• ই-পেপার

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল হওয়া রুনা গ্রেপ্তার

মাদরাসার কক্ষ থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
মাদরাসার কক্ষ থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে একটি মাদরাসার আবাসিক কক্ষ থেকে ১১ বছর বয়সী এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ১১ বছর বয়সী জান্নাতুল ফেরদাউস নওগাঁর আত্রাই উপজেলার নালুয়া গ্রামের প্রবাসী মো. সান্টুর মেয়ে। সে ওই মাদরাসার নাজেরা বিভাগের আবাসিক ছাত্রী ছিল।

সোমবার রাতে কাসেমাবাদ এলাকার মিফতাহুল জান্নাহ হিফজুল কুরআন মডেল মহিলা মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল।

তিনি বলেন, জান্নাতুল ফেরদাউসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ছাত্রীর মা সুর্বণা বলেন, তার স্বামী প্রবাসে থাকায় দুই মেয়েকে নিয়ে তিনি গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামে বাবার বাড়িতে থাকেন। সোমবার বিকেলে মেয়ে জান্নাতুলকে মাদরাসায় দিয়ে আসেন। রাতে তিনি শুনতে পান, মাদরাসার একটি কক্ষে জানালার সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে মেয়ে আত্মহত্যা করেছে।

মাদরাসা কর্তৃপক্ষের বরাতে ওসি তারিক হাসান বলেন, ‘সোমবার সন্ধ্যার পর একটি কক্ষ দীর্ঘ সময় ধরে ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে শিক্ষার্থী ও দুই শিক্ষিকার সন্দেহ হয়। পরে তারা জানালার কাচ দিয়ে উঁকি দিয়ে দেখতে পান, ওই শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে।’

‘তাদের চিৎকারে আশপাশের লোকজন ও দায়িত্বরত শিক্ষিকারা গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন। পরে জান্নাতুলকে নিচে নামিয়ে মৃত অবস্থায় পান।’

ওসি বলেন, ‘তদন্তে যতটুকু জানতে পেরেছি, ওই শিক্ষার্থী মাদরাসায় আসতে চায়নি। তাকে জোর করে মাদরাসায় রেখে আসা হয়েছিল। এ কারণে সে রাগ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ভাত চাওয়ায় চোরের অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
ভাত চাওয়ায় চোরের অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে অটোরিকশা চুরির অপবাদ দিয়ে এক মানসিক ভারসাম্যহীন যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত আবুল খায়ের পাটোয়ারী (৩০) চাঁদপুর জেলার সদর থানার কল্যাণপুর দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে।

বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৯টার দিকে সাভারের উলাইল আল ইসলাম গার্মেন্টসের পেছনের এলাকা থেকে অটোরিকশা চোরের অপবাদে আবুল খায়েরকে আটক করা হয়। বেলা ১১টা পর্যন্ত সেখানে তাকে কয়েক দফায় পেটানো হয়। সেখান থেকে অটোরিকশার মালিক নুরুজ্জামানের গ্যারেজে নিয়ে যাওয়া হয়। সেখানেও তার ওপর আবারও কয়েক দফা নির্যাতন চালানো হয়। পরে দুপুর ১টার দিকে গ্যারেজ মালিক নুরুজ্জামান আরেকজন অটোরিকশাচালকের সহযোগিতায় আবুল খায়েরের মরদেহ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে পালিয়ে যান।

উলাইল আল ইসলাম গার্মেন্টসের পেছনের এলাকার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার দিন এক অটোরিকশাচালক তার ছোট ছেলেকে অটোরিকশা পাহারায় রেখে বাসায় খেতে যান। তখন আবুল খায়ের শিশুটিকে বলেন, দুই দিন ধরে ভাত খাইনি। ভাত নিয়ে আসো। শিশুটি বাসায় গিয়ে তার বাবাকে বিষয়টি জানায়। পরে অটোরিকশাচালক এসে দেখেন, ওই ব্যক্তি রিকশার হ্যান্ডেল ধরে বসে আছেন। তিনি তাকে অটোরিকশা চোর মনে করলে মুহূর্তের মধ্যে লোকজন জড়ো হয়ে গণপিটুনি শুরু করেন। বেলা ১১টা পর্যন্ত মারধরের পর তাকে গ্যারেজ মালিক নুরুজ্জামানের গ্যারেজে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উলাইল এলাকার কোটঘর মহল্লায় অবস্থিত নুরুজ্জামানের অটোরিকশা গ্যারেজটিতে গিয়ে দেখা যায়, শুরুতে সেখানে তার পরিবারের নারী সদস্যরা উপস্থিত ছিলেন। তবে তারা কোনও কথা বলতে অনীহা প্রকাশ করেন। এর কিছুক্ষণ পর গ্যারেজ মালিক নুরুজ্জামান সেখানে আসেন।

