• ই-পেপার

শিক্ষকদের বাড়িভাড়া বাড়িয়ে বিজ্ঞপ্তি, ১ জুলাই থেকে কার্যকর

ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সংসদে

নিজস্ব প্রতিবেদক
ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সংসদে

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ইডেন কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান।

বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বিস্তারিত জানাতে পারবেন। তবে নারী শিক্ষা বিএনপি সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী জানান, অতীতে বিএনপি সরকার মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিল। বর্তমান সরকার সেই সুবিধা ডিগ্রি বা অনার্স পর্যায় পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। অনার্স পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা ভালো ফল করবে, তাদের জন্য বৃত্তি চালুরও পরিকল্পনা রয়েছে।

এর আগে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রসংসদের নির্বাচিত ভিপি ছিলেন। সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে শিক্ষামন্ত্রীর ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিষয়ে আলোচনা হয়েছিল এবং প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন সেটি বাস্তবায়ন সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে কবে? জানা গেল সম্ভাব্য সময়

অনলাইন ডেস্ক
এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে কবে? জানা গেল সম্ভাব্য সময়
সংগৃহীত ছবি

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ এখনো নির্ধারণ না হলেও, সব নির্ধারিত পরীক্ষা শেষ হওয়ার পর এ পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানা গেছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। তবে দেশের অন্য সব শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ১টার পর বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষর করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ব্যতীত দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষা যথারীতি চলবে।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (প্রেষণ) অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, সদ্যই পরীক্ষা স্থগিত করা হয়েছে। এখনো নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। সাধারণত সব পরীক্ষা শেষ হলে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হয়। এ বিষয়ে সিদ্ধান্ত হলে জানিয়ে দেওয়া হবে।

আগামী শনিবার (১১ জুলাই) অনুষ্ঠেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) পরীক্ষার বিষয়ে তিনি জানান, আমরা আবহাওয়া অফিসে কথা বলেছি। বৃহস্পতিবারের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে জেলা প্রশাসক, মন্ত্রণালয়সহ সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

কুষ্টিয়ার লালন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ যেন মিনি স্টেডিয়াম!

অনলাইন ডেস্ক
কুষ্টিয়ার লালন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ যেন মিনি স্টেডিয়াম!
সংগৃহীত ছবি

রাত তখন ৯টা। ঝিরঝির বৃষ্টি ঝরছে। আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচ শুরু হতে তখনো বাকি প্রায় ১ ঘণ্টা। কিন্তু তাতে ফুটবলপ্রেমীদের উৎসাহে কোনো ভাটা নেই। বৃষ্টি উপেক্ষা করে একে একে দর্শকেরা ভিড় জমাতে থাকেন কুষ্টিয়া শহরের এনএস রোডে অবস্থিত লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের এলইডি টিভির বড় পর্দার সামনে।

কুষ্টিয়া শহরে এলইডি স্থায়ী বড় পর্দায় স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে দর্শকের উপস্থিতি। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে পতাকা নিয়ে ফুটবলপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের পুরো প্রাঙ্গণ। ম্যাচ শুরুর আগেই সেখানে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শুরু হয় উচ্ছ্বাসের নতুন অধ্যায়। প্রতিটি পাস, নিখুঁত ড্রিবলিং, আক্রমণ আর গোলের মুহূর্তে করতালি, উল্লাসধ্বনি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

খেলা দেখতে আসা দর্শক সোহান বলেন, ‘প্রিয় দলের খেলা বড় পর্দায় উপভোগ করার আনন্দই আলাদা। আমরা ১০ জন বন্ধু একসঙ্গে খেলা দেখতে এসেছি। এমন আয়োজন সত্যিই দারুণ।’

স্থানীয় বাসিন্দারা জানান, কুষ্টিয়ায় বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার এমন উন্মুক্ত আয়োজন আগে খুব একটা দেখা যায়নি। ফলে প্রতিদিনই বাড়ছে দর্শকের ভিড়। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এসে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কুষ্টিয়াবাসী। তাদের প্রত্যাশা, খেলাধুলা, সংস্কৃতি ও শিক্ষাবান্ধব এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এতে শুধু শিক্ষার্থীরাই নয়, পুরো শহরের মানুষ একটি সুন্দর ও ইতিবাচক সামাজিক পরিবেশের অংশ হতে পারবে।

ইবি ছাত্রদলের নতুন কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইবি ছাত্রদলের নতুন কমিটি গঠন

দীর্ঘ পাচঁ বছরেরও অধিক সময় পর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ২০১১-১২  শিক্ষাবর্ষের মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদ। 

বুধবার (৮ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে উল্লেখ করে আগামী ত্রিশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

৩৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, মো. আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, মো. আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক। 

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন কে. এম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, মো. মেহমুদ হাসান উৎস, মো. আশিক ইকবাল, সজিব হোসাইন, রেজাউল ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, ইসমাম হোসেন তন্দ্রা, মোহাম্মদ আমির, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, নকিবুল ইসলাম অংকন, মো. আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, মো. সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া এবং রুবায়েত আহমেদ লিমন।

এ বিষয়ে নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের কমিটি হয়েছে এজন্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এবং আইনমন্ত্রীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।