• ই-পেপার

রেফারি বিতর্কে ফ্রান্স কোচের বিস্ফোরক মন্তব্য

মেক্সিকোর ডাগআউটে নতুন কোচ

ক্রীড়া ডেস্ক
মেক্সিকোর ডাগআউটে নতুন কোচ
ছবি : রয়টার্স

বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর হারে স্তব্ধ হয়েছিল মেক্সিকো। ঘরের মাঠে এমন বিদায়ের পর আর দায়িত্বে থাকেননি মেক্সিকান কোচ হাভিয়ের আগুয়েরে। তার আকস্মিক পদত্যাগের পর শূন্য হওয়া ডাগআউটের ব্যাটন এবার তুলে দেওয়া হলো দেশটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবল কিংবদন্তির হাতে। মেক্সিকোর নতুন কোচের চেয়ারে বসছেন কিংবদন্তি ডিফেন্ডার রাফায়েল মার্কুইজ।

ফুটবল দুনিয়ায় ‘এল কাইজার’ নামে সমধিক পরিচিত ৪৭ বছর বয়সী মার্কুইজকে মেক্সিকোর ইতিহাসের সর্বকালের সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচনা করেন অনেকে। এবার জাতীয় দলের ক্রান্তিকালে সেই চেনা কাপ্তানের কাঁধেই গুরুদায়িত্ব সঁপে দিল মেক্সিকান ফুটবল ফেডারেশন।

খেলোয়াড়ি জীবনে বার্সেলোনার সোনালী অধ্যায়ের অন্যতম সারথী ছিলেন মার্কুইজ। কাতালান ক্লাবটির জার্সিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও লা লিগাসহ জিতেছেন অসংখ্য ট্রফি। 

বিশ্বকাপ ফাইনালের বিরতির ১১ মিনিট মাতাবেন যারা

অনলাইন ডেস্ক
বিশ্বকাপ ফাইনালের বিরতির ১১ মিনিট মাতাবেন যারা

২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনালের প্রথমার্ধের বিরতির ১১ মিনিটের বিশেষ হাফটাইম শো-তে পারফর্ম করবেন বিশ্বখ্যাত কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।

আগামী ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিতব্য এই বর্ণাঢ্য পরিবেশনায় আরো অংশ নেবেন তাদের মধ্যে অন্যতম নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়, বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল, কোল্ডপ্লের অংশগ্রহণে পিএস২২ কোরাস এবং জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর মাপেট চরিত্রগুলো। অনুষ্ঠানটি ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশে আয়োজিত হচ্ছে।

এ প্রসঙ্গে জাস্টিন বিবার বলেন, ফিফা বিশ্বকাপ এমন একটি আসর, যা পৃথিবীর মানুষকে অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি একত্রিত করে।’

স্বাস্থ্যগত সমস্যার কারণে ‘জাস্টিস’ ওয়ার্ল্ড ট্যুর বাতিলের চার বছর পর চলতি বছরের বসন্তে ক্যালিফোর্নিয়ার কোচেলা উৎসবে মঞ্চে ফিরেছিলেন বিবার। সেখানে তিনি ‘বেবি’, ‘নেভার সে নেভার’, ‘ওয়ান টাইম’ এবং ‘বিউটি অ্যান্ড দ্য বিট’-সহ তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন।

ফিফার এই ঐতিহাসিক হাফ-টাইম শোর কিউরেশন করেছেন কোল্ডপ্লের ক্রিস মার্টিন। অনুষ্ঠানের মাধ্যমে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা বিশ্বজুড়ে শিশুদের শিক্ষায় ব্যয় করা হবে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করা কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ও আবারও একসঙ্গে মঞ্চে উঠবেন। তাদের যৌথ গান ‘দাই দাই’ টুর্নামেন্ট শুরুর পর থেকেই বিশ্বজুড়ে সংগীত চার্টে শীর্ষে রয়েছে এবং বিভিন্ন ম্যাচেও ব্যাপকভাবে বাজানো হচ্ছে।

এদিকে, ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই আসরের আয়োজক তিন দেশের দলই এরই মধ্যে বিদায় নিয়েছে।

বৃহস্পতিবার বোস্টনে ফ্রান্স ও মরক্কোর ম্যাচ দিয়ে কোয়ার্টার ফাইনাল পর্ব আবার শুরু হচ্ছে। শুক্রবার লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। শনিবার মিয়ামিতে খেলবে নরওয়ে ও ইংল্যান্ড, আর একই দিনে কানসাস সিটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে সুইজারল্যান্ড।

গোল্ডেন বুটের দৌড়ে এখন পর্যন্ত আট গোল নিয়ে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। তার ঠিক পেছনেই সাত গোল করে অবস্থান করছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের এরলিং হালান্ড। এছাড়া ইংল্যান্ডের হ্যারি কেইনের গোলসংখ্যা ছয়।

সূত্র : বিবিসি

বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি

ক্রীড়া ডেস্ক
বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি
সংগৃহীত ছবি

ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের রোমাঞ্চকর আবহ তখনো কাটেনি। মাঠের লড়াইয়ে যখন টানটান উত্তেজনা, ঠিক তখনই নেট দুনিয়ায় ঝড় তুলল ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের ড্রেসিংরুমের একটি ভিডিও। সতীর্থদের উদ্দেশে দেওয়া স্টোকসের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সেই আবেগঘন ভিডিও প্রকাশ হতেই বিশ্ব ক্রিকেটে তোলপাড় শুরু হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এবার বড় ধরনের আইনি গ্যাঁড়াকলে পড়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমের ভেতরের ভিডিও প্রকাশ করে আইসিসির ‘অ্যান্টি-করাপশন কোড’ বা দুর্নীতি দমন বিধিমালা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছে ইসিবি। 

