ঢাকার কেরানীগঞ্জের কদমকলী এলাকায় বাংলাদেশ লাইফ কেয়ার হাসপাতাল নামে একটি প্রতিষ্ঠানে অনুমোদন না নিয়েই চালাচ্ছিল নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ)। সদ্য জন্ম নেওয়া শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদানের মতো এই অতি গুরুত্বপূর্ণ সেবাটি অনুমোদন না নিয়ে পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাসপাতালটির এই সেবাটির কার্যক্রমটি বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক। এ সময় তাকে সহযোগিতা করেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোকাদ্দেস হোসেন ও থানা পুলিশ।
এ ছাড়া হাসপাতালটির বিরুদ্ধে আরো অনিয়ম থাকার অপরাধে আরো ১ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন ও মূল্য তালিকা না থাকায় কদমতলী ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোকাদ্দেস হোসেন বলেন, ‘বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহাত থাকবে।
ইউএনও উমর ফারুক বলেন, অনুমোদন না নিয়ে এনআইসিইউর মতো একটি গুরুত্বপূর্ণ সেবা পরিচালনা করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সেবা কার্যক্রম বন্ধ করা হয়েছে। এ ছাড়া অন্য একটি প্রতিষ্ঠানে লাইসেন্স নবায়ন ও মূল্য তালিকা না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুটি প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের মধ্যে সব কাগজপত্র নবায়ন করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।





