‘সবুজে সুন্দর আগামী’ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে মানিকগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে তিন শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শতাধিক গাছের চারা দিয়ে সহযোগিতার হাত বাড়িতে দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ্ কবির।
সোমবার (৬ জুলাই) ঘিওর উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিল্টু আনসারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান শিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বানিয়াজুড়ি ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ অলিউল হক।
অতিথির বক্তব্যে বিল্টু আনসারি বলেন, ‘আজ তোমরা যে গাছটি রোপণ করবে, সেটিই আগামী দিনের নিরাপদ পৃথিবী গড়ার ভিত্তি হবে। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাব মোকাবিলায় গাছই সবচেয়ে বড় হাতিয়ার। শুধু গাছ লাগালেই হবে না, তার নিয়মিত পরিচর্যাও করতে হবে। তাহলেই এই উদ্যোগ সফল হবে।’
অধ্যক্ষ মোহাম্মদ অলিউল হক বলেন, ‘পরিবেশ রক্ষায় বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের সবাই যদি এমন সচেতনতা নিয়ে এগিয়ে আসে, তাহলে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’
সভাপতির বক্তব্যে হাসান শিকদার বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক ও জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণেও আমরা নিয়মিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নাঈমুর রহমান প্রাবণ। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক দায়িত্ব পালন করেন জেলা শাখার সহসভাপতি জহিরুল ইসলাম তুষার, সমাজকল্যাণ সম্পাদক মো. বুলবুল হাসান, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ সাইফী এবং সদস্য আয়েশা ফারিয়া, মাহিয়া মাহি ও সুষ্মিতা সরকার।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির আঙিনা ও পছন্দের স্থানে চারা রোপণ এবং সেগুলোর নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করেন। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





