• ই-পেপার

উগান্ডার সুবিধাবঞ্চিত শিশুদের পাশে বেলা হাদিদ

‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব

বিনোদন প্রতিবেদক
‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব
সংগৃহীত ছবি

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরিবারের দাবি, প্রিয় দলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষ সহ্য করতে না পেরে ওই তরুণ আত্মহত্যা করেছেন। 

ঘটনাটি জানার পর গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

সোমবার (৬ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন (২১) ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। 

পরিবারের ভাষ্য, ব্রাজিলের পরাজয়ের পর বিভিন্ন কটাক্ষে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

নিজেও ব্রাজিলের সমর্থক হওয়ায় ঘটনাটি অপূর্বকে নাড়া দিয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি খেলাকে বিনোদনের জায়গায় রাখার আহ্বান জানান এবং জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেন।

অপূর্ব লিখেছেন, ‘ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে সুইসাইড করেছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান। এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে সেটা জীবনের থেকে যেন বড় না হয়। কারণ দিনশেষে এটা শুধু একটা খেলা।’

খেলাকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা ও ট্রল থাকলেও তা যেন সীমা না ছাড়ায়, সেই আহ্বানও জানিয়েছেন এই অভিনেতা।

তার কথায়, ‘ট্রল খেলার অংশ। তবে অতিরিক্ত ট্রল, অপমান বা হেয় করাটাও বন্ধ করুন। আপনার কাছে এটা মজা হতে পারে, কিন্তু অন্য কারো জন্য সেটা মানসিকভাবে অনেক কষ্টের কারণ হতে পারে।’

সবশেষে জীবনকে খেলার চেয়ে বেশি মূল্য দেওয়ার আহ্বান জানিয়ে অপূর্ব লিখেছেন, ‘একটা দল হারলে আবার জিতবে, আজ ট্রফি না পেলে সামনে আবার পাবে। কিন্তু একটা জীবন চলে গেলে সেটা আর ফিরে আসে না।’

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক এফ আই মানিক

বিনোদন প্রতিবেদক
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক এফ আই মানিক
সংগৃহীত ছবি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অর্পূব রানা।

তিনি জানান, রাতে নিকেতনে নিজের বাসায় ফিরছিলেন এফ আই মানিক। বেগুনবাড়ী মোড় পার হয়ে হাতিরঝিল গোলচক্কর থেকে নিকেতন রোডে ঢোকার সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

অর্পূব রানা বলেন, ‘প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, মানিক ভাইয়ের বাম হাত ভেঙে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষত রয়েছে। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

তিনি আরো জানান, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরই পরিচালকের শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে। শরীরের অন্য কোনো হাড় ভেঙেছে কি না, সেটিও পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া সম্ভব হবে।

বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে এফ আই মানিক দীর্ঘ সময় ধরে সফল নির্মাতা হিসেবে কাজ করেছেন। নব্বইয়ের দশক থেকে দুই হাজার দশকের শুরুর দিকে তিনি একের পর এক দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা নির্মাণ করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘স্বপ্নের বাসর’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’ এবং ‘দাদীমা’।

ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী স্লেন কেলি

অনলাইন ডেস্ক
ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী স্লেন কেলি

ইংল্যান্ডের ১৬ শতকের পটভূমিতে নির্মিত জনপ্রিয় সিরিজ ‘দ্য টিউডরস’-এ ক্যাথরিন হাওয়ার্ডের কাজিন জেনের চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করা আইরিশ অভিনেত্রী স্লেন কেলি মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর গত ৪ জুলাই নিজ বাড়িতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টার ইউকের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী স্লেন কেলি। মৃত্যুর সময় তার প্রিয়জনরা পাশেই ছিলেন এবং পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিনেত্রীর পরিবার থেকে শোকবার্তায় বলা হয়েছে, ‘স্লেন কেলি, তার ভালোবাসার পরিবারের সদস্যদের উপস্থিতিতে নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। তিনি ম্যারিয়ন ও জো কেলির প্রিয় কন্যা। নক্সের স্নেহময়ী মা, ড্যারাঘের অত্যন্ত প্রিয় বোন, ম্যাগসের ননদ ও এলিজার আদরের ফুফু/খালা ছিলেন। স্লেন কেলিকে তার পরিবার, বন্ধু-বান্ধব এবং যারা তাকে চিনতেন সবাই গভীরভাবে মিস করবেন।’

