• ই-পেপার

এক হতে পারে টেসলা ও স্পেসএক্স, নতুন ইঙ্গিত ইলন মাস্কের

নিজের সেবাকে প্রাধান্য দেওয়ার অভিযোগে গুগলকে ১০০ কোটি ডলার জরিমানা

অনলাইন ডেস্ক
নিজের সেবাকে প্রাধান্য দেওয়ার অভিযোগে গুগলকে ১০০ কোটি ডলার জরিমানা
ছবি: রয়টার্স

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৮৯০ মিলিয়ন ইউরো (প্রায় ১০০ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় কমিশন। নতুন এই আইনের আওতায় গুগলের বিরুদ্ধে এটিই প্রথম বড় শাস্তি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপীয় কমিশনের অভিযোগ, গুগল সার্চে নিজেদের সেবা, যেমন গুগল শপিং ও হোটেল–সংক্রান্ত ফলাফল অন্য প্রতিষ্ঠানের সেবার তুলনায় বেশি গুরুত্ব দিয়ে দেখায়। এতে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো সমান সুযোগ থেকে বঞ্চিত হয়।

এ ছাড়া কমিশনের দাবি, গুগল প্লে স্টোরে থাকা অ্যাপ নির্মাতারা ব্যবহারকারীদের নিজেদের ওয়েবসাইট বা অন্য অ্যাপ স্টোরের বিকল্প অফারের তথ্য সহজে জানাতে পারেন না। গুগল সেই সুযোগ সীমিত করেছে, যা ডিএমএর নিয়মের বিরুদ্ধে।

গুগল ও অ্যালফাবেটের গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট কেন্ট ওয়াকার বলেন, এই সিদ্ধান্তে ইউরোপের ব্যবহারকারীদের অভিজ্ঞতা খারাপ হতে পারে। তার দাবি, নতুন নিয়ম মানতে গিয়ে গুগলকে সার্চের কিছু জনপ্রিয় সুবিধা কমাতে হচ্ছে। এর মধ্যে হোটেল, ফ্লাইট ও রেস্তোরাঁর তাৎক্ষণিক মূল্য ও তথ্য দেখানোর সুবিধাও রয়েছে। পাশাপাশি গুগল প্লের কিছু নিরাপত্তা ব্যবস্থাও দুর্বল হতে পারে।

গুগল জানিয়েছে, তারা কমিশনের সিদ্ধান্ত খতিয়ে দেখছে। পাশাপাশি এর বিরুদ্ধে আপিল করবে কি না, সেটিও বিবেচনা করছে।

ইউরোপীয় কমিশন গুগলকে ৬০ দিনের মধ্যে নিয়ম মেনে প্রয়োজনীয় পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে। তা না হলে প্রতিষ্ঠানটিকে বিশ্বব্যাপী বার্ষিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত জরিমানা দিতে হতে পারে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন ২০২৪ সালে ডিজিটাল মার্কেটস অ্যাক্ট চালু করে। এই আইনের লক্ষ্য হলো গুগল, অ্যাপল, মেটার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বাজারে একচেটিয়া প্রভাব কমানো এবং ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য সমান প্রতিযোগিতার সুযোগ তৈরি করা।

ভুল স্বাস্থ্য পরামর্শ দেওয়ার অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে নতুন মামলা

অনলাইন ডেস্ক
ভুল স্বাস্থ্য পরামর্শ দেওয়ার অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে নতুন মামলা
ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি ভুল স্বাস্থ্য পরামর্শ দিয়ে একজন ব্যবহারকারীকে গুরুতর অসুস্থতার মুখে ঠেলে দিয়েছে—এমন অভিযোগে ওপেনএআই ও এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩জুলাই) রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য দেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ধর্মযাজক স্কট উইন্টারস ক্যালিফোর্নিয়ার একটি আদালতে এ মামলা করেছেন। তাঁর দাবি, গত বছর বারবার মাথা ঘোরা ও কুঁচকিতে ব্যথা নিয়ে তিনি জিপিটি-৪ ও সংস্করণের চ্যাটজিপিটির পরামর্শ নেন।

