• ই-পেপার

‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব

আর্জেন্টিনার সমর্থক হয়ে মিশরের জয় চান নায়িকা বর্ষা

বিনোদন প্রতিবেদক
আর্জেন্টিনার সমর্থক হয়ে মিশরের জয় চান নায়িকা বর্ষা
সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত প্রিয় দলের খেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাকে। তবে বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভিন্ন এক বার্তা দিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

আজ রাত ১০টায় বিশ্বকাপের নকআউট পর্বে আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। ম্যাচটি ঘিরে নিজের অবস্থান জানাতে গিয়ে বর্ষা জানান, প্রিয় দল হারলেও তার কষ্ট হবে না। কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন ধর্মীয় অনুভূতির বিষয়টি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে বর্ষা লিখেছেন, ‘আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক; আমিন।’

May be an image of text

বর্ষার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। একদল অনুসারী তার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আবার অনেকে মনে করছেন, খেলাধুলার সঙ্গে ধর্মীয় পরিচয়কে যুক্ত করা উচিত নয় এবং এ ধরনের মন্তব্য অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করতে পারে।

প্রসঙ্গত, ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেকের পর থেকে আফিয়া নুসরাত বর্ষাকে মূলত স্বামী অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত সিনেমাগুলোতেই দেখা গেছে। গত বছর তারা অভিনয়জীবন থেকে সরে গিয়ে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঘোষণা দিলেও পরে সিদ্ধান্তে পরিবর্তন আনেন। 

বর্তমানে হাতে থাকা চলচ্চিত্রগুলোর কাজ শেষ করার পাশাপাশি নতুন কিছু প্রকল্পেও তাদের যুক্ত হওয়ার খবর রয়েছে। শিগগিরই ‘কিল হিম ২’-এর শুটিংয়ে অংশ নেওয়ার কথাও শোনা যাচ্ছে।

পলির অভিযোগ নিয়ে মুখ খুললেন শিবা শানু

বিনোদন প্রতিবেদক
পলির অভিযোগ নিয়ে মুখ খুললেন শিবা শানু
সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হলেও তা ঘিরে আলোচনা-সমালোচনা থামেনি। ভোটগ্রহণ ও ফল ঘোষণার পর বিভিন্ন অভিযোগ সামনে এনেছেন কয়েকজন শিল্পী। এর মধ্যে নির্বাচনে অর্থের প্রভাব ছিল বলে অভিযোগ করেন চিত্রনায়িকা পলি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি শিবা শানু।

তিনি মনে করেন, নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ এবং পরাজয়ের পর অনেক সময় হতাশা বা অভিমানের জায়গা থেকে বিভিন্ন মন্তব্য আসে। তাই অভিযোগগুলোকে তিনি সেভাবেই দেখছেন।

শিবা শানু বলেন, ‘নির্বাচনে পরাজয় হলে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়। আবার বিভিন্ন ধরনের কথা শুনতে হলে সেই কষ্ট আরো বেড়ে যায়। আমি বিশ্বাস করি, সময়ের সঙ্গে এই খারাপ লাগা কেটে যাবে।’

নবনির্বাচিত কমিটির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, শিল্পী সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করতে একাধিক উপকমিটি গঠন করা হবে। সেখানে শুধু বিজয়ী সদস্যরাই নন, নির্বাচনে অংশ নেওয়া পরাজিত প্রার্থীদেরও যুক্ত করা হবে, যাতে সবাই মিলে শিল্পীদের কল্যাণে কাজ করতে পারেন।

তিনি বলেন, ‘যারা নির্বাচনে অংশ নিয়েছেন, তারা সবাই শিল্পীদের জন্য কাজ করার ইচ্ছা নিয়েই এসেছেন। তাই তাদের অভিজ্ঞতা ও আগ্রহকে কাজে লাগাতে চাই। উপকমিটিগুলোতে তাদের সম্পৃক্ত করা হবে, যাতে সবাই মিলে শিল্পী সমিতিকে এগিয়ে নেওয়া যায়।’

চিত্রনায়িকা পলির অর্থের প্রভাব সংক্রান্ত অভিযোগ নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন শিবা শানু। অভিযোগটি সরাসরি অস্বীকার না করলেও তিনি মনে করেন, এটি হয়তো নির্বাচনে পরাজয়ের হতাশা থেকেই এসেছে। পাশাপাশি পলির বক্তব্য বিস্তারিতভাবে শুনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।

তার কথায়, তিনি যে অভিযোগ করেছেন, আমার মনে হয় না কেউ টাকার জন্য এখানে এসেছে। হয়তো পরাজয়ের কষ্ট থেকে এমন কথা বলেছেন। তিনি প্রকাশ করেছেন, কিন্তু বিষয়টি নিয়ে আগে তার সঙ্গে কথা বলতে চাই। তিনি কী বলতে চাচ্ছেন, সেটা শুনে তারপর প্রয়োজন হলে সিদ্ধান্ত নেওয়া হবে।

