ফেনী থেকে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন তরুণ ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু। ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততা, সংগঠক হিসেবে দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয়েছে।
ক্রীড়া সংগঠক হিসেবে মাঠ পর্যায়ে বেশ সরব উপস্থিতি থাকলেও বিগত সময়ে বিসিবি ও জেলা ক্রীড়া সংস্থার কোন কমিটিতে স্থান পাননি তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে।
শরিফুল ইসলাম অপুর খেলোয়াড়ি জীবন শুরু হয় ডাক্তারপাড়া ক্লাবের মাধ্যমে। পরবর্তীতে ফেনী সরকারি পাইলট হাই স্কুল ক্রিকেট দলের সদস্য হিসেবে নজরে আসেন। ২০০৪ সালে পাইলট হাই স্কুল জাতীয় স্কুল-মাদরাসা ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শরিফুল ইসলাম অপু। পরবর্তীতে ২০০৫ সালে অনূর্ধ্ব-১৭ ফেনী জেলা দলের হয়ে ফাস্ট বোলার হিসেবে প্রতিনিধিত্ব করেন।
২০০৬ সালে সোনাগাজীতে একটি টুর্নামেন্টে খেলতে গিয়ে ডান হাত ভাঙলে অল্প বয়সেই তার খেলোয়াড়ি জীবন থেমে যায়। পরবর্তীতে সংগঠক হিসেবে যাত্রা শুরু করেন তিনি।
সাংগঠনিক জীবনে ২০০৯ সালে তিনি ফেনীর মেধাবী খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ‘ক্রিকেট ইনস্টিটিউট’ নামে একটি ক্রিকেট একাডেমি গড়ে তোলেন। তার হাত ধরেই ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব ও ক্রিকেট ইনস্টিটিউট থেকে জাতীয় দলের ফেনীর একমাত্র ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন উঠে আসেন। ২০১০ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিবন্ধিত আম্পায়ারের তালিকায়ও যুক্ত হন তিনি।
শরিফুল ইসলাম অপুর উদ্যোগে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা তিন বছর ‘এফপিএল’ নামের একটি জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজন হয়, যা ফেনীর ক্রিকেটে নতুন জাগরণ সৃষ্টি করে।
এসব আয়োজনে দেশ বরেণ্য ব্যক্তিত্ব বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, জাতীয় ক্রীড়া সংগঠক বর্তমান বাফুফের সভাপতি তাবিথ আউয়াল,বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর ততকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল(অব) ওয়ালীউল্লাহ, জাতীয় দলের সাবেক ক্রিকেটার আকরাম খানের মতো তারকাদের সম্পৃক্ত করে ফেনীর ক্রীড়াপ্রেমীদের চমকে দেন তিনি সহ তার সহকর্মীরা ।
এফপিএল সংগঠনের মাধ্যমে ২০১১ সালে সারাদেশে প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে স্কুল ক্রিকেট আয়োজন করেন শরিফুল ইসলাম অপু। যেখান থেকে বিভিন্ন বয়সভিত্তিক দলের খেলোয়াড় উঠে আসে। ২০১৪ সালে ফেনীর বিভিন্ন ক্লাবের যুব খেলোয়াড়দের নিয়ে ‘এফপিএল টি-২০’ নামক আরও একটি টুর্নামেন্ট আয়োজন করেন। যেখান থেকে বেশ কয়েকজন উদীয়মান খেলোয়াড় উঠে আসে।
এর মধ্যে সবচেয়ে প্রশংসিত হয় কিন্ডারগার্টেনের ছোট শিশুদের নিয়ে ‘এফপিএল ফিউচার ক্রিকেট উৎসব’ আয়োজন। যা অভিভাবকদের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ সৃষ্টি এবং নতুন খেলোয়াড় তৈরিতে ব্যাপক ভূমিকা রাখে।