মামলা অনুযায়ী, চ্যাটজিপিটি তাকে বাড়িতে থেকে চলাফেরা কমানোর পরামর্শ দেয়। কুঁচকির ব্যথাকেও গুরুতর নয় বলে জানায়। কিন্তু পরদিনই উইন্টারসকে হাসপাতালে ভর্তি হতে হয়।

চিকিৎসকেরা জানান, তার পালমোনারি এম্বোলিজম হয়েছে, অর্থাৎ ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল। চিকিৎসকদের মতে, কম চলাফেরা করার কারণে তার অবস্থা আরো খারাপ হয় এবং তা প্রাণঘাতী হতে পারত।

ওপেনএআইয়ের মুখপাত্র ড্রিউ পুসাতেরি বলেন, স্বাস্থ্যসেবায় এআই সহায়ক হতে পারে। তবে চ্যাটজিপিটি কোনো চিকিৎসক নয় এবং এটি কখনোই চিকিৎসকের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয়।

মামলায় ক্ষতিপূরণের পাশাপাশি আদালতের কাছে কয়েকটি নির্দেশনাও চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, জরুরি চিকিৎসার প্রয়োজন হলে চ্যাটজিপিটি যেন সঙ্গে সঙ্গে কথোপকথন বন্ধ করে ব্যবহারকারীকে চিকিৎসকের কাছে যেতে বলে। এছাড়া ব্যক্তিগত স্বাস্থ্যপরামর্শ দেওয়া নতুন সেবা ChatGPT Health নিরাপত্তা যাচাই না হওয়া পর্যন্ত চালু না করার আবেদনও জানানো হয়েছে।

ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৪ কোটি (৪০ মিলিয়ন) মানুষ স্বাস্থ্য–সংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে চ্যাটজিপিটি ব্যবহার করেন।

এদিকে মামলায় আরো অভিযোগ করা হয়েছে, শুরুতে চ্যাটজিপিটি চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বললেও পরে সেই সতর্কবার্তা দেওয়া বন্ধ করে দেয়। এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার পরও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পুনর্বাসন কর্মসূচিতে অংশ না নিয়ে বাসায় থাকার পরামর্শ দিয়েছিল।

উল্লেখ্য, এটি ওপেনএআইয়ের বিরুদ্ধে এ ধরনের একমাত্র মামলা নয়। এর আগে চ্যাটজিপিটির পরামর্শের কারণে বাস্তব জীবনে ক্ষতির অভিযোগ তুলে আরো কয়েকটি মামলা হয়েছে। তবে ওপেনএআই বলছে, ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে চ্যাটজিপিটির নিরাপত্তা ব্যবস্থা উন্নত করছে।

নিয়ন্ত্রণ হারাল এআই মডেল, আতঙ্কে ওপেনএআই কর্তারা

অনলাইন ডেস্ক
নিয়ন্ত্রণ হারাল এআই মডেল, আতঙ্কে ওপেনএআই কর্তারা
ছবি : রয়টার্স

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের একটি এআই মডেল গত সপ্তাহে সিকিউরিটি টেস্টের সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

মডেলটি স্বয়ংক্রিয়ভাবে হ্যাকিংয়ের মাধ্যমে এআই স্টার্টআপ ‘হাগিং ফেস’-এর সাইবার অবকাঠামোতে অনুপ্রবেশ করে। মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে ওপেনএআই বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্স

জানা গেছে, একটি নিয়ন্ত্রিত পরিবেশে তাদের কিছু সর্বাধুনিক এআই মডেলের ক্ষমতা পরীক্ষা করছিল ওপেনএআই। কিন্তু একপর্যায়ে এআই এজেন্টটি নির্ধারিত গণ্ডি ভেদ করে ইন্টারনেটে প্রবেশ করে। পরীক্ষার লক্ষ্য অর্জনের জন্য হাগিং ফেসের সিস্টেমে জোরপূর্বক ঢুকে পড়ে।

