• ই-পেপার

পাঁজরের হাড়ে চিড় ও শ্বাসকষ্ট নিয়ে বিশ্বকাপে খেলেছেন পারেদেস

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া সফরে যাবেন না ইবাদত

ক্রীড়া ডেস্ক
সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া সফরে যাবেন না ইবাদত
বাংলাদেশ দলের পেসার ইবাদত হোসেন। ছবি: ফেসবুক

অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ দলকে ব্যাকুলভাবে অপেক্ষা করতে হয়। সেই সুযোগটা অবশেষে আবার আসতে চলেছে।

সব ঠিক থাকলে আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। প্যাট কামিন্স-মিচেল স্টার্ক-স্টিভেন স্মিথদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তর দল। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই হবে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ।

তবে দলে জায়গা পাওয়া অনেকটা নিশ্চিত হলেও অস্ট্রেলিয়া সফরে যাবেন না ইবাদত হোসেন। বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলাকালে প্রথমবারের মতো বাবা হবেন ইবাদত। সন্তান জন্মদানের সময় স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের এই দীর্ঘদেহী পেসার। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা ইংরেজি দৈনিক ডেইলি সানকে বলেছেন, ‘তাকে (ইবাদত) অস্ট্রেলিয়া সফরে পাওয়া যাবে না। তিনি ইতিমধ্যেই ছুটির আবেদন করেছেন।’

Ebadot
বোলিং অনুশীলনে ইবাদত হোসেন। ছবি: ফেসবুক 

এ ছাড়া বাংলাদেশ দলের আলোচিত ফাস্ট বোলার নাহিদ রানার চোটের সর্বশেষ অবস্থা জানার অপেক্ষায় আছে বিসিবি। জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় পেশিতে টান পড়লে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন নাহিদ। শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারেননি তিনি। 

গতকাল বুধবার (২২ জুলাই) নাহিদের স্ক্যান করানো হয়েছে। বিসিবির চিকিৎসা বিভাগ স্ক্যান রিপোর্ট আজই হাতে পাবে বলে আশা করা হচ্ছে। 
বোর্ড কর্মকর্তা ডেইলি সানকে বলেছেন, ‘সাধারণত এ ধরনের চোট থেকে সেরে উঠতে ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগে। আশা করছি সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে (নাহিদ) পাওয়া যাবে।’

আগামী ১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের সিরিজ। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

পিএসজির বড় তারকাকে চায় সৌদি

ক্রীড়া ডেস্ক
পিএসজির বড় তারকাকে চায় সৌদি
সংগৃহীত ছবি

ট্রান্সফার বাজারে আবারও বড় ধরনের চমক দেখানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের প্রভাবশালী ক্লাব আল হিলাল। ডাচ উইঙ্গার ক্রাইসেনসিও সামারভিলকে দলে ভেড়ানোর পর এবার ফরাসি তারকা উসমান দেম্বেলের দিকে নজর দিয়েছে রিয়াদের ক্লাবটি। নিজেদের আক্রমণভাগকে আরো শক্তিশালী করতে বর্তমান বিশ্বসেরা ফুটবলারকে নিয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছে তারা।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, দেম্বেলের প্রতিনিধির সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক যোগাযোগ সেরেছে আল হিলাল কর্তৃপক্ষ। সৌদি ক্লাবের বার্তা একদম পরিষ্কার, ২৯ বছর বয়সী এই ফরাসি তারকা ইতিবাচক সাড়া দিলেই তার বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে আনুষ্ঠানিক দরকষাকষিতে নামবে তারা।

তবে আল হিলালের জন্য এই দলবদল মোটেও সহজ হবে না। কারণ পিএসজির বর্তমান ক্রীড়া প্রকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দেম্বেলে। তার ওপর ২০২৫ সালে ফুটবলাদের ব্যাক্তিগত সর্বোচ্চ সম্মাননা ব্যালন ডি’অর জয়ের পর পিএসজিতে এই তারকার গুরুত্ব আরো বেড়েছে।

প্যারিসের ক্লাবটি দেম্বেলেকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। তাকে দীর্ঘমেয়াদে ক্লাবে রেখে দিতে ইতিমধ্যে নতুন চুক্তির বিষয়ে জোর আলোচনা শুরু করেছে পিএসজি কর্তৃপক্ষ। ফলে বিপুল অর্থের প্রস্তাব নিয়ে আল হিলাল এগোলেও শেষ পর্যন্ত দেম্বেলেকে সৌদি প্রো লিগে উড়িয়ে আনা বেশ কঠিনই হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

অপপ্রচারকারীদের বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
অপপ্রচারকারীদের বিরুদ্ধে মানহানির মামলা করতে যাচ্ছে আর্জেন্টিনা
ছবি : রয়টার্স

