী ও গাজী নজরুল ইসলাম) ‘ব্যক্তিগত’ ও ‘ঘনিষ্ঠ’ মুহূর্তের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে দ্বিতীয়বারের মতো সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। তিনি সাতক্ষীরা জেলা শাখার আমির হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য।