দেশের বিদ্যুৎ বিতরণ কম্পানিগুলো বেসরকারি খাতে পরিচালনার সরকারি পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)। এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা এ পরিকল্পনা জনস্বার্থবিরোধী বলে দাবি করেন এবং তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়।
বিবৃতিতে তিনি বলেন, সরকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে এবং এ লক্ষ্যে বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বিদ্যুতের দাম ধারাবাহিকভাবে বাড়বে এবং এর প্রধান ভুক্তভোগী হবে সাধারণ মানুষ।
বাসদ (মার্কসবাদী) দাবি করে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় অদক্ষতা বা অস্বচ্ছতা থাকলে তা সংস্কারের মাধ্যমে সমাধান করা উচিত, বেসরকারিকরণ কোনো টেকসই সমাধান নয়। দলটির মতে, বিশ্বের অনেক উন্নত দেশেও জনস্বার্থ, জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক ভারসাম্যের কারণে বিদ্যুৎ বিতরণ পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয় না।
বিবৃতিতে আরো বলা হয়, সরকার সম্প্রতি উৎপাদন ব্যয় ও ভর্তুকির চাপের কথা উল্লেখ করে বিদ্যুতের দাম বাড়িয়েছে। এর পরপরই বিতরণ ব্যবস্থার বেসরকারিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা নিয়ে প্রশ্ন রয়েছে। দলটির আশঙ্কা, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত বাস্তবায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বাসদ (মার্কসবাদী) দেশের বিদ্যুৎ খাতকে আমদানি-নির্ভরতা ও লুণ্ঠনমূলক চুক্তির বাইরে এনে জাতীয় ও জনমুখী ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়ে সরকারের বেসরকারিকরণের পরিকল্পনা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।