সবশেষে নবনির্বাচিত সভাপতি বলেন, নির্বাচন শেষ হয়েছে। এখন ব্যক্তিগত মতভেদ ভুলে শিল্পীদের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার সময়। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই শিল্পী সমিতিকে আরো শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক এফ আই মানিক

বিনোদন প্রতিবেদক
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক এফ আই মানিক
সংগৃহীত ছবি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অর্পূব রানা।

তিনি জানান, রাতে নিকেতনে নিজের বাসায় ফিরছিলেন এফ আই মানিক। বেগুনবাড়ী মোড় পার হয়ে হাতিরঝিল গোলচক্কর থেকে নিকেতন রোডে ঢোকার সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

অর্পূব রানা বলেন, ‘প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, মানিক ভাইয়ের বাম হাত ভেঙে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষত রয়েছে। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

তিনি আরো জানান, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরই পরিচালকের শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে। শরীরের অন্য কোনো হাড় ভেঙেছে কি না, সেটিও পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া সম্ভব হবে।

বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে এফ আই মানিক দীর্ঘ সময় ধরে সফল নির্মাতা হিসেবে কাজ করেছেন। নব্বইয়ের দশক থেকে দুই হাজার দশকের শুরুর দিকে তিনি একের পর এক দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা নির্মাণ করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘স্বপ্নের বাসর’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’ এবং ‘দাদীমা’।

উগান্ডার সুবিধাবঞ্চিত শিশুদের পাশে বেলা হাদিদ

অনলাইন ডেস্ক
উগান্ডার সুবিধাবঞ্চিত শিশুদের পাশে বেলা হাদিদ
সংগৃহীত ছবি

বিখ্যাত সুপারমডেল বেলা হাদিদ উগান্ডার একটি প্রত্যন্ত গ্রামে বিশুদ্ধ পানির কূপ নির্মাণে অর্থায়ন করেছেন। ‘অ্যামি বেল চ্যারিটিজ’ নামের একটি দাতব্য সংস্থার মাধ্যমে নির্মিত এই কূপটির নাম দেওয়া হয়েছে ‘বেলার কূপ’। এর ফলে ওই এলাকার সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারগুলো এখন খুব সহজেই নিরাপদ খাবার পানি পাবে।

দাতব্য সংস্থা অ্যামি বেল চ্যারিটিজ জানিয়েছে, উগান্ডায় এটি তাদের নির্মিত ৯৯৯তম পানির কূপ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, নতুন এই টিউবওয়েলটির চারপাশে স্থানীয় শিশুরা আনন্দে জড়ো হয়ে আছে। হাতের কাছে বিশুদ্ধ পানি পাওয়ার ফলে স্থানীয়দের পানি সংগ্রহের কষ্ট ও সময় বাঁচবে। এর ফলে এলাকার আরো বেশি শিশু নিয়মিত স্কুলে যাওয়ার সুযোগ পাবে। শুধু কূপ স্থাপনই নয়, সংস্থাটি স্থানীয়দের স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কেও সচেতন করছে, যা দীর্ঘমেয়াদে পানিবাহিত রোগ কমাতে সাহায্য করবে।

বেলা হাদিদ দীর্ঘদিন ধরেই বিভিন্ন মানবিক ও দাতব্য কাজে নিজেকে যুক্ত রেখেছেন। বিশ্বজুড়ে ত্রাণ সহায়তার পাশাপাশি ফিলিস্তিনি ঐতিহ্য ও অধিকার নিয়েও তিনি বেশ সোচ্চার। ২০২৪ সালের শুরুতে বেলা জানান, তার প্রসাধনী ব্র্যান্ড ‘ওরেবেলা’-এর আয়ের একটি অংশ দাতব্য উদ্যোগ ‘ওরেবেলা অ্যালকেমি ফাউন্ডেশন’-এ দান করা হচ্ছে।

এ ছাড়া ক্যালিফোর্নিয়া-ভিত্তিক ‘লাইমলাইট ফাউন্ডেশন’-এর সাথেও যুক্ত হয়েছেন তিনি। এই সংস্থাটি লাইম রোগে আক্রান্ত শিশু-কিশোরদের সাহায্য করে। উল্লেখ্য, বেলা নিজেও এই জটিল রোগে আক্রান্ত এবং সামাজিক মাধ্যমে নিজের চিকিৎসা ও স্বাস্থ্য নিয়ে তিনি প্রায়ই খোলামেলা কথা বলেন।

বেলার বাবা মোহাম্মদ হাদিদ একজন ফিলিস্তিনি। ফ্যাশন জগতে বেলা হাদিদ বর্তমানে একটি পরিচিত নাম। ২০১৪ সালে ‘আইএমজি মডেলস’-এর সাথে যুক্ত হওয়ার পর থেকে তিনি বিশ্বের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোর সাথে কাজ করেছেন। অনেক নামিদামি ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেওয়ার পাশাপাশি তিনি ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল থেকে সম্মানজনক ‘মডেল অব দ্য ইয়ার’ খেতাবও অর্জন করেছেন।