‘সবুজে সুন্দর আগামী’ প্রতিপাদ্যে ঝালকাঠির কাঠালিয়ায় বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা সদর ইউনিয়নের উত্তর আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে দুটি করে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশে চারা রোপণ এবং পরিচর্যার অঙ্গীকার করে।
বসুন্ধরা শুভসংঘের কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সাকিবুজ্জামান সবুরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তৈমুর হোসেন অপুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান রিপন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ফাতেমা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর ও সাংবাদিক ফারুক হোসেন খান, উপসহকারি কৃষি অফিসার অদিতি রানী, মো.আমিরুল ইসলাম মুরাদ ও সাংবাদিক আমিনুল ইসলাম, সাংবাদিক মো.শাহ জামাল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক আহবায়ক হাসিব ভুট্রো, শিক্ষক হালিমা আক্তার, মাসুমা আক্তার, শিক্ষার্থী তাসমিয়া জাহান আদিবা ও তাসনিম আক্তার।
বক্তারা বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। জলবায়ু পরির্বতনের ভয়াবহ প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করতে অধিক পরিমান গাছ লাগাতে হবে। সেই যাত্রা হিসেবে শিশুদের হাতে গাছের তুলে দেওয়া হলো। এই শিশুরাই আগামী দিনের অভিভাবক হয়ে পরিবেশ রক্ষা করবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমে এ উদ্যোগ সফল করতে হবে।’
পরে প্রধান অতিথি স্কুল আঙিনায় কাঁঠাল ও নিমের চারা রোপন করেন।








