আর্জেন্টাইন তরুণ তারকা ফ্রাঙ্কো মাস্তানতুওনোকে চলতি গ্রীষ্মকালীন দলবদলে ধারে অন্য ক্লাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ জোসে মরিনহো এতে সম্মতি দিয়েছেন। গত মৌসুমে ক্লাবে যোগ দেওয়ার পর প্রত্যাশামাফিক একাদশে সুযোগ পায়নি এই ১৮ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। মরিনহোর নতুন পরিকল্পনায় নিয়মিত সুযোগ পাওয়ার সম্ভাবনা কম থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
১৮ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের সাথে রিয়াল মাদ্রিদের ২০৩১ সালের জুন পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। তাই তরুণ এই প্রতিভার ওপর আস্থা থেকেই পর্যাপ্ত ম্যাচ টাইম ও ধারাবাহিকতা নিশ্চিতে কেনার অপশন ছাড়া সরাসরি ধারে অন্য ক্লাবে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
এতে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়ের ওপর নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। গত মৌসুমে এন্ড্রিকের ক্ষেত্রেও তারা একই নীতি অনুসরণ করেছিল।
মাস্তানতুওনো ধারে যাওয়ার খবর সামনে আসতেই লা লিগা এবং ইউরোপের বেশ কয়েকটি ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে যোগাযোগ শুরু করেছে। মাদ্রিদের প্রথম পছন্দও স্পেনের কোনো ক্লাবেই থাকুক এই আর্জেন্টাইন। বর্তমানে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল এই দৌড়ে সবচেয়ে বেশি আগ্রহী।
এদিকে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম মাস্তান্তুওনোকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে। এছাড়া পর্তুগালের দুই পরাশক্তি বেনফিকা ও স্পোর্টিং লিসবনসহ ইতালির কিছু ক্লাবও তার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
খেলোয়াড় এবং রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ যৌথভাবে আলোচনা করে পরবর্তী কয়েকদিনের মধ্যে তার নতুন গন্তব্য চূড়ান্ত করবে।