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন জাতীয় দল এবং ফুটবলারদের লক্ষ্য করে চালানো নানামুখী অপপ্রচার ও বিভ্রান্তিকর খবরের বিরুদ্ধে অবশেষে চরম কঠোর অবস্থানের কথা জানাল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। খেলোয়াড়দের সুনাম ও সম্মান ক্ষুণ্ন করতে ছড়িয়ে পড়া ভিত্তিহীন তথ্যের বিরুদ্ধে বড় আকারের আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

প্রখ্যাত ফুটবল দলবদল বিশেষজ্ঞ ও সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দেওয়া তথ্যানুযায়ী, জাতীয় দল ও ফুটবলের শীর্ষ তারকাদের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ, বিকৃত ছবি এবং প্রমানহীন বিভিন্ন দাবির বিরুদ্ধে শিগগিরই মানহানির মামলা ঠুকতে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।

এএফএ জানিয়েছে, এই প্রক্রিয়ায় কাউকেই ছাড় দেওয়া হবে না। কেবল মূলধারার বড় বড় সংবাদমাধ্যম বা মিডিয়া আউটলেটই নয়; বরং এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের যেসব ব্যক্তিগত ও বাণিজ্যিক অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হয়েছে, সেগুলোকে সমানভাবে চিহ্নিত করা হচ্ছে।

ইতোমধ্যেই এএফএ-র আইনি দল বিতর্কিত পোস্ট চিহ্নিতকরণ, প্রমান সংগ্রহ এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নথিবদ্ধ করার কাজ পুরোদমে শুরু করে দিয়েছে। ফুটবলারদের সম্মানহানি করে বা জাতীয় দলের ভাবমূর্তি নষ্ট করে এমন যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে আদালতের দরজায় কঠোর আইনি লড়াই চালানোর স্পষ্ট বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

আর্জেন্টিনার ফুটবল প্রধানের ফোন জব্দ করে এফবিআই-এর তদন্তের গুঞ্জন, যা বলছে এএফএ

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার ফুটবল প্রধানের ফোন জব্দ করে এফবিআই-এর তদন্তের গুঞ্জন, যা বলছে এএফএ
সংগৃহীত ছবি

বিশ্বকাপ চলাকালেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে সন্দেহজনক অর্থ লেনদেনের অভিযোগে তদন্তের খবর প্রকাশ করেছিল স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা। সম্প্রতি আর্জেন্টাইন গণমাধ্যম ‘ইনফোবে ও ‘ক্লারিন দাবি করে, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তাপিয়াসহ এএফএ-র কয়েকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের মোবাইল ফোন জব্দ করেছে। তবে এ ধরনের সমস্ত খবরকে গুঞ্জন ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

আর্জেন্টাইন গণমাধ্যম দুটির প্রতিবেদনে দাবি করা হয়েছিল, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়েছিল এফবিআই। সেখানে আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তির আর্থিক কাঠামোর তদন্তের অংশ হিসেবে বিচার বিভাগীয় কর্মকর্তারা তাপিয়া ও অন্যান্য কর্মকর্তাদের মোবাইল ফোনসহ ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেন। এমনকি আগামী ৩০ জুলাই ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে তাপিয়াকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনগুলোতে আরো অভিযোগ তোলা হয়, ফ্লোরিডায় নিবন্ধিত ‘ট্যুরপ্রডএন্টার নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল অর্থ লেনদেন হয়েছে। ব্যবসায়ী হাভিয়ের ফারোনির সংশ্লিষ্টতায় এই প্রতিষ্ঠানটি স্পন্সরশিপ, প্রীতি ম্যাচ ও টিভি স্বত্ব বিক্রির ক্ষেত্রে এএফএ-র বাণিজ্যিক প্রতিনিধি হিসেবে কাজ করে। অভিযোগ রয়েছে, আর্জেন্টিনা জাতীয় দলের স্পন্সরদের কাছ থেকে প্রাপ্ত কোটি কোটি ডলার মায়ামির ব্যাংক অ্যাকাউন্টে জমা হলেও এএফএ তা নিজেদের আর্থিক বিবরণীতে দেখায়নি।

সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হলে দ্রুতই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সব দাবি নাকচ করে এএফএ।

বিবৃতিতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যমে যে নথির কথা বলা হচ্ছে, সেটি এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া কিংবা কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর উদ্দেশ্যে জারি করা কোনো সমন নয়। তবে ফ্লোরিডার আদালত থেকে একটি সমন জারি করা হয়েছে স্বীকার করে এএফএ জানায়, তা মূলত একটি ‘তৃতীয় পক্ষের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। যেখানে গ্র্যান্ড জুরির সামনে হাজির হয়ে এএফএ কর্মকর্তাদের সম্পর্কিত যোগাযোগের তথ্য জমার নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্থাটি পরিষ্কারভাবে জানিয়েছে, ক্লদিও তাপিয়া বা অন্য কোনো কর্মকর্তার মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস জব্দ করার বিষয়টি পুরোপুরি অসত্য। এমনকি আদালতের নথিতেও তাদের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আইনি বাধ্যবাধকতা বা সম্পদ বাজেয়াপ্তের প্রক্রিয়ার উল্লেখ নেই। বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।