যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবের সহ-মালিক সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে এই মার্কিন ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।
২০২৭ মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা। তবে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তিটি বাড়ানোর সুযোগ রাখা রয়েছে। খবর ইএসপিএন
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে বহু বছর এল ক্লাসিকোতে মুখোমুখি লড়াইয়ের পর, অবশেষে তাকে লিওনেল মেসির সাথে একই দলে খেলতে দেখা যাবে।
তিনি ইন্টার মায়ামির 'ডেজিগনেটেড প্লেয়ার' (ডিপি) স্লট দখল করবেন না। বর্তমানে ক্লাবের ডিপি স্লটে খেলোয়াড় হিসেবে রয়েছেন লিওনেল মেসি, রদ্রিগো দে পল এবং জার্মান বার্টারেমে।
চুক্তিটি অফিশিয়াল হলেও, এমএলএস কতৃপক্ষ বর্তমানে ইন্টার মায়ামির বিরুদ্ধে একটি ট্যাম্পারিং (নিয়মবহির্ভূত যোগাযোগ) অভিযোগের তদন্ত করছে। এলএ গ্যালাক্সি ক্লাবের কাছে ক্যাসেমিরোর ‘ডিসকভারি রাইটস’ থাকা সত্ত্বেও মায়ামি সরাসরি তার সাথে যোগাযোগ করেছিল বলে অভিযোগ উঠেছে। অবশ্য দুই ক্লাব ইতিমধ্যে একটি সমঝোতায় পৌঁছেছে। তবুও লিগ কর্তৃপক্ষ নিয়মভঙ্গের বিষয়টি খতিয়ে দেখছে।
ইন্টার মায়ামিতে যোগ দিয়ে ৩৪ বছর বয়সী এই তারকা জানান, পরিবারসহ মায়ামি শহরের প্রতি ভালোবাসা এবং মূলত লিওনেল মেসির সাথে খেলার তীব্র ইচ্ছা থেকেই তিনি ইউরোপ ও সৌদি আরবের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে এখানে এসেছেন।




