• ই-পেপার

বিশ্বকাপ দলে জায়গা পেয়েও দর্শকের ভূমিকায় ছিলেন যে তারকারা

মেসির বক্তব্য ও ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার কোচ

ক্রীড়া ডেস্ক
মেসির বক্তব্য ও ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার কোচ
ছবি : রয়টার্স

টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সোনালী সুযোগ একদম হাতের নাগালেই ছিল আর্জেন্টিনার। কিন্তু ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ন্যূনতম লড়াইটুকুও করতে পারেনি আলবিসেলেস্তারা। নির্ধারিত ৯০ মিনিটে প্রতিপক্ষের গোলমুখে একটি শটও নিতে পারেনি লিওনেল মেসির দল। অতিরিক্ত সময়ে দুটি শট নিলেও তার একটিও অন-টার্গেটে ছিল না। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এমন বিপর্যস্ত পারফরম্যান্সের পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে নানা ‘ষড়যন্ত্র তত্ত্ব’।

ফাইনালের পর সামাজিক মাধ্যমে একটি ড্রেসিংরুমের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশ্যে মেসি বলছেন, ‘সবাই শান্ত হও। চলো আমরা শান্ত থাকি। শুধু খেলার কথা ভাবি, ঠিক আছে? চলো আমরা অন্য সবকিছু ভুলে যাই, শুধু খেলায় মনোযোগ দিই।’

মেসির এই ‘সবকিছু ভুলে যাই’ মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয় নানামুখী বিতর্ক। কেউ দাবি করছেন, ম্যাচে নামার আগেই দলের ভেতর কোনো বিশৃঙ্খলা ছিল। আবার কেউ বলছেন, এনজো ফার্নান্দেজের অযথা রেফারির সঙ্গে কথা বলে প্রথম হলুদ কার্ড পাওয়া কিংবা খেলোয়াড়দের গম্ভীর মুখ সবই ছিল এক রহস্যজনক পরিস্থিতির ইঙ্গিত।

তবে এসব জল্পনা-কল্পনা ও ষড়যন্ত্রের গল্পকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো ফ্যাবিয়ান আয়ালা। আর্জেন্টিনাভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেন, ‘এসব কথা আমরা শুনি আর ভাবি—মানুষ কীভাবে এসব বলতে পারে? কারণ এসবের কিছুই ঘটেনি। বরং ঘটেছে ঠিক উল্টোটা।’ 

স্পেনের আধিপত্য স্বীকার করে আয়ালা যোগ করেন, ‘একটি দল আমাদের ছাড়িয়ে গেছে, বিষয়টি এতটুকুই। এর বাইরে কিছু খোঁজার দরকার নেই। আমাদের শুধু মাঠের ফুটবল নিয়েই কথা বলা উচিত, যা সত্যিই ঘটেছে।’

একই ইস্যুতে মুখ খুলেছেন দলের প্রধান কোচ লিওনেল স্কালোনিও। নিজ শহর পুজাতোতে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব খবরের কোনো অস্তিত্ব নেই। ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখি না। এসব সম্পর্কে আমার কিছুই জানা নেই’, বলেন স্কালোনি।

কিন্তু স্কোয়াডের মধ্যে একতা ছিল কি না কিংবা কোনো অন্তর্দ্বন্দ্ব চলছিল কি না—এমন প্রশ্নে ক্ষোভে ফেটে পড়েন এই সফল কোচ। লাফিয়ে গাড়ি থেকে বের হয়ে দৃঢ় কণ্ঠে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না আপনারা কী বলছেন! আমরা একেবারে ভিন্ন পথে হাঁটছি। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ছেলেরা তাদের সবটুকু উজাড় করে দিয়েছে, এই জার্সিতে তারা জাত চিনিয়েছে এবং আমাদের সেদিকেই মনোযোগ দেওয়া উচিত।’

কাসেমিরোকে দলে ভিড়িয়ে বিপদে ইন্টার মায়ামি

ক্রীড়া ডেস্ক
কাসেমিরোকে দলে ভিড়িয়ে বিপদে ইন্টার মায়ামি
ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন কাসেমিরো। ছবি: ইন্সটাগ্রাম

