• ই-পেপার

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ, ক্ষতিপূরণ দাবি

১৬ আগস্ট কটিয়াদী যাবেন প্রধানমন্ত্রী

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৬ আগস্ট কটিয়াদী যাবেন প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি কটিয়াদী উপজেলার আচমিতা এলাকার একটি হ্যাচারি থেকে জাতীয় মৎস্য দিবস উদ্বোধন করবেন। পাশাপাশি সেরা মৎস্যচাষি ও মৎস্যজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

বুধবার (৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন ।

জানা গেছে, জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া সরকারি হ্যাচারি পরিদর্শন করবেন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন। এ সময় প্রধানমন্ত্রী দেশের মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন বলে জানা গেছে। পাশাপাশি তিনি দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত সেরা মৎস্যচাষীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেবেন।

 

এদিকে প্রধানমন্ত্রীর আগামণ উপলক্ষে বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর আগামণে এলাকাবাসীর অপ্রাপ্তি পূরণ হবে বলে মনে করছেন এলাকাবাসী।

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, ‘কটিয়াদীতে আমাদের একটি বড় সরকারি হ্যাচারি আছে। এই হ্যাচারিতে তিনি সারা দেশের কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেরা মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সফর আমাকে আবেগাপ্লুত করেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি কিশোরগঞ্জের আপামর জনগণ উচ্ছ্বসিত।’

কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, ‘১৯৯৪ সালে দেশনেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া কটিয়াদী এসেছিলেন। এখন তারই ছেলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের এলাকায় আসবেন। এটি আমাদের জন্য স্বপ্নপূরণের মতো বিষয়। পুরো কিশোরগঞ্জের জনগণ দিনটির জন্য অধীর আগ্রহে রয়েছেন।’

 

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টারে উন্নীত করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টারে উন্নীত করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টারে উন্নীত করা হবে। এ জন্য কেন্দ্রটির ধারণক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টায় টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগের তুলনায় শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা শিশুর সংখ্যা বেড়েছে। তাই কেন্দ্রটির পরিসর ও সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।

তিনি বলেন, ‘নতুন ভবনের নির্মাণকাজের মান পরিদর্শন করেছি। এ ছাড়া শিশুদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নিয়েছি। খাবারের মান নিয়ে তাদের কোনো অভিযোগ নেই।’

মন্ত্রী বলেন, শিশুদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। তাদের এখানে বন্দি হিসেবে রাখা সরকারের উদ্দেশ্য নয়। বরং সংশোধন ও প্রশিক্ষণের মাধ্যমে তারা যেন ভালো মানুষ হিসেবে সমাজে ফিরে যেতে পারে এবং কর্মজীবনে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজের ও পরিবারের দায়িত্ব নিতে পারে, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উন্নয়ন কেন্দ্র থেকে বের হওয়ার পর যাতে তারা পুনরায় অপরাধে জড়িয়ে না পড়ে বা বিপথগামী না হয়, সে জন্য চিকিৎসাসেবা ও মানসিক সহায়তা (সাইকোলজিক্যাল সাপোর্ট) নিশ্চিত করা হবে।

তিনি আরো বলেন, ভবঘুরেদের পুনর্বাসন ও প্রশিক্ষণের জন্য সরকারের পৃথক কেন্দ্র রয়েছে। আদালতের মাধ্যমে তাদের সেখানে পাঠানো হয়। তবে অনেকেই পুনর্বাসনের পর আবার আগের জীবনে ফিরে যান।

মন্ত্রী বলেন, শুধু আইন প্রয়োগকারী সংস্থা বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব নয়। মাদকাসক্তি প্রতিরোধ ও নারী নির্যাতন রোধে সামাজিক সচেতনতা এবং জনমত গড়ে তোলা প্রয়োজন।

পরিদর্শনকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আবু ইউসুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহ মোহাম্মদ মাহবুব, গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া এবং শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এমরান খান উপস্থিত ছিলেন।

নওগাঁয় বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

নওগাঁ শহরে রিকশাচালক বাবাকে মারধর করে হত্যার অভিযোগে ছেলে সুমন (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জুলাই) রাতে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় শহরের সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার (৬ জুলাই) নিজ বাড়িতে বাবা মাহাতাব সরকারকে (৬২) মারধর করে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার সুমন নওগাঁ শহরের বনানীপাড়া এলাকার বাসিন্দা এবং নিহত মাহাতাব সরকারের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, কয়েক বছর আগে সুমন মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত। প্রায় এক বছর আগে তার স্ত্রী সুমা স্বামীর মাদকাসক্তির কারণে তাকে রেখে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি নিতে চলে যান। কয়েকদিন আগে তিনি বাড়িতে ফিরলে আবারও পারিবারিক বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, গত রবিবার (৫ জুলাই) রাতে সুমন বাবার কক্ষে গিয়ে শুয়ে পড়েন। ঘুম না আসায় বাবা মাহাতাব সরকার তার মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে সুমন বাবাকে ঘর থেকে উঠানে নিয়ে যান। সেখানে কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং পরে একটি ইট দিয়ে মাথায় আঘাত করেন। এতে মাহাতাব সরকার গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই জেলা গোয়েন্দা শাখাকে আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। পরে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় নওগাঁ ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে শহরের সুলতানপুর এলাকা থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় সুমনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত, আহত ২

আটক ১

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত, আহত ২
সংগৃহীত ছবি

টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গ্রিন ইউনিভার্সিটির ছাত্র মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) মারা গেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় ধানমণ্ডির গ্রিন লাইফ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে বুধবার (৮ জুলাই) রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত পাগার এলাকার তফিকুল ইসলামের ছেলে ও গ্রিন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।

আহতরা হলেন- স্থানীয় মোস্তফা মিয়ার ছেলে আকাশ (২৫), মাসুদ রানার ছেলে ইমরান হাসান অনিক (২৪)। এই ঘটনায় পাগার এলাকার আয়াত আলীর ছেলে জোবায়ের হোসেনকে (৪৫) আটক করে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাতে টঙ্গীর পাগার এলাকায় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তিন জন আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসিবের অবস্থার অবনতি হলে ধানমণ্ডির গ্রিন লাইফ হাসপাতালে নেওয়ার পর আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

টঙ্গী পূর্ব থানার এসআই তুহিন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্র নিহতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’