ঘটনার বিষয়ে গ্যারেজ মালিক নুরুজ্জামান  বলেন, আমার অটোরিকশাটি চালাচ্ছিলেন শুভ। অটোরিকশাটি চুরির সময় শুভ ও স্থানীয়রা তাকে আটক করে প্রথমে মারধর করেন। সকাল ১১টার দিকে তাকে আমার গ্যারেজে আনা হলে আমি তাকে বসিয়ে রাখি। তখন অন্যান্য অটোরিকশাচালকরা তাকে আবারও মারধর করেন। আমি মারধর করিনি, আমি হার্টের রোগী। পরে দুপুর ১টার দিকে একজন চালকের সহযোগিতায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাই এবং ভয়ে সেখান থেকে চলে আসি।

ঘটনার পর পুলিশ তার কাছে এসেছিল কিনা জানতে চাইলে নুরুজ্জামান দাবি করেন, সোমবার বিকাল ৪টার দিকে পুলিশ এসে আমার সঙ্গে সাড়ে চার ঘণ্টা কথা বলেছে। আমি কোনও দোষ করিনি, তাই আমাকে থানায় নেয়নি।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, এ ঘটনায় জড়িত অটোরিকশাচালক সবুজ ওরফে শুভকে আটক করা হয়েছে।

পুলিশ সাড়ে চার ঘণ্টা কথা বলার পরও গ্যারেজ মালিক নুরুজ্জামানকে কেন আটক করা হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নুরুজ্জামানকে নিয়ে আসার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাকে কেন আগে থানায় আনা হয়নি, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

এসআই রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের ভাই শাহ পরাণ পাটোয়ারী বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পরে এ ঘটনায় গ্যারেজ মালিক নুরুজ্জামান ও অটোরিকশা মালিক সবুজকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহতের প্রতিবেশী আব্দুল মোতালেব হোসেন বলেন, আবুল খায়ের মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত রবিবার ফজরের নামাজের পর তিনি চাঁদপুরের গ্রামের বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে স্বজনেরা তার সন্ধান করছিলেন। 

তিনি আরো জানান, সোমবার রাতে সাভার থানা থেকে ফোন করে জানানো হয়, হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় গিয়ে স্বজনেরা মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পান। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের প্রতিবেশীরা।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুন্নাহার জানান, সোমবার দুপুর ১টার দিকে দুজন লোক অটোরিকশায় করে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন এবং ফেলে পালিয়ে যান। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

শিবচরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি
শিবচরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
গ্রেপ্তার শিক্ষক মোস্তাক হোসেন

মাদারীপুরের শিবচরে ৮ বছর বয়সি এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসার এক শিক্ষক মোস্তাক হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে ওই মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোস্তাক হোসেনের (৩০) বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।

শিবচর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তিনি শিবচরের ওই মাদরাসার শিক্ষক হিসেবে যোগ দেন। গত কয়েক দিন মাদরাসায় ক্লাস শেষে শিশুটিকে শিক্ষক মোস্তাক তার কক্ষে নিয়ে যান। গত রবিবার ক্লাস শেষে মোস্তাক তার কক্ষে নিয়ে তাকে বলাৎকার করার অভিযোগ করা হয়েছে। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের কাছে ঘটনা জানায়।

ঘটনাটি জানাজানি হলে রবিবার সন্ধ্যায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই মাদরাসায় গিয়ে মোস্তাক হোসেনকে আটক করে মারধর করেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ওই রাতে মাদরাসা থেকে মোস্তাক হোসেনকে আটক করে শিবচর থানায় নিয়ে আসে।

পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে শিবচর থানায় মামলা করা হয়। সোমবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

এ সম্পর্কে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ঘটনার দিনই অভিযুক্ত শিক্ষককে আটক করেছি। পরে ভুক্তভোগী শিশুর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বন্ধ কক্ষ থেকে দুর্গন্ধ, ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
বন্ধ কক্ষ থেকে দুর্গন্ধ, ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

বন্ধ ঘরের দরজা। আর বাইরে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধ। সেই দুর্গন্ধ ধরে এগোতেই বেরিয়ে এলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর মরদেহ।

মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার মেস থেকে উচ্ছ্বাস কর্মকার নামে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উচ্ছ্বাস বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার করার অন্তত দুই দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।

মেসের অন্য বাসিন্দারা জানান, কয়েকদিন ধরেই উচ্ছ্বাসের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে ঘরটি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে সবার সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের একটি দল বন্ধ দরজা ভেঙে ঘরের ভেতর থেকে উচ্ছ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাসের প্রক্টরিয়াল বডি, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা মেস প্রাঙ্গণে জড়ো হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও প্রক্টরিয়াল টিমের সদস্য ড. গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, ‘খবর পেয়ে প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করছে।’

প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

বরিশাল বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল বলেন, ‘মরদেহের সার্বিক অবস্থা বিবেচনা করে ধারণা করা হচ্ছে অন্তত দুই দিন আগেই তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এবং তদন্তের পরই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।’