ওপেনএআই তাদের একটি ব্লগ পোস্টে জানিয়েছে, এটি ‘অভূতপূর্ব এক ঘটনা, যাতে অত্যাধুনিক সাইবার সক্ষমতার প্রমাণ মিলেছ’। প্রতিষ্ঠানটি তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে বলে উল্লেখ করেছে।

নিউইয়র্কভিত্তিক স্টার্টআপ হাগিং ফেস জানিয়েছে, আক্রমণটি প্রতিহত করার জন্য তারা একটি ওপেন সোর্স চাইনিজ মডেল ব্যবহার করেছে। কারণ শীর্ষস্থানীয় মার্কিন মডেলগুলো আক্রমণকারী ও রক্ষাকারীর মধ্যে পার্থক্য করতে না পেরে বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় ডেটা প্রসেস করতে অস্বীকৃতি জানিয়েছিল।

কোম্পানিটি গত সপ্তাহে এক ব্লগ পোস্টে জানিয়েছে, তারা বিশ্লেষণের জন্য ঝিপু এআই-এর জিএলএম-৫.২ মডেলটি ব্যবহার করেছে। এটি তাদের সিস্টেমের মধ্যেই আক্রমণকারীর ডেটা ও বিভিন্ন ক্রেডেনশিয়াল সংরক্ষণে সহায়তা করেছিল।

ওপেনএআই স্বীকার করেছে, তাদের উন্নত মডেলগুলোকে ‘অত্যন্ত সুরক্ষিত ও পৃথক পরিবেশে’ রাখা সত্ত্বেও এই নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এই স্বীকারোক্তির মাধ্যমে ফ্রন্টিয়ার এআই মডেলগুলোর ক্ষমতা ও ঝুঁকি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।

প্রতিভার অপব্যবহার!

অনলাইন ডেস্ক
প্রতিভার অপব্যবহার!
ছবি : সংগৃহীত

প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। তবে সুবিধার সঙ্গে আছে অনেক বিপদের হাতছানিও। প্রযুক্তির হাত ধরেই আমাদের গোপন ঘরে ঢুকে পড়ে চোর, হাতিয়ে নেয় টাকা-পয়সা। বিশ্বজুড়েই হ্যাকিং একটা বড় সমস্যা। ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন একাউন্ট ও ফোন নাম্বার হ্যাক হওয়ার ঘটনা এখন অহরহ। আগে দরজা ভেঙে চোর আসত ঘরে। এখন চোর নিজের ঘরে বসেই হাতিয়ে নিতে পারে আপনার তথ্য, আর সেই তথ্য ব্যবহার করে আপনার অর্থ। সাইবার যুগে চোরদের নামও এখন সাইবার চোর মানে সাইবার ক্রিমিনাল। তবে সাইবার চুরি করাটা অত সহজ নয়। আরেকজনের ফোন বা স্মার্ট ডিভাইস হ্যাক করতেও প্রতিভা লাগে। বলা যায় প্রতিভার অপব্যবহার করতে হয়। 

বিশ্বজুড়ে অনেক প্রতিভাবান ড্রপআউটের গল্প অনুপ্রাণিত করে অনেককে। তেমন না হলেও ভারতে এক প্রতিভাবান ড্রপআউটের সন্ধান মিলেছে। তবে নিজের প্রতিভা সে ভালো কাজে না লাগিয়ে চুরির কাজে ব্যবহার করেছে। ১৮ বছর বয়সী রোহিত বীরেন্দ্র সিং শাক্য কলেজে ভর্তি হলেও শেষ করেনি। এখন তার পেশা হলো নকল ব্যাংকিং অ্যাপ্লিকেশন ও ম্যালওয়ার যুক্ত এপিকে ফাইল বানানো ও দেশজুড়ে সাইবার অপরাধীদের কাছে তা বিক্রি করা।
তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত রোহিত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেলিগ্রাম আপ ব্যবহার করে এমন জটিল ও অত্যাধুনিক টুল তৈরি করতো, যা বড় ধরণের সাইবার জালিয়াতিতে ব্যবহৃত হতো। এখন পুলিশের হাতে ধরা পড়লেও ১৬ বছর বয়স থেকেই রোহিত এআই টুল এবং টেলিগ্রামের সাহায্যে এই ক্ষতিকারক এপিকে ফাইলগুলো বানানো শুরু করে। এই অ্যাপগুলো যেকোনো মোবাইল ফোন হ্যাক করতে এবং সংবেদনশীল তথ্য চুরি করতে পারতো। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঝাড়খণ্ডের জামতারা, হরিয়ানা এবং রাজস্থানের বেশ কয়েকটি সাইবার অপরাধী চক্র তার কাছ থেকে এই ভাইরাসযুক্ত অ্যাপ্লিকেশনগুলো কিনত।

