ময়মনসিংহের হালুয়াঘাটে কিশোর-তরুণদের মাদক, অপরাধ ও ইন্টারনেট আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ফুটবল বিতরণ এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখা।
সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকার কিশোর-তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধনের মধ্য দিয়ে আয়োজনের সূচনা করা হয়। পরে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে খেলোয়াড়দের উৎসাহিত করতে তাদের হাতে ফুটবল তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সুস্থ, সচেতন ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সময়ে মাদকাসক্তি, কিশোর অপরাধ এবং অতিরিক্ত ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহারের নেতিবাচক প্রভাব থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যেই বসুন্ধরা শুভসংঘ বিভিন্ন সামাজিক ও ক্রীড়াভিত্তিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।
বক্তারা বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়; এটি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা এবং দলগত চেতনা গড়ে তোলে। মাঠমুখী তরুণরাই একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে পারে। তাই যুবসমাজকে নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার উপদেষ্টা নাফিউল হাসান মুবিন, সহসভাপতি শাহ আলম জীবন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল তামিম, সহসাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান সাদমান ও ফাহিম ইসলাম শুভ, কার্যকরী সদস্য রুবেল মিয়া, শাকাআত হোসেন, কামরুজ্জামান খান, ওয়াকিল আহমেদ সহ সংগঠনের অন্য সদস্যরা।
অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা, স্বেচ্ছাসেবা এবং মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে এ ধরনের সামাজিক ও ক্রীড়াভিত্তিক কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে। তাদের প্রত্যাশা, এমন উদ্যোগ তরুণদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তোলার পাশাপাশি একটি সুস্থ, সুন্দর ও দায়িত্বশীল সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে।








