• ই-পেপার

ডিজিটাল যুগে যেভাবে হারিয়ে যাচ্ছে নৈতিকতা

হাদিসের বাণী

আল্লাহ তাঁর বান্দাদের যেভাবে তাঁর দিকে আহ্বান করেন

ইসলামী জীবন ডেস্ক
আল্লাহ তাঁর বান্দাদের যেভাবে তাঁর দিকে আহ্বান করেন
সংগৃহীত ছবি

বিশিষ্ট সাহাবি আবু জর জুনদুব ইবনে জুনাদাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) তাঁর রব থেকে বর্ণনা করেন। মহান রব বলেছেন, ‘হে আমার বান্দারা, আমি জুলুমকে আমার নিজের জন্য হারাম করে দিয়েছি, তাই আমি জুলুমকে তোমাদের জন্যও হারাম করে দিলাম। সুতরাং তোমরা পরস্পর জুলুম কোরো না।’ ‘হে আমার বান্দারা, যাকে আমি হিদায়াত দিয়েছি, তারা ব্যতীত তোমরা সকলেই পথভ্রষ্ট। সুতরাং তোমরা আমার কাছে সঠিক পথ কামনা করো। আমি তোমাদের সঠিক পথ প্রদর্শন করব।’ ‘হে আমার বান্দারা, আমি যাদের জন্য আহারের ব্যবস্থা করি, তারা ব্যতীত তোমরা সকলেই ক্ষুধার্ত। সুতরাং তোমরা আমার কাছে আহার চাও, আমি তোমাদের জন্য আহারের ব্যবস্থা করে দেব।’

‘হে আমার বান্দারা, আমি যাকে বস্ত্র দান করেছি, সে ব্যতীত তোমরা সকলেই বস্ত্রহীন, সুতরাং তোমরা আমার কাছে বস্ত্র চাও। আমি তোমাদের বস্ত্র দান করব।’ ‘হে আমার বান্দারা, তোমরা দিন-রাত গুনাহ করে থাকো, আর আমি সমস্ত গুনাহ ক্ষমা করে থাকি। সুতরাং তোমরা আমার কাছে ক্ষমাপ্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব।’ ‘হে আমার বান্দারা, তোমরা কখনো আমার অপকার-উপকার কোনো কিছুই করতে পারবে না।’ ‘হে আমার বান্দারা, যদি তোমাদের আগে-পরের মানুষ ও জিনজাতির সকলের অন্তর নেককার ব্যক্তির অন্তরের মতো হয়ে যায়, তবুও এতে আমার রাজত্বের কোনো কিছু বৃদ্ধি করতে পারবে না।’ ‘হে আমার বান্দারা, যদি তোমাদের আগে-পরের মানুষ ও জিনজাতির সকলের অন্তর বদকার ব্যক্তির অন্তরের মতো হয়ে যায়, তবুও এতে আমার রাজত্বের কোনো হ্রাস করতে পারবে না।’

‘হে আমার বান্দারা, যদি তোমাদের আগে-পরের মানুষ ও জিনজাতির সবাই কোনো বিশাল ময়দানে একত্রিত হয়ে আমার কাছে কোনো কিছু চাও, আর আমি যদি তা দান করি, তাহলে তা আমার বিশাল ভাণ্ডার থেকে ততটুকুই কমতি হবে, যতটুকু হ্রাস পেয়ে থাকে কোনো সমুদ্রে সুঁই ডুবিয়ে পানি উঠালে।’ ‘হে আমার বান্দারা, আমি তোমাদের আমলসমূহ গণনা করে রাখছি, আমি তোমাদের তার পূর্ণ সাওয়াব দান করব।’ সুতরাং যে কল্যাণ লাভ করে, সে যেন আল্লাহর প্রশংসা করে। আর যে ব্যক্তি অকল্যাণ লাভ করে, সে যেন নিজেকে তিরস্কার করে। এই হাদিসের অন্য একজন বর্ণনাকারী আবু ইদরিস (রহ.) যখন এই হাদিস বর্ণনা করতেন, তখন হাঁটুগেড়ে বসে যেতেন। (সহিহ মুসলিম, হাদিস নং : ৬৫৭২, মুসনাদে আহমাদ, ২১৪২০)।

ইউরোপে প্রথমবারের মতো যে সরকারি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে স্বতন্ত্র ইসলামী ধর্মতত্ত্ব অনুষদ

ইসলামী জীবন ডেস্ক
ইউরোপে প্রথমবারের মতো যে সরকারি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে স্বতন্ত্র ইসলামী ধর্মতত্ত্ব অনুষদ
জার্মানির মুনস্টার বিশ্ববিদ্যালয়।

