ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের বিভিন্ন শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ২৪ শিক্ষার্থীকে ‘ডিরেক্টরস অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ইনস্টিটিউটের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সনদ, মেডেল ও উত্তরীয় তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির।
২০১৭-২০১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ শিক্ষাবর্ষের লেদার ইঞ্জিনিয়ারিং, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘একটি পুরস্কার কেবল একটি সনদ বা মেডেল নয়; এটি একজন শিক্ষার্থীর দীর্ঘদিনের শ্রম, অধ্যবসায়, মেধা ও সাফল্যের স্বীকৃতি। এই স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আরও উৎকর্ষতা অর্জনে অনুপ্রাণিত করবে।’
তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনে দক্ষ মানবসম্পদ গড়ে তোলায় লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধু ডিগ্রি প্রদান নয়, শিক্ষার্থীদের দক্ষ ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেও প্রতিষ্ঠানটি কার্যকর অবদান রাখছে।
উপাচার্য আরো বলেন, প্রকৃত শিক্ষার উদ্দেশ্য শুধু সনদ অর্জন নয়, অর্জিত জ্ঞানকে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানো। এ জন্য তিনি আধুনিক গবেষণাগার, উন্নত যন্ত্রপাতি, যুগোপযোগী ব্যবহারিক প্রশিক্ষণ সম্প্রসারণ এবং শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ডিরেক্টরস অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতা ও অধ্যবসায়ের গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তবে মেধার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নেতৃত্বের গুণাবলি অর্জনও সমান গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।






