‘সবুজে সুন্দর আগামী’ প্রতিপাদ্যকে সামনে রেখে সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্য ও পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা প্রাঙ্গণে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্যাম্পাসকে সবুজ করার অঙ্গীকার করেছেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানের অংশ হিসেবে ক্যাম্পাস প্রাঙ্গণে সোনালু ফুল, জারুল, কৃষ্ণচূড়া, কাঠগোলাপ, আম, কাঁঠাল, নিমসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন তারা।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিবেশবান্ধব ও সবুজ চত্বর হিসেবে গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের এই ধরনের সচেতনতামূলক ও সামাজিক কাজ পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য ইতিবাচক বার্তা বহন করে। প্রশাসন সবসময়ই বসুন্ধরা শুভসংঘের পাশে থাকবে এবং রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করবে।’
বসুন্ধরা শুভসংঘের সাবেক সভাপতি মো. জুনায়েত শেখ বলেন, ‘শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে। বৃক্ষরোপণ কেবল একটি কর্মসূচি নয়, বরং সবুজ ও নির্মল ক্যাম্পাস গড়ার অঙ্গীকার। পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এবং প্রকৃতিকে ভালোবাসার চর্চায় এ ধরনের ইতিবাচক উদ্যোগ আমাদের ক্যাম্পাসকে আরো সুন্দর করে তুলবে বলে আমি বিশ্বাস করি।’
বসুন্ধরা শুভসংঘের জবি শাখার সদস্য জান্নাতুল মাওয়া লিশা বলেন, ‘দেশের পরিবেশকে সবুজায়নের লক্ষ্যে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ক্যাম্পাসে গাছগুলো যেমন পরিবেশকে সুন্দর করে তোলে, তেমনি এর পরিচর্যা করা আমাদের জন্যও আনন্দের।’
বসুন্ধরা শুভসংঘের আরেক সদস্য তৌফিক হোসেন বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুন্দর সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যেই আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন পরিবেশ রক্ষায় নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হয়। আমাদের এই ছোট উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম জাগিয়ে তোলাই মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম আমরা অব্যাহত রাখব।’
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুভসংঘের সদস্য রুপা, বিথি, রিতু রায়, তৌহিদ হেসেন, আলী কাজী, রোকন হোসেন, সামিয়া আক্তার, রোকেয়া আক্তার, আয়েশা আক্তার, তহমিনাসহ অন্যরা উপস্থিত ছিলেন।