জার্মানির মুনস্টার বিশ্ববিদ্যালয়ে ইউরোপের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বতন্ত্র ইসলামিক ধর্মতত্ত্ব অনুষদ প্রতিষ্ঠা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৭ সালে তা উদ্বোধন করা হবে। ইতিমধ্যে নির্মাণাধীন ‘ক্যাম্পাস অব রিলিজিয়নস’-এ ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট ও ইসলামিক থিওলজির পাশাপাশি ধর্মতত্ত্ব বিভাগকে একই স্থানে আনা হবে। ২০২১ সাল থেকে পশ্চিম জার্মানির মুনস্টার শহরের এই বিশ্ববিদ্যালয়ে এই ক্যাম্পাস নির্মাণের কাজ চলছে।

মঙ্গলবার (৭ জুলাই) জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচ ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নবগঠিত অনুষদের প্রতিষ্ঠাতা ডিন মোহানাদ খোরশিদে বলেন, ইতিহাসের এক অনন্য অধ্যায়ের অংশ হতে পেরে আমি সৌভাগ্যবান। মুনস্টার বিশ্ববিদ্যালয়ে তার ১৫ বছরের কাজের দিকে তাকিয়ে তিনি বলেন, এই অর্জন তাকে গভীর কৃতজ্ঞতায় ভরিয়ে দিয়েছে।

তিনি বলেন, ‘আমরা ইসলামের একটি উদার, আলোকিত ও মুক্তমনা ব্যাখ্যার পক্ষে কাজ করতে চাই। তার মতে, এই অনুষদের প্রভাব শুধু ইউরোপেই নয়, সমগ্র মুসলিম বিশ্বেও পড়বে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইসলামিক থিওলজির প্রধান ছিলেন খোরশিদে। নতুন অনুষদ হওয়ায় এখন ইসলামিক থিওলজি নিজস্বভাবে পিএইচডি ও উচ্চতর গবেষণা ডিগ্রি প্রদান করতে পারবে এবং গবেষণা তহবিল সংগ্রহও সহজ হবে। আশা করা হচ্ছে, এই নতুন মর্যাদার ফলে তৃতীয় পক্ষের গবেষণা তহবিল সংগ্রহ করাও সহজতর হবে।

২০১২ সালে মাত্র ১৫ জন শিক্ষার্থী ও তিনজন কর্মী নিয়ে যাত্রা শুরু করা কেন্দ্রটিতে বর্তমানে আটজন অধ্যাপক ও ৫০ জনের বেশি কর্মী রয়েছেন। আগামী কয়েক বছরে শিক্ষার্থীর সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাবে বলে আশা করছেন খোরশিদে।

জার্মানির বিভিন্ন সরকারি স্কুলে ইসলাম ধর্ম শিক্ষা চালু হওয়ায় যোগ্য শিক্ষকের চাহিদাও দ্রুত বাড়ছে। দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফালিয়ায় প্রায় ৩ হাজার ইসলাম ধর্মের শিক্ষক প্রয়োজন হলেও বর্তমানে রয়েছেন মাত্র ৩৩০ জন।

২০২৭ সাল থেকে ইসলাম ও সমাজকর্ম নামে একটি স্নাতকোত্তর কোর্স চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান খোরশিদে। তিনি জানান এতে যুবসেবা, হাসপাতালের ধর্মীয় পরামর্শ, প্রবীণদের সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনবল তৈরির লক্ষ্য রাখা হয়েছে।

অনুষদের নীতিমালায় ইসলাম ও গণতন্ত্রের সামঞ্জস্য, কোরআনের সমকালীন ও গবেষণাভিত্তিক ব্যাখ্যা এবং আন্তধর্মীয় সংলাপের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে চরমপন্থা, ইহুদি-বিদ্বেষ এবং ইসলামবাদের বিরোধিতার কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

খোরশিদে বলেছেন, নতুন অনুষদের খবরটি প্রকাশ্যে আসার পর থেকে যে পরিমাণ আগ্রহ তৈরি হয়েছে, তাতে তিনি গভীরভাবে মুগ্ধ হয়েছেন। আফ্রিকা ও এশিয়ার মতো দূরবর্তী অঞ্চলের গণমাধ্যমগুলোও এই ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তিনি বিশেষভাবে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার কথা উল্লেখ করেন।

খোরশিদে বলেন, মানুষ একটি মুক্তমনা ইসলামের আকাঙ্ক্ষা করে। তিনি বিশ্বাস করেন, দীর্ঘমেয়াদে জার্মানির সীমানা ছাড়িয়ে ইসলামের ভবিষ্যৎ বিকাশ সংক্রান্ত বৃহত্তর রূপ দিতে মুনস্টার সাহায্য করতে পারে।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র নরবার্ট রবার্স বলেন, একই ছাদের নিচে খ্রিস্টান ও ইসলামিক থিওলজিকে একত্রিত করার উদ্যোগের শক্তিশালী প্রতীকী গুরুত্ব রয়েছে।