বিবিসির বরাত দিয়ে জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শনিবার ইসিবিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে, খেলা চলাকালীন স্টোকসের অবসরের ঘোষণার ফুটেজ প্রকাশ করা খেলোয়াড় এবং ম্যাচ অফিশিয়ালদের সংরক্ষিত এলাকার (পিএমওএ) নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।

আইসিসির পিএমওএ ন্যূনতম মানদণ্ডের ২.২.১১ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন খেলোয়াড়দের ড্রেসিংরুমে ভিডিও বা অডিও সম্প্রচারের উদ্দেশ্যে স্থায়ী বা অস্থায়ী কোনো ভিডিও ক্যামেরা বা রেকর্ডিং সরঞ্জাম স্থাপন করতে পারবে না। শুধু তাই নয়, আইসিসি এর আগেও ইসিবিকে সতর্ক করেছিল যে, সংরক্ষিত এলাকায় ধারণকৃত যেকোনো ফুটেজে কোনো অডিও থাকা চলবে না এবং তা ম্যাচ শেষ হওয়ার আগে কোনোভাবেই প্রকাশ করা যাবে না। ইসিবি সেই নিয়ম ভেঙে খেলা চলাকালেই, বিশেষ করে চা-বিরতির ঠিক আগে ভিডিওটি প্রকাশ করে দেয়।

ভিডিওটি যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল, মাঠের নাটকীয়তা তখন তুঙ্গে। অবসরের ঘোষণা আসার পরপরই নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন ৩৫ বছর বয়সী স্টোকস। তবে বিদায়টা রাঙাতে পারেননি এই ইংলিশ কিংবদন্তি। ম্যাচটি ১৬০ রানে হেরে যায় ইংল্যান্ড, আর সেই সাথে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড। তবে নিয়ম ভাঙার অভিযোগ উঠলেও ইসিবির বিরুদ্ধে বড় কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া নাও হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

বিদায়লগ্নে সতীর্থদের উদ্দেশে ড্রেসিংরুমে আবেগে ভাসেননি স্টোকস, বরং তাগিদ দিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার। ড্রেসিংরুমের সেই গোপন ভিডিওতে স্টোকসকে বলতে শোনা যায়, ‘আগামী দুদিন কী হতে যাচ্ছে তা আমি জানি। অধিনায়ক হিসেবে এবং ইংল্যান্ডের প্রতিনিধি হিসেবে এটাই আমার শেষ দুদিন। কেন এই সিদ্ধান্ত, সেই কারণ পরে জানানো যাবে। তবে এই দলের জন্য, তোমাদের জন্য আমি এর আগেও বহুবার নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। এবার শেষবারের মতো আরেকবার দিতে চাই। তোমাদের কাছে আমার একটাই চাওয়া, তোমরাও কি আমার মতো সবটুকু উজাড় করে দেবে?’

দলের ফিল্ডিং কোচ সারা টেলরের দিকে ইঙ্গিত করে স্টোকস আরো বলেন, ‘ফলাফল যাই হোক না কেন, আমি শুধু মাঠ থেকে বের হওয়ার সময় এটা নিশ্চিত হতে চাই যে, আমার এই একঝাঁক ছেলে এবং একজন নারী (সারা টেলর) গত দুদিন নিজেদের সবকিছু ঢেলে দিয়েছে। আবেগের বহিঃপ্রকাশ, পিঠ চাপড়ে দেওয়া এসব ম্যাচ শেষ হওয়া পর্যন্ত তোলা থাক। কারণ আমাদের এখনো অনেক কাজ বাকি। চলো মাঠে যাই এবং আগামী দুদিন নিজেদের সবটুকু উজার করে দিই।’

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এবং ২০১৫ সালের ঐতিহ্যবাহী অ্যাশেজজয়ী বেন স্টোকস ৭,২৭৩ রান এবং ২৫২টি উইকেট নিয়ে তার বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন। 
 

ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন লিটন, বদলি ইমন

ক্রীড়া ডেস্ক
ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন লিটন, বদলি ইমন

টেস্ট খেলতে পারেননি, টি-টোয়েন্টি সিরিজ থেকে লিটন কুমার দাস নিজেই ছুটি নিয়েছেন। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবেন না জেনেই জিম্বাবুয়ে গিয়েছিলেন। এখন জানা গেল ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ থেকেও ছিটকে গেছেন তিনি। এই কিপার-ব্যাটসম্যানের বদলি হিসেবে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য পারভেজ হোসেন ইমন ডাক পেয়েছেন।

বুধবার (৮ জুলাই) রাতে এক বিবৃতিতে এ পরিবর্তনের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, লিটন প্রথম ওয়ানডেতেও খেলতে পারেননি এবং এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। বুধবার তার একটি ফিটনেস পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু ফল সন্তোষজনক হয়নি। সামনে টানা দুইটি ওয়ানডে থাকায় আমরা মনে করছি না, এই সময়ের মধ্যে সে ম্যাচ খেলার মতো পর্যাপ্ত উন্নতি করতে পারবে।

এখনও হ্যামস্ট্রিংয়ের সমস্যা রয়ে যাওয়ায় দেশে ফিরে আসবেন লিটন। দেশেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে।

গত মাসে ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় চোটে পড়েন লিটন। তখন ক্র্যাম্প মনে হলেও, পরে জানা যায় মাংসপেশির চোটে পড়েছেন।

ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ও প্রথম ওয়ানডে খেলতে পারেননি তিনি।

লিটনের বদলি হিসেবে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের জুলাইয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ করেন ১০৮ রান। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে সাত ইনিংসে একটি করে ফিফটি ও সেঞ্চুরিতে ২৯৯ রান করেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজের পরের দুই ম্যাচ হবে বৃহস্পতিবার ও শনিবার।