• ই-পেপার

বিশ্বকাপ ফাইনালের বিরতির ১১ মিনিট মাতাবেন যারা

বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি

ক্রীড়া ডেস্ক
বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি
সংগৃহীত ছবি

ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের রোমাঞ্চকর আবহ তখনো কাটেনি। মাঠের লড়াইয়ে যখন টানটান উত্তেজনা, ঠিক তখনই নেট দুনিয়ায় ঝড় তুলল ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের ড্রেসিংরুমের একটি ভিডিও। সতীর্থদের উদ্দেশে দেওয়া স্টোকসের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সেই আবেগঘন ভিডিও প্রকাশ হতেই বিশ্ব ক্রিকেটে তোলপাড় শুরু হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এবার বড় ধরনের আইনি গ্যাঁড়াকলে পড়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমের ভেতরের ভিডিও প্রকাশ করে আইসিসির ‘অ্যান্টি-করাপশন কোড’ বা দুর্নীতি দমন বিধিমালা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছে ইসিবি। 

বিবিসির বরাত দিয়ে জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শনিবার ইসিবিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে, খেলা চলাকালীন স্টোকসের অবসরের ঘোষণার ফুটেজ প্রকাশ করা খেলোয়াড় এবং ম্যাচ অফিশিয়ালদের সংরক্ষিত এলাকার (পিএমওএ) নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।

আইসিসির পিএমওএ ন্যূনতম মানদণ্ডের ২.২.১১ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন খেলোয়াড়দের ড্রেসিংরুমে ভিডিও বা অডিও সম্প্রচারের উদ্দেশ্যে স্থায়ী বা অস্থায়ী কোনো ভিডিও ক্যামেরা বা রেকর্ডিং সরঞ্জাম স্থাপন করতে পারবে না। শুধু তাই নয়, আইসিসি এর আগেও ইসিবিকে সতর্ক করেছিল যে, সংরক্ষিত এলাকায় ধারণকৃত যেকোনো ফুটেজে কোনো অডিও থাকা চলবে না এবং তা ম্যাচ শেষ হওয়ার আগে কোনোভাবেই প্রকাশ করা যাবে না। ইসিবি সেই নিয়ম ভেঙে খেলা চলাকালেই, বিশেষ করে চা-বিরতির ঠিক আগে ভিডিওটি প্রকাশ করে দেয়।

ভিডিওটি যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল, মাঠের নাটকীয়তা তখন তুঙ্গে। অবসরের ঘোষণা আসার পরপরই নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন ৩৫ বছর বয়সী স্টোকস। তবে বিদায়টা রাঙাতে পারেননি এই ইংলিশ কিংবদন্তি। ম্যাচটি ১৬০ রানে হেরে যায় ইংল্যান্ড, আর সেই সাথে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড। তবে নিয়ম ভাঙার অভিযোগ উঠলেও ইসিবির বিরুদ্ধে বড় কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া নাও হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

বিদায়লগ্নে সতীর্থদের উদ্দেশে ড্রেসিংরুমে আবেগে ভাসেননি স্টোকস, বরং তাগিদ দিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার। ড্রেসিংরুমের সেই গোপন ভিডিওতে স্টোকসকে বলতে শোনা যায়, ‘আগামী দুদিন কী হতে যাচ্ছে তা আমি জানি। অধিনায়ক হিসেবে এবং ইংল্যান্ডের প্রতিনিধি হিসেবে এটাই আমার শেষ দুদিন। কেন এই সিদ্ধান্ত, সেই কারণ পরে জানানো যাবে। তবে এই দলের জন্য, তোমাদের জন্য আমি এর আগেও বহুবার নিজের সবটুকু উজাড় করে দিয়েছি। এবার শেষবারের মতো আরেকবার দিতে চাই। তোমাদের কাছে আমার একটাই চাওয়া, তোমরাও কি আমার মতো সবটুকু উজাড় করে দেবে?’

দলের ফিল্ডিং কোচ সারা টেলরের দিকে ইঙ্গিত করে স্টোকস আরো বলেন, ‘ফলাফল যাই হোক না কেন, আমি শুধু মাঠ থেকে বের হওয়ার সময় এটা নিশ্চিত হতে চাই যে, আমার এই একঝাঁক ছেলে এবং একজন নারী (সারা টেলর) গত দুদিন নিজেদের সবকিছু ঢেলে দিয়েছে। আবেগের বহিঃপ্রকাশ, পিঠ চাপড়ে দেওয়া এসব ম্যাচ শেষ হওয়া পর্যন্ত তোলা থাক। কারণ আমাদের এখনো অনেক কাজ বাকি। চলো মাঠে যাই এবং আগামী দুদিন নিজেদের সবটুকু উজার করে দিই।’

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এবং ২০১৫ সালের ঐতিহ্যবাহী অ্যাশেজজয়ী বেন স্টোকস ৭,২৭৩ রান এবং ২৫২টি উইকেট নিয়ে তার বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন। 
 

ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন লিটন, বদলি ইমন

ক্রীড়া ডেস্ক
ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন লিটন, বদলি ইমন

টেস্ট খেলতে পারেননি, টি-টোয়েন্টি সিরিজ থেকে লিটন কুমার দাস নিজেই ছুটি নিয়েছেন। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবেন না জেনেই জিম্বাবুয়ে গিয়েছিলেন। এখন জানা গেল ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ থেকেও ছিটকে গেছেন তিনি। এই কিপার-ব্যাটসম্যানের বদলি হিসেবে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য পারভেজ হোসেন ইমন ডাক পেয়েছেন।

বুধবার (৮ জুলাই) রাতে এক বিবৃতিতে এ পরিবর্তনের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, লিটন প্রথম ওয়ানডেতেও খেলতে পারেননি এবং এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। বুধবার তার একটি ফিটনেস পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু ফল সন্তোষজনক হয়নি। সামনে টানা দুইটি ওয়ানডে থাকায় আমরা মনে করছি না, এই সময়ের মধ্যে সে ম্যাচ খেলার মতো পর্যাপ্ত উন্নতি করতে পারবে।

এখনও হ্যামস্ট্রিংয়ের সমস্যা রয়ে যাওয়ায় দেশে ফিরে আসবেন লিটন। দেশেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে।

গত মাসে ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় চোটে পড়েন লিটন। তখন ক্র্যাম্প মনে হলেও, পরে জানা যায় মাংসপেশির চোটে পড়েছেন।

ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ও প্রথম ওয়ানডে খেলতে পারেননি তিনি।

লিটনের বদলি হিসেবে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের জুলাইয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ করেন ১০৮ রান। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে সাত ইনিংসে একটি করে ফিফটি ও সেঞ্চুরিতে ২৯৯ রান করেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজের পরের দুই ম্যাচ হবে বৃহস্পতিবার ও শনিবার।

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনার দায়িত্বে আর্জেন্টিনার ৫ রেফারি

ক্রীড়া ডেস্ক
ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনার দায়িত্বে আর্জেন্টিনার ৫ রেফারি

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) একাধিক বির্তকিত সিদ্ধান্ত বিশ্ব ফুটবলে আলোচনার ঝড় তুলেছে।

আটলান্টায় কাল রাতে আর্জেন্টিনার কাছে অবিশ্বাস্যভাবে ৩-২ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর রেফারিকে নিয়ে তদন্তের দাবি জানিয়েছে মিশর। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে অভিযোগ মিশরের। 

এমন বির্তকের রেশ কাটতে না কাটতেই আরেকটি বিতর্কে যুক্ত হয়েছে আর্জেন্টিনার নাম।

বোস্টনে আগামীকাল রাতে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে এমন এক রেফারি প্যানেল নিয়োগ দেওয়া হয়েছে, যা চলতি বিশ্বকাপে আগের ৯৬টি ম্যাচে দেখা যায়নি। 

এই প্রথম কোনো ম্যাচে মাঠে ও মাঠের বাইরে মিলিয়ে ৫ জন অফিশিয়ালের সবাই এসেছেন একই দেশ থেকে—আর্জেন্টিনা! গতকাল ফিফা এই ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে। তবে বেশিরভাগ ফুটবলপ্রেমীর নজরে এসেছে আজ।

এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। কারণ, কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স, যারা সর্বশেষ দুটি বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে।

২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোয় কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স ৪-৩ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল। তবে ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা ৩-৩ গোলে ড্রয়ের পর পেনাল্টিতে ৪-২ ব্যবধানে জয়ী হয়।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট ফিফার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। তারা বলেছে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কোনো লজ্জা নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ফিফার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘ফ্রান্সের ম্যাচের জন্য সব আর্জেন্টিনার রেফারি। ফিফা আবারো আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ কারচুপি করার সব চেষ্টা করছে।’

অন্য একজন পোস্ট করেছেন, ‘ফিফা আর এটা লুকায় না। সবাই আর্জেন্টাইন। আপনারা মেসিকে কেন ভিএআর পরীক্ষা করার জন্য নিয়ে আসছেন না?’

মূল রেফারি হিসেবে ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে আর্জেন্টাইন ফাকুন্দো তেল্লোকে। ফ্রান্স-মরক্কো ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালেও তিনি দায়িত্বে ছিলেন।

তেল্লোর স্বদেশি জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদেকে সহকারী রেফারি হিসেবে দেখা যাবে। আরেক আর্জেন্টাইন দারিও হেরেরাকে চতুর্থ অফিশিয়াল হিসেবে রাখা হয়েছে। ক্রিস্তিয়ান নাভারো থাকবেন রিজার্ভ সহকারী রেফারি হিসেবে। তিনিও আর্জেন্টাইন।

৫ আর্জেন্টাইন রেফারি নিয়ে কথা বলেছেন ফরাসি ডিফেন্ডার দায়োত উপামেকানো। তিনি বলেন, ‘রেফারি কে হবেন, তার ওপর আমি মনোযোগ দিতে যাচ্ছি না। আমরা এর আগে কখনো এমনটি করিনি, আমরা মরক্কো ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছি। আমরা এই ম্যাচ জিততে চাই। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

ফাউলের পর ফাউল করেও এত কম কার্ড দেখেছে আর্জেন্টিনা!