জার্মানির সাবেক শিক্ষামন্ত্রী আনেত্তে শাভান এই পদক্ষেপকে একটি মাইলফলক খ্যা দিয়ে বলেছেন, এটি ইউরোপজুড়ে একাডেমিক ধর্মতত্ত্বের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
 

জার্মানিতে উসমানী স্থাপত্যের শেহিতলিক জামে মসজিদ

ইসলামী জীবন ডেস্ক
জার্মানিতে উসমানী স্থাপত্যের শেহিতলিক জামে মসজিদ
সংগৃহীত ছবি

আধুনিক ইউরোপের বুকে ইসলামী স্থাপত্যের এক অনন্য সৌন্দর্যের নাম শেহিতলিক জামে মসজিদ। জার্মানির রাজধানী বার্লিনের নয়কোলন এলাকায় অবস্থিত এই দৃষ্টিনন্দন মসজিদটি শুধু নামাজের স্থানই নয়, বরং ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিত। ২০০৫ সালে নির্মাণকাজ সম্পন্ন হওয়া এই মসজিদটি পরিচালনা করছে তুর্কি ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স (DİTİB)। প্রখ্যাত স্থপতি হিলমি শেনাল্প উসমানীয় পুনর্জাগরণ শৈলীতে এর নকশা প্রণয়ন করেন। ১৬ ও ১৭ শতকের ধ্রুপদী আনাতোলিয়ান ও অটোমান স্থাপত্যের আদলে নির্মিত এই মসজিদটি আজ বার্লিনের অন্যতম দর্শনীয় ইসলামী স্থাপনা।

চারতলা বিশিষ্ট এই মসজিদে একসঙ্গে প্রায় ১,৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এর প্রধান গম্বুজের উচ্চতা ২১.৩ মিটার এবং আকাশছোঁয়া দুটি মিনারের প্রতিটির উচ্চতা ৩৭.১ মিটার, যা দূর থেকেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

মসজিদের অভ্যন্তরীণ সৌন্দর্যও সমানভাবে মুগ্ধকর। গম্বুজ ও দেয়ালজুড়ে সোনালি ক্যালিগ্রাফি, নীল ও লাল রঙের মনোরম অলংকরণ এবং রঙিন কাঁচের জানালা দিয়ে প্রবেশ করা প্রাকৃতিক আলোর সমন্বয়ে এক শান্ত, নান্দনিক ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছে। ইসলামী শিল্পকলার নিখুঁত প্রকাশ এই মসজিদের প্রতিটি কোণেই ফুটে উঠেছে। শেহিতলিক মসজিদ শুধু একটি ইবাদতখানাই নয়; এর সঙ্গে রয়েছে একটি সাংস্কৃতিক কেন্দ্র, তথ্য ও সভাকেন্দ্র এবং একটি ক্যাফে। ফলে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও আন্তধর্মীয় সংলাপের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মসজিদটির নামকরণ করা হয়েছে পাশের ঐতিহাসিক শেহিতলিক তুর্কি কবরস্থান থেকে। ১৮৬৬ সালে কূটনৈতিক কবরস্থান হিসেবে প্রতিষ্ঠিত এই স্থানে তুর্কি ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সমাধি রয়েছে। তবে সেখানে আর্মেনীয় গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযুক্ত চেমাল আজমি ও বাহাত্তিন শাকিরের কবর থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে বিতর্কও সৃষ্টি হয়েছে।

১৯৯৯ সালে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ছয় বছরের নির্মাণকাজ শেষে ২০০৫ সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তবে ২০১০ সালে মসজিদটি পরপর কয়েকবার অগ্নিসংযোগের হামলার শিকার হয়। পরে ২০১১ সালে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং আদালত তাকে দুই বছর নয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

শেহিতলিক জামে মসজিদ শুধু জার্মানিতে বসবাসরত মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্রই নয়; বরং ইউরোপে ইসলামী স্থাপত্য, ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক হিসেবেও সুপরিচিত। দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ও দর্শনার্থী প্রতিবছর এই মনোমুগ্ধকর স্থাপনাটি দেখতে বার্লিনে ছুটে আসেন।

