• ই-পেপার

বিএনপির গদি মোটা হয়ে গেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

শাবিপ্রবির ছাত্রীকে কুপ্রস্তাব ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
শাবিপ্রবির ছাত্রীকে কুপ্রস্তাব ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ
প্রতীকী ছবি

সিলেটে টিউশনের উদ্দেশ্যে শেয়ার করা মোবাইল ফোন নম্বরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে কুপ্রস্তাব, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত ব্যক্তির দ্রুত শাস্তির দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এই ঘটনায় নিরাপত্তা ও বিচার চেয়ে সিলেটের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

বুধবার (২২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী খলিলুর রহমান চাঁদ বলেন, ‘আমাদের দাবি, যে নম্বর থেকে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দেওয়া হয়েছে, অবিলম্বে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সাস্ট আপডেট পেজের অ্যাডমিনদের এ বিষয়ে জবাবদিহি করতে হবে। সাস্ট আপডেট পেজের অ্যাডমিনরা যদি ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিতে না পারেন, তাহলে কেন তাঁরা মোবাইল ফোন নম্বর নেবেন? 

সাধারণ ডায়েরিতে ভুক্তভোগী শিক্ষার্থী লিখেছেন, ‘আমি লোকপ্রশাসন বিভাগের ছাত্রী। কয়েক দিন আগে সাস্ট আপডেট নামের একটি ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়। সেখানে টিউশনীর জন্য বিজ্ঞপ্তি প্রদান করা হয়। ওই পেজের অ্যাডমিনরা শাবিপ্রবির শিক্ষার্থী। আমি ওই পোস্টের মন্তব্যের স্থানে আমার নাম উল্লেখপূর্বক টিউশন করানোর আগ্রহ প্রকাশ করি। তাঁরা আমার মোবাইল ফোন নম্বর চাইলে আমি সেটি দিই। পরে একটি মোবাইল ফোন নম্বর থেকে আমাকে আপত্তিকর, অশালীন, কুপ্রস্তাব ও কুরুচিপূর্ণ কথাবার্তা বলা হয়।’
 

মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

মালয়েশিয়ার কুয়ালালামপুরে কাজ করার সময় একটি বহুতল ভবনের ১০ তলা থেকে নিচে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিল্লাতের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায়। 

গতকাল বুধবার নিহত মিল্লাতের বড় ভাই ও রামগঞ্জ পদ্মাবাজারে মদিনা ফার্মেসির স্বত্বাধিকারী শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

টানা বৃষ্টিতে মরিচক্ষেত নষ্ট, কেজিপ্রতি ২৫০ টাকা

দিনাজপুর প্রতিনিধি
টানা বৃষ্টিতে মরিচক্ষেত নষ্ট, কেজিপ্রতি ২৫০ টাকা
সংগৃহীত ছবি

কয়েক দিনের টানা বৃষ্টিতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে বিভিন্ন হাটবাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ১৩০ টাকা বেড়েছে। এক সপ্তাহ আগেও প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ১০০ থেকে ১২০ টাকায়। বর্তমানে তা বেড়ে বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে। 

দিনাজপুরের সবচেয়ে বড় কাঁচাবাজার বাহাদুর বাজারসহ জেলা-উপজেলার ব্যবসায়ীরা বলছেন, এক সপ্তাহ ধরে দিনাজপুরসহ আশপাশের জেলাগুলোতে টানা বৃষ্টিতে মরিচক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কারণে বাজারে আমদানি কমে গেছে। সে কারণে মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। গতকাল বুধবার সকালে দিনাজপুর শহরের বাহাদুর বাজার, সুইহারী বাজার, রামনগর বাজার, উপশহর বাজার, পুলহাট বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ভারত থেকে কাঁচা মরিচ আমদানির জন্য এলসি খোলা হলেও দেশে মরিচ এসে পৌঁছবে আগামী শনিবার। আবার আমদানি হলেও এর প্রভাব দিনাজপুরে মরিচের দামের ওপর প্রভাব পড়ছে না। কারণ আমদানি হওয়া কাঁচা মরিচ দিনাজপুরের বাজারে পাওয়া যায় না। সব চলে যায় ঢাকাসহ দেশের বিভিন্ন আড়তে। চাহিদার তুলনায় কাঁচা মরিচ আমদানি কম হওয়ায় এবং বৃষ্টির কারণে দেশে উত্পাদন কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।

গত সোমবার সকালে বাহাদুর বাজারে বাজার করতে আসা আতাউর রহমান বলেন, সবজির দাম ঊর্ধ্বমুখী। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে।

দিনাজপুর কৃষি বিপণন সিনিয়র কর্মকর্তা রবিউল হাসান বলেন, টানা বৃষ্টির কারণে মরিচ চাষিদের ক্ষেত নষ্ট হওয়ায় ফলন কম হচ্ছে। ফলে মরিচের দাম দিন দিন বাড়ছে।
 

টিসিবির গোডাউনের আগুন নেভাতে গিয়ে আর ফেরা হলো না তরুণের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
টিসিবির গোডাউনের আগুন নেভাতে গিয়ে আর ফেরা হলো না তরুণের
ছবি: কালের কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবি পণ্যের একটি তালাবদ্ধ গোডাউনের আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে নাসিম আলী ওরফে নয়ন (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাটবাকইল বাজারের শাপলা মার্কেটের নিচতলায় টিসিবি পণ্যের একটি তালাবদ্ধ গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নয়ন উপজেলার নেজামপুর ইউনিয়নের হাটবাকইল গ্রামের আব্বাস আলীর ছেলে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাটবাকইল বাজারের শাপলা মার্কেটের নিচতলায় টিসিবি পণ্যের একটি তালাবদ্ধ গোডাউনে আগুন লাগে। ঘটনাটি টের পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তারা গোডাউন ঘরের দরজা ভেঙে মার্কেটের পাম্পের পানি সরবরাহ ব্যবস্থা থেকে পানি দেওয়া শুরু করে। এসময় বালুও দেয় স্থানীয়রা।

আরো জানা গেছে, আগুন নেভানোর জন্য নয়নও ওই ঘরে ঢুকে পড়ে। এক পর্য়ায়ে আগুন বাড়লে সে পাশের সিঁড়ি দিয়ে দোতলা মার্কেটের ছাদে উঠে পানির ট্যাংক থেকে বালতিতে পানি নিয়ে নিচে নামার সময় দোতলার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার সামনে প্রচণ্ড ধোঁয়ায় আটকা পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।

নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এন্তাজুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পর পুরো ভবন তল্লাশি শুরু করলে টিসিবি গোডাউনের ঠিক ওপরে সিঁড়ির পাশে নয়নের মরদেহ খুঁজে পায়। এসময় তার দেহের বিভিন্ন অংশ কিছুটা ফোসকা পড়ে ঝলসে যায়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, আগুনের আঁচে এবং ধোঁয়ায় দম বন্ধ হয়ে নয়নের মৃত্যু হয়েছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই ঘরে আগুন লেগে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্মকর্তা।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ঊর্ধ্বমুখী আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কারণেই নয়নের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।