রিয়াল মাদ্রিদে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। নেইমার জুনিয়রকে পেয়েছেন ব্রাজিল জাতীয় দলে। 

এবার লিওনেল মেসিকেও সতীর্থ হিসেবে পাচ্ছেন কাসেমিরো। ব্রাজিলের এই অভিজ্ঞ মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি। গতকাল রাতে এই খবর নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বিনামূল্যেই কাসেমিরোকে পেয়েছে ইন্টার মায়ামি। কিন্তু ৩৪ বছর বয়সী তারকাকে দলে নিয়ে বিপদে পড়তে পারে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাসেমিরোকে দলে ভেড়ানোর প্রক্রিয়ায় নিয়ম ভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করেছে মেজর লিগ সকার (এমএলএস)। অভিযোগ উঠেছে, কাসেমিরোর সঙ্গে চুক্তির ক্ষেত্রে ইন্টার মায়ামি লিগের নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করেনি।

ইন্টার মায়ামি কাসেমিরোকে দলে নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই এমএলএস এক বিবৃতিতে জানায়, ক্লাবটির বিরুদ্ধে আনা নিয়মবহির্ভূতভাবে খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ বা আলোচনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না লিগ কর্তৃপক্ষ।

নিয়ম অনুযায়ী, কোনো ক্লাব তাদের ডিসকভারি লিস্টে (এমএলএসের বিশেষ খেলোয়াড় নিবন্ধন ব্যবস্থা) থাকা খেলোয়াড়ের সঙ্গে সবার আগে আলোচনা করার অধিকার পায়। অভিযোগ হলো, কাসেমিরোকে নিয়ে সেই অগ্রাধিকার অধিকার ছিল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির। এরপরও ইন্টার মায়ামি তার সঙ্গে যোগাযোগ করেছে কি না, সেটিই তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

এমএলএস কর্তৃপক্ষ আরো জানিয়েছে, কাসেমিরোকে সই করানো নিয়ে ইন্টার মায়ামি ও এলএ গ্যালাক্সির মধ্যে সমঝোতা হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ হওয়ার আগে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হবে না।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টার মায়ামি কাসেমিরোকে দলে ভেড়ানোর পর অভিযোগটি এমএলএস কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি।

ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের জুন পর্যন্ত কাসেমিরোর সঙ্গে চুক্তি করেছে ইন্টার মায়ামি। তবে চুক্তির মেয়াদ ২০২৯ সালের জুন পর্যন্ত বাড়ানোর সুযোগ আছে। 

সব ঠিকঠাক থাকলে ইন্টার মায়ামিতে মেসি ছাড়াও লুইস সুয়ারেজ, রদ্রিগো দি পলের মতো তারকার সঙ্গে খেলবেন কাসেমিরো। 

আচরণবিধি ভাঙায় লিটন ও মেহেদীকে শাস্তি দিল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
আচরণবিধি ভাঙায় লিটন ও মেহেদীকে শাস্তি দিল বিসিবি
লিটন দাস (বাঁয়ে) ও শেখ মেহেদী। ছবি: আইসিসি

আচরণবিধি লঙ্ঘনের দায়ে লিটন দাস ও শেখ মেহেদীকে জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটি। 

লিটনের বিরুদ্ধে বিসিবিকে না জানিয়ে চীনে যাওয়ায় এবং মেহেদীর বিরুদ্ধে সংবাদমাধ্যমে টিম ম্যানেজমেন্টের প্রতি ক্ষোভ জানানোয় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল।

দুই ক্রিকেটারের বক্তব্য শোনার পর এই শাস্তির প্রস্তাব করে বিসিবি। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বোর্ড পরিচালক ও শৃঙ্খলা কমিটির সদস্য সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর।

সিরাজউদ্দীন বলেছেন, ‘ওদের (লিটন ও মেহেদী) শাস্তি এখন ডিসক্লোজ না করলে ভালো হবে। যেহেতু এটা একেবারেই অভ্যন্তরীণ বিষয়। লিটনকে কিছু আর্থিক জরিমানা করার প্রস্তাব করা হয়েছে। শেখ মেহেদীর ক্ষেত্রেও তাই। তবে লিটনের চেয়ে শেখ মেহেদীর জরিমানার পরিমাণ বেশি।’