ক্রীড়া ডেস্ক
ফাউলের পর ফাউল করেও এত কম কার্ড দেখেছে আর্জেন্টিনা!

একের পর এক ফাউল, প্রতিপক্ষ ফুটবলারকে বাজেভাবে ট্যাকল, জার্সি টেনে ধরা—এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার খেলোয়াড়ের এমন দৃশ্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। 

সবচেয়ে বেশি সমালোচিত ঘটনার জন্ম দিয়েছেন আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। নিজেদের বিশ্বকাপ অভিযান শুরুর দিনেই আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দিকে বুটের তলা উঁচিয়ে পায়ের পেছনের অংশে মাড়িয়ে দেওয়ার পরও মেসিকে কোনো কার্ড না দেখানো হয়নি।

এরপর অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে সাভের শালগারকে নিজেদের অর্ধে ফেলে দেন আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবু রেফারি ফাউল না ধরে খেলা চালিয়ে যেতে দেন। সেখান থেকেই আক্রমণ গড়ে তুলে গোল করেন মেসি। 

আর গত রাতে মিসরের সঙ্গে সুবিধা পাওয়ার দৃশ্যগুলো তো তরতাজাই। 

সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, এই যে আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা এত ফাউল করছেন, তবু তাদের খুব একটা খুঁত খুঁজে পাচ্ছেন না রেফারি। আলবিসেলেস্তেদের কার্ড দেখিয়ে সতর্কও করা হচ্ছে না তেমন। এর প্রতিবাদ করতে গেলে উল্টো মেসি-মার্তিনেজদের প্রতিপক্ষরাই কার্ড দেখছেন!

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে আর্জেন্টিনা এখন পর্যন্ত যে পাঁচ ম্যাচ খেলেছে, এর চারটিতেই প্রতিপক্ষের চেয়ে নিজেরা বেশি ফাউল করেছে। 
আলজেরিয়ার বিপক্ষে ১২টি, অস্ট্রিয়ার বিপক্ষে ১৩টি, মিসরের বিপক্ষে ১৩টি এমনকি নবাগত কেপ ভার্দের বিপক্ষেও ১৩টি ফাউল করেছে। একমাত্র কম ফাউল করেছে ফিফা র‌্যাংকিংয়ে বেশ পিছিয়ে থাকা দল জর্ডানের বিপক্ষে (৭টি)। 

ক্রীড়াভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ও কনটেন্ট প্ল্যাটফর্ম বোলাভিআইপি দিয়েছে আরেক চমকপ্রদ তথ্য। বিশ্বকাপে যে আট দল কোয়ার্টার ফাইনালে উঠেছে, তাদের মধ্যে ফাউলপ্রতি সবচেয়ে কম কার্ড দেখেছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল প্রতি ১৯.৭ ফাউলে কার্ড দেখেছে একটি।

বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি কার্ড দেখানো হয়েছে আর্জেন্টিনার খেলোয়াড়দের। সবই হলুদ কার্ড; লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়নি কাউকে।

কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের কার্ড দেখার অনুপাতে সবচেয়ে এগিয়ে ইংল্যান্ড। ইংলিশদের প্রতি ৭.৭ ফাউলে একবার কার্ড দেখিয়ে সতর্ক করেছেন রেফারিরা। 

সংখ্যার হিসেবে শেষ আটে ওঠা দলগুলোর মধ্যে সবচেয়ে কম ২টি কার্ড দেখেছে নরওয়ে। ব্রাজিলকে বিদায় করে দেওয়া নরওয়ে ফাউলও করেছে অনেক কম। পাঁচ ম্যাচ খেলে মাত্র ৪৮টি। আর্লিং হালান্ড-মার্টিন ওডেগার্ডদের খেলার ধরন ও মাঠে শৃঙ্খলা বা রেফারির কাছ থেকে বাড়তি সুবিধা পাওয়া নিয়েও কারো কোনো অভিযোগ নেই। 

কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের কার্ড দেখার অনুপাত

ইংল্যান্ড ⟩ প্রতি ৭.৭ ফাউলে এক কার্ড
মরক্কো ⟩ প্রতি ১০.২ ফাউলে এক কার্ড
সুইজারল্যান্ড ⟩ প্রতি ১১.৫ ফাউলে এক কার্ড
ফ্রান্স ⟩ প্রতি ১২.৩ ফাউলে এক কার্ড
বেলজিয়াম ⟩ প্রতি ১৫ ফাউলে এক কার্ড
স্পেন ⟩ প্রতি ১৮.৩ ফাউলে এক কার্ড
আর্জেন্টিনা ⟩ প্রতি ১৯.৭ ফাউলে এক কার্ড
নরওয়ে ⟩ প্রতি ২৪ ফাউলে এক কার্ড