জর্দানে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে যুক্তরাষ্ট্রের ৮টি এমকিউ-৯ ড্রোন ধ্বংস এবং এফ-১৫ যুদ্ধবিমানসহ একাধিক ড্রোন ও হেলিকপ্টার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে আলজাজিরা জানিয়েছে, হামলায় মার্কিন সামরিক স্থাপনা, ড্রোন অবকাঠামো এবং হেলিকপ্টার সংরক্ষণাগার লক্ষ্যবস্তু করা হয়েছে।
এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী বলছে, জর্দানের প্রিন্স হাসান এবং কিং ফয়সাল বিমানঘাঁটিতে অবস্থানরত এফ-১৫ যুদ্ধবিমান, ড্রোন প্রস্তুতকরণ অবকাঠামো এবং একটি হেলিকপ্টার সংরক্ষণাগারে হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরো দাবি করা হয়, ওই হামলায় ৮টি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করা হয়েছে এবং আরো ২টি এমকিউ-৯ ড্রোন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া, হেলিকপ্টার সংরক্ষণাগারে চালানো হামলায় মার্কিন বাহিনীর দুটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেছে ইরানি সেনাবাহিনী।
তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্দানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যেই এই নতুন দাবি সামনে এলো, যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলতে পারে।




