• ই-পেপার

কাঠালিয়ায় বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ

মেহেরপুরে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মেহেরপুরে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
ছবি: কালের কণ্ঠ

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের যৌথ উদ্যোগে মেহেরপুরে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বেলা ১টার দিকে সদর উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয় এবং বিদ্যালয় চত্বরে প্রতীকী বৃক্ষরোপণ করা হয়।

মেহেরপুর জেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি রফিকুল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু এবং বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. ইয়াদুল মোমিন।

সভাপতির বক্তব্যে রফিকুল আলম বকুল বলেন, ‘একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎও সুরক্ষিত রাখে। বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘ পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের হাতে একটি করে গাছ তুলে দেওয়ার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়কে আরও দৃঢ় করতে চাই।’

মাহাবুব চান্দু বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’

মো. ইয়াদুল মোমিন বলেন, ‘বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘ শুধু গাছের চারা বিতরণ করছে না, নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার বীজও বপন করছে। প্রত্যেকে যদি অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তবে আগামী দিনের বাংলাদেশ আরো সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।

তিনি আরো বলেন, সংগঠনটি নিয়মিত বৃক্ষরোপণের পাশাপাশি সেলাই মেশিন, কম্বল ও আর্থিক সহায়তা প্রদানসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ বাশার, কামরুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজিদ ইসলাম ও মো. আসাদুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক মুনতাসির মাহামুদ, দপ্তর সম্পাদক রাফি হাসান, নারী বিষয়ক সম্পাদক মোছা. মৌসুমী খাতুন, কার্যনির্বাহী সদস্য অনিক ইসলাম, মোস্তফা জাবাল, উম্মে মুবাশ্বারা ইসলাম মুনিয়া, মো. সাকিব শেখসহ সংগঠনের অন্যান্য সদস্য।

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ‘নাগরিক দায়িত্ব ও সামাজিক সম্প্রীতি’ শীর্ষক মুক্ত আলোচনা

অনলাইন ডেস্ক
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ‘নাগরিক দায়িত্ব ও সামাজিক সম্প্রীতি’ শীর্ষক মুক্ত আলোচনা

গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলা শাখার আয়োজনে ‘নাগরিক দায়িত্ব ও সামাজিক সম্প্রীতি’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সমাজে দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা, পারস্পরিক সম্প্রীতি জোরদার করা এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

গতকাল সোমবার (০৬ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবীরা অংশ নেন। আলোচনাসভায় নাগরিক সচেতনতা, সামাজিক মূল্যবোধ, আইন মেনে চলার গুরুত্ব এবং একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সাদুল্লাহপুর উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে মুক্ত আলোচনায় অংশ নেন গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা হুমায়ুন আহমেদ বিপ্লব, জেলা শাখার সভাপতি আহসান আজিম প্রধান, সাধারণ সম্পাদক আহসানিয়া তাসনিম, সুমাইয়া আক্তার, জান্নাতুল আক্তার, আশিদুল রহমান, দিবাকর মোদক কাব্যসহ সংগঠনের অন্য নেতারা ও স্বেচ্ছাসেবীরা।

আলোচনায় বক্তারা বলেন, একজন দায়িত্বশীল নাগরিক শুধু নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকেন না, বরং নিজের দায়িত্বও যথাযথভাবে পালন করেন। আইন মেনে চলা, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকা, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করা প্রতিটি নাগরিকের কর্তব্য।

বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, বিভ্রান্তি ও বিদ্বেষমূলক প্রচারণা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। এসব থেকে দূরে থেকে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তরুণদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, বৃক্ষরোপণ, রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠন সম্ভব। এ ক্ষেত্রে বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।

বক্তারা স্বেচ্ছাসেবীদের উদ্দেশে বলেন, দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সচেতন, দায়িত্বশীল ও সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

আলোচনা শেষে উপস্থিত সবাই নাগরিক দায়িত্ব পালনে সচেতন হওয়ার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

হালুয়াঘাটে বসুন্ধরা শুভসংঘের ফুটবল বিতরণ ও প্রীতি ম্যাচ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
হালুয়াঘাটে বসুন্ধরা শুভসংঘের ফুটবল বিতরণ ও প্রীতি ম্যাচ
ছবি: কালের কণ্ঠ

ময়মনসিংহের হালুয়াঘাটে কিশোর-তরুণদের মাদক, অপরাধ ও ইন্টারনেট আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ফুটবল বিতরণ এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখা।

সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকার কিশোর-তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধনের মধ্য দিয়ে আয়োজনের সূচনা করা হয়। পরে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে খেলোয়াড়দের উৎসাহিত করতে তাদের হাতে ফুটবল তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সুস্থ, সচেতন ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সময়ে মাদকাসক্তি, কিশোর অপরাধ এবং অতিরিক্ত ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহারের নেতিবাচক প্রভাব থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যেই বসুন্ধরা শুভসংঘ বিভিন্ন সামাজিক ও ক্রীড়াভিত্তিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

বক্তারা বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়; এটি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা এবং দলগত চেতনা গড়ে তোলে। মাঠমুখী তরুণরাই একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে পারে। তাই যুবসমাজকে নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার উপদেষ্টা নাফিউল হাসান মুবিন, সহসভাপতি শাহ আলম জীবন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল তামিম, সহসাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান সাদমান ও ফাহিম ইসলাম শুভ, কার্যকরী সদস্য রুবেল মিয়া, শাকাআত হোসেন, কামরুজ্জামান খান, ওয়াকিল আহমেদ সহ সংগঠনের অন্য সদস্যরা।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা, স্বেচ্ছাসেবা এবং মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে এ ধরনের সামাজিক ও ক্রীড়াভিত্তিক কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে। তাদের প্রত্যাশা, এমন উদ্যোগ তরুণদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তোলার পাশাপাশি একটি সুস্থ, সুন্দর ও দায়িত্বশীল সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে।

খুলনায় ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ-বনজ গাছের চারা বিতরণ

অনলাইন ডেস্ক
খুলনায় ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ-বনজ গাছের চারা বিতরণ

খুলনার পাইকগাছায় বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) উপজেলার কপিলমুনি ইউনিয়নের পিটিডি একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি পালিত হয়।

পিটিডি একাডেমির অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পির সার্বিক তত্ত্বাবধানে এবং বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার সভাপতি বিপুল রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির নেতা শাহাদাত হোসেন ডাবলু, কপিলমুনি সিটি প্রেস ক্লাবের সভাপতি এ কে এম আজাদ, প্রধান শিক্ষক আব্দুর রহমান, জামায়াত নেতা রুহুল কুদ্দুস, সাংবাদিক পলাশ কর্মকার, রফিকুল ইসলাম খান ও আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আজকের শিশুরা আগামী দিনের পৃথিবীর অভিভাবক। তাদের হাতে একটি গাছ তুলে দেওয়ার অর্থ একটি সবুজ ভবিষ্যতের বীজ বপন করা। তাই শুধু গাছ লাগালে হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমে এ উদ্যোগ সফল হবে।’