জিম্বাবুয়ে থেকে ফিরে গতকাল (২২ জুলাই) সন্ধ্যায় বিসিবির শৃঙ্খলা কমিটির কাছে মেহেদী তার বিরুদ্ধে ওঠা আচরণবিধি ভঙ্গের অভিযোগের জবাব দেন। আর চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুরে যাওয়ার আগে নিজের বক্তব্য তুলে ধরেন লিটন।

চোটের কারণে জিম্বাবুয়ে সফরের মাঝপথে দেশে ফেরেন লিটন এবং বিসিবিকে না জানিয়ে চীনে ঘুরতে যান তিনি। ক্রিকেটারদের আচরণবিধি অনুযায়ী, সিরিজ বা খেলা না থাকলে, বিসিবির অনুমতি নিয়ে দেশের বাইরে যেতে হয়। তিনি সেই নিয়ম মানেননি।

অন্যদিকে, সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে একাদশে জায়গা না পাওয়া নিয়ে টিম ম্যানেজমেন্টকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন শেখ মেহেদী। হতাশাও প্রকাশ করেন তিনি। দলে জায়গা না পেয়ে আগেও নানা সময়ে বিরূপ মন্তব্য করেছেন এই অফ স্পিন অলরাউন্ডার।

পর্তুগালের জার্সিতে বিদায়ের দিনক্ষণ কি ঠিক করে ফেলেছেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
পর্তুগালের জার্সিতে বিদায়ের দিনক্ষণ কি ঠিক করে ফেলেছেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: ফিফা

অনেক তো হলো। আর কত? অবশেষে পর্তুগালের জার্সিতে বিদায়ের দিনক্ষণ নাকি ঠিক করে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 

জর্ডানের ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ আওয়াদের দাবি, এক পর্তুগিজ ফুটবল এজেন্ট তাকে জানিয়েছেন যে, ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পরিকল্পনা করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে নিজের শেষ ম্যাচের সম্ভাব্য তারিখও তিনি নির্ধারণ করেছেন।

পরবর্তীতে এ নিয়ে প্রতিবেদন করেছে গোল ডট কম, ইয়াহু স্পোর্টসসহ কয়েকটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম। প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের হয়ে দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের ইতি টানতে রোনালদো নিজের ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে থাকা একটি বিশেষ ভেন্যুকেই বেছে নিতে চান। 

আগামী ২৪ সেপ্টেম্বর লিসবনের এস্তাদিও জোসে আলভালাদেতে ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচের পর রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। এস্তাদিও জোসে আলভালাদেতে তার শৈশবের ক্লাব স্পোর্তিং সিপির মাঠ। তবে এখনো পর্যন্ত পর্তুগিজ ফুটবল ফেডারেশন বা রোনালদো নিজে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। 

৪১ বছর বয়সী রোনালদো প্রায় দুই যুগ ধরে পর্তুগাল জাতীয় দলের অন্যতম ভরসার নাম। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তার দখলে। জাতীয় দলের হয়ে ইউরো ও নেশনস লিগের শিরোপা জয় এবং অসংখ্য ব্যক্তিগত কীর্তি গড়েছেন তিনি।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি রোনালদো। পাঁচ ম্যাচে ৩ গোল করতে পারেন তিনি। পর্তুগাল বিদায় নেয় শেষ ষোলো পর্ব থেকে। 

২০০৩ সালে পর্তুগালের জার্সিতে অভিষেক হওয়া রোনালদো ২২৬টি আন্তর্জাতিক ম্যাচে ১৪৩টি গোল করেছেন। পুরুষদের আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতা—দুটি রেকর্ডই তার দখলে।

সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি আছে রোনালদোর। ক্যারিয়ারে তার গোলসংখ্যা এখন ৯৭৬। সব ধরনের ফুটবল থেকে অবসরের আগে তিনি নিশ্চয় ১০০০ গোলের মাইলফলকে পৌঁছাতে চাইবেন।