ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখা।
মঙ্গলবার (৭ জুলাই) দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করেন। একই সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার, আগাছা পরিষ্কার এবং পানি জমে থাকার উপযোগী স্থানগুলো পরিদর্শন করে তা পরিষ্কার করা হয়।
আরো পড়ুন
জামালগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
মাঠ, ক্যাম্পাসের বিভিন্ন কোণা এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন করার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশের গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় সংগঠনের সদস্যরা শিক্ষার্থীদের উদ্দেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
তারা বলেন, নিজের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে চিকনগুনিয়া ও ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। পাশাপাশি নিয়মিত পানি জমে থাকা স্থান পরিষ্কার করা, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও অন্যান্য পাত্রে পানি জমতে না দেওয়া এবং পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়।
আরো পড়ুন
প্রকাশ্যে এলো সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক
ইতিহাস বিভাগের প্রভাষক ও বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার উপদেষ্টা সাব্বির রহমান বলেন, ‘পরিচ্ছন্নতা শুধু ব্যক্তিগত অভ্যাস নয়, এটি সামাজিক দায়িত্বও। ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে সচেতনতা এবং পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীরা যদি নিজ নিজ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তোলে, তাহলে এ ধরনের রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বসুন্ধরা শুভসংঘের এমন জনসচেতনতামূলক উদ্যোগ শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবী মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
কর্মসূচিতে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি।
আরো পড়ুন
মেহেরপুরে গরুবোঝাই ট্রলি উল্টে চালক নিহত, আহত ১০
তিনি বলেন, ‘ডেঙ্গু ও চিকনগুনিয়া বর্তমানে দেশের অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। রোগ প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; বরং সামাজিক সচেতনতা এবং সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তরুণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ ধরনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা একটি সচেতন, দায়িত্বশীল ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই। সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধ আরও কার্যকর হবে।’
দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি অরূপ কুমার রায় বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সবসময় সামাজিক দায়িত্ববোধ থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির মতো উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
আরো পড়ুন
ঢাকায় গত ২০ বছরে নগরায়ণের নামে নরকায়ন হয়েছে: গুলশান সোসাইটির সভাপতি
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের প্রভাষক ও বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার উপদেষ্টা সাব্বির রহমান,বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি, কলেজ শাখার সভাপতি অরূপ কুমার রায়, সহসভাপতি শাহরিয়ার কবির, প্রদীপা রাণী, মো. আব্দুল্লাহ আল মামুন ও নাইমুর রহমান দুর্জয়, সাধারণ সম্পাদক জাকির হোসেন রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আতিকুল ইসলাম আতিক, অনন্যা অনু ও আসাদুন নাহার মুক্তা, তথ্য সম্পাদক মো. মোনাইম হাসান নিয়ন, সহ-ক্রীড়া সম্পাদক সেলিম আরিফ, সাহিত্যবিষয়ক সম্পাদক পাওয়েল চন্দ্র দেব শর্মা, মানবকল্যাণবিষয়ক সম্পাদক অঞ্জলি সরকার, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ বাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।