ভারতের গুজরাটের সুরাটে দায়ের হওয়া একটি সাইবার জালিয়াতি মামলার তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান পায় পুলিশ। ২০২৬ সালের মে মাসে এক ভুক্তভোগী হোয়াটসঅ্যাপে একটি এপিকে ফাইল পান, যা দেখতে হুবহু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল অ্যাপ 'পিএনবি ওয়ান’এর মতো ছিল। সেটিকে আসল ভেবে ভুক্তভোগী অ্যাপটি তার মোবাইলে ডাউনলোড ও ইনস্টল করেন। ইনস্টল করার পরপরই তার মোবাইল ফোনটি হ্যাক হয়ে যায় এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রাইম কো-অপারেটিভ ব্যাংকে থাকা তার একাউন্ট থেকে ৫ লাখ টাকা ইউনিয়ন ব্যাংকের একটি একাউন্টে সরিয়ে নেওয়া হয়।
অভিযোগ পাওয়ার পর সুরাট সাইবার ক্রাইম সেল তদন্ত শুরু করে। এই তদন্তের সূত্র ধরেই পুলিশ মূল হোতার সন্ধান পায়। সাইবার ক্রাইম অফিসার এবং আইটি বিশেষজ্ঞদের একটি দল কানপুরের একটি হোটেলে অভিযান চালিয়ে রোহিতকে গ্রেফতার করে। পুলিশ তার ল্যাপটপ, মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস জব্দ করেছে। জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পেরেছে, রোহিত মূলত দুই ধরণের অ্যাপ্লিকেশন তৈরি করত। প্রথম অ্যাপটি ভুক্তভোগীর ফোনে ইনস্টল করার জন্য ডিজাইন করা হয়েছিল, আর দ্বিতীয়টি কাজ করত 'অ্যাডমিন অ্যাপ্লিকেশন' হিসেবে। এই অ্যাডমিন অ্যাপের মাধ্যমে সাইবার অপরাধীরা রিয়েল-টাইমে ভুক্তভোগীর মোবাইলের ওটিপি, ব্যাংকিং তথ্য এবং অন্যান্য গোপনীয় বিষয় দেখতে পেতো।

তদন্তে তার এই ব্যবসার মডেলটিও সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রোহিত একটি সাবস্ক্রিপশন-ভিত্তিক সিস্টেমে কাজ করত। সফটওয়্যারটি প্রথমবার সেটআপ করার জন্য সে ১৫ হাজার রুপি নিতো।  পরবর্তীতে মাসিক চার্জ ছিল ১৫ হাজার রুপি করে। তদন্তকারীদের মতে, সে গ্রাহকদের চাহিদা অনুযায়ী ব্যাংক, সরকারি দপ্তর এবং বড় বড় কোম্পানির হুবহু নকল অ্যাপ্লিকেশন তৈরি করে দিত। এর মধ্যে পিএনবি, এসবিআই, অ্যাক্সিস ব্যাংক, ইউসিও ব্যাংক, বিগ বাস্কেট, আমেরিকান এক্সপ্রেস’এর ভুয়া অ্যাপ্লিকেশন ও পেমেন্ট লিঙ্ক ছিল, যা সে সাইবার অপরাধী চক্রগুলোর কাছে সরবরাহ করত।
পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেফতার করার চেষ্টা চলছে।