সন্তানের জেদ কমাতে মাতা-পিতার করণীয়

ইসলামী জীবন ডেস্ক
সন্তানের জেদ কমাতে মাতা-পিতার করণীয়
সংগৃহীত ছবি

সংসারে সন্তান যেমন আনন্দের উৎস, তেমনি কখনো কখনো তার দুষ্টামি বা অতিরিক্ত জেদ বাবা-মায়ের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সবার সামনে কান্নাকাটি করা, মাটিতে গড়াগড়ি দেওয়া, কিংবা জেদ করে না খেয়ে থাকা—এমন পরিস্থিতিতে অনেক বাবা-মা-ই ধৈর্য হারিয়ে ফেলেন। কিন্তু মনে রাখতে হবে, রাগ বা শাসন করে শিশুর জেদ কমানো যায় না; বরং এর জন্য প্রয়োজন মনস্তাত্ত্বিক কৌশল এবং আধ্যাত্মিক আমলের সঠিক সমন্বয়।

শিশুর জেদ সামলানোর উপায়
শিশু যখন জেদ শুরু করে, তখন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দিতে বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দিয়ে থাকেন,

১. নেতিবাচক প্রতিক্রিয়া না দেখানো : শিশু যখন চিৎকার বা কান্না করবে, তখন আপনিও পাল্টা চিৎকার করবেন না। আপনার শান্ত থাকাটা তাকে শান্ত হতে সাহায্য করবে।

২. মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া : জেদের মূল কারণ থেকে শিশুর মনকে দ্রুত অন্য কোনো পছন্দের খেলনা বা মজার গল্পের দিকে ডাইভার্ট করুন।

৩. দাবি পূরণে তাড়াহুড়ো না করা : জেদ করলেই তার ইচ্ছা পূরণ করে ফেলবেন না। এতে শিশু ভাববে যে, কান্না বা জেদ করলেই সব পাওয়া যায়। তাকে শান্ত হতে দিন, তারপর বুঝিয়ে বলুন।

অবাধ্যতা দূরীকরণে হাদিসের নির্দেশনা
মনস্তাত্ত্বিক কৌশলের পাশাপাশি একজন মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হলো মহান আল্লাহর কাছে দোয়া ও কোরআনিক আমল। হাদিসে এ-সংক্রান্ত একটি বিশেষ আমলের কথা বর্ণিত হয়েছে। বিখ্যাত হাদিস গ্রন্থ আল-মুজামুল আউসাত লিত-তাবারানির ৬৪ নম্বর হাদিসে উল্লেখ আছে, ‘যে ব্যক্তির সন্তান বা গৃহপালিত প্রাণী তাকে কষ্ট দেয় (কথা শোনে না বা অবাধ্যতা করে), সে যেন তার কানে সুরা আলে ইমরানের ৮৩ নম্বর আয়াতটি পাঠ করে।’ (আল-মুজামুল আউসাত লিত-তাবারানি, হাদিস : ৬৪) 

তাই সন্তানের অতিরিক্ত জেদ দূর করতে, তাকে শান্ত ও অনুগত করতে ইসলামবিষয়ক বিশেষজ্ঞগণ পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের ৮৩ নম্বর আয়াতটির আমল করার পরামর্শ দিয়ে থাকেন। আয়াতটি হলো-

أَفَغَيْرَ دِينِ اللَّهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ

উচ্চারণ : ‘আফাগাইরা দ্বীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস-সামাওয়াতি ওয়াল ‍আরদি তাউআন ওয়া কারহান; ওয়া ইলাইহি ইউরজাউন।’

অর্থ : ‘তারা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য জীবন ব্যবস্থা তালাশ করছে? অথচ নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে—স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তাঁরই অনুগত হয়েছে। এবং সবাই তাঁর কাছেই ফিরে যাবে।’ (সুরা আলে ইমরান, আয়াত :  ৮৩)


যেভাবে আমলটি করবেন

প্রতিদিন যেকোনো একটি নির্দিষ্ট সময়ে সন্তানের কপালের উপরিভাগের চুলে (সামনের মাথার চুলে) ডান হাত রাখুন।
পরম বিশ্বাসের সঙ্গে ওপরের আয়াতটি ৭ বার পাঠ করুন।
পাঠ শেষে সন্তানের মুখমণ্ডল (চেহারা) এবং দুই কানে হালকা করে ফুঁ দিন। এই আমলটি অন্তত ২১ দিন নিয়মিত (লাগাতার) করতে হবে। মাঝখানে কোনো দিন বাদ দেওয়া যাবে না।

সন্তান আল্লাহর দেওয়া এক পবিত্র আমানত। তার স্বভাব গঠনে বাবা-মায়ের আচরণের প্রভাব সবচেয়ে বেশি। তাই পরিবারে সবসময় শান্ত ও সুন্দর পরিবেশ বজায় রাখুন। সন্তানের জেদের মুহূর্তে নিজে শান্ত থেকে মনস্তাত্ত্বিক কৌশল অবলম্বন করুন এবং পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ শেষে আল্লাহর কাছে সন্তানের জন্য চোখের পানি ফেলে দোয়া করুন। বাবা-মায়ের আন্তরিক দোয়া সাধারণত বিফলে যায় না।