এছাড়াও শোকবার্তায় বলা হয়েছে, ‘তিনি একজন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক হিসেবে নিজ কাজ, প্রাণবন্ত চেতনা এবং “সেন্ট অ্যানস সিটি ফার্ম” প্রতিষ্ঠায় সহায়তার জন্য শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন।’

তবে শোকবার্তা ও শ্রদ্ধাঞ্জলিতে তার মৃত্যুর নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। স্লেন কেলির বন্ধু ‘শেমলেস’ খ্যাত তারকা প্যাডি সি কোর্টনি জানিয়েছেন, ক্যান্সারের কারণে তার জীবনটি অকালে শেষ হলো। এটি সত্যি খুবই দুঃখজনক।

প্রসঙ্গত, অভিনেত্রী স্লেন কেলি প্রাইম ভিডিওর ‘দ্য ও’ব্রায়েনস’ শোয়ে উনা ব্লেকের চরিত্রে অভিনয় করেছেন এবং অনুষ্ঠানটি প্রযোজনাও করেছেন। তিনি ‘দ্য টিউডরস’ ধারাবাহিকে জেন হাওয়ার্ডের চরিত্রে অভিনয় করেন, যিনি কিনা রাজা অষ্টম হেনরির প্রাক্তন প্রেমিকা এবং তার পঞ্চম স্ত্রী ক্যাথরিন হাওয়ার্ডের কাজিন ছিলেন।

এছাড়া ‘রাইজ অব দ্য ফুটসোলজার ২’ চলচ্চিত্রে লুসি চরিত্রে অভিনয় করেও দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। আবার আয়ারল্যান্ড এবং থাইলান্ডে শুটিং হওয়া ‘ব্যারিস টি’র একটি আইকনিক বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের জন্য বেশ পরিচিত ছিলেন এ তারকা।

আড়াল ভেঙে ফিরছেন বুবলী

বিনোদন প্রতিবেদক
আড়াল ভেঙে ফিরছেন বুবলী
সংগৃহীত ছবি

মাতৃত্বের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কন্যাসন্তানের জন্মের পর প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি তাকে। ঈদে একাধিক সিনেমা মুক্তি পেলেও প্রচারণা কিংবা জনসমক্ষে অনুপস্থিত ছিলেন এই অভিনেত্রী। 

তবে এবার জানা গেল বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফিরবেন বুবলী। ছবিটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা আদর আজাদ।

শাড়িতে নায়িকা বুবলীর আকর্ষণীয় সাতটি ছবি

বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বুবলীর সঙ্গে কথা হয়েছে। তার শারীরিক অবস্থা কিছুটা পরিবর্তন সাপেক্ষে সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরবে বলেন কথা দিয়েছেন বুবলী।’

পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। সিনেমাটিতে আদর আজাদকে দেখা যাবে একজন শিয়া যুবকের চরিত্রে। অন্যদিকে বুবলী অভিনয় করবেন একজন সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে তাঁদের উর্দু ভাষায়ও সংলাপ বলতে দেখা যাবে।

নির্মাতা জানান, বুবলী আপাতত সন্তান ও নিজের শারীরিক সুস্থতার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। তাই তার অংশের শুটিং শুরু হওয়ার আগে ছবির অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে।

Post by Shobnom BubLy on X: Saree ?

এ প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছুটা দিন সময় নেবেন, তাই আমরা এর মধ্যে অন্যান্য অংশের শুটিংগুলো শুরু করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য পুরান ঢাকাকে নিয়ে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করা।’

নামের কারণে এটি বাণিজ্যিক চলচ্চিত্র বলে মনে হলেও নির্মাতার পরিকল্পনা ভিন্ন। 

তার কথায়, ‘ঢাকাইয়া দেবদাস’ মূলত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করেই নির্মিত হচ্ছে। পরে দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি দেওয়া হবে।