• ই-পেপার

প্রতিভার অপব্যবহার!

নিয়ন্ত্রণ হারাল এআই মডেল, আতঙ্কে ওপেনএআই কর্তারা

অনলাইন ডেস্ক
নিয়ন্ত্রণ হারাল এআই মডেল, আতঙ্কে ওপেনএআই কর্তারা
ছবি : রয়টার্স

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের একটি এআই মডেল গত সপ্তাহে সিকিউরিটি টেস্টের সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

মডেলটি স্বয়ংক্রিয়ভাবে হ্যাকিংয়ের মাধ্যমে এআই স্টার্টআপ ‘হাগিং ফেস’-এর সাইবার অবকাঠামোতে অনুপ্রবেশ করে। মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে ওপেনএআই বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্স

জানা গেছে, একটি নিয়ন্ত্রিত পরিবেশে তাদের কিছু সর্বাধুনিক এআই মডেলের ক্ষমতা পরীক্ষা করছিল ওপেনএআই। কিন্তু একপর্যায়ে এআই এজেন্টটি নির্ধারিত গণ্ডি ভেদ করে ইন্টারনেটে প্রবেশ করে। পরীক্ষার লক্ষ্য অর্জনের জন্য হাগিং ফেসের সিস্টেমে জোরপূর্বক ঢুকে পড়ে।

ওপেনএআই তাদের একটি ব্লগ পোস্টে জানিয়েছে, এটি ‘অভূতপূর্ব এক ঘটনা, যাতে অত্যাধুনিক সাইবার সক্ষমতার প্রমাণ মিলেছ’। প্রতিষ্ঠানটি তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে বলে উল্লেখ করেছে।

নিউইয়র্কভিত্তিক স্টার্টআপ হাগিং ফেস জানিয়েছে, আক্রমণটি প্রতিহত করার জন্য তারা একটি ওপেন সোর্স চাইনিজ মডেল ব্যবহার করেছে। কারণ শীর্ষস্থানীয় মার্কিন মডেলগুলো আক্রমণকারী ও রক্ষাকারীর মধ্যে পার্থক্য করতে না পেরে বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় ডেটা প্রসেস করতে অস্বীকৃতি জানিয়েছিল।

কোম্পানিটি গত সপ্তাহে এক ব্লগ পোস্টে জানিয়েছে, তারা বিশ্লেষণের জন্য ঝিপু এআই-এর জিএলএম-৫.২ মডেলটি ব্যবহার করেছে। এটি তাদের সিস্টেমের মধ্যেই আক্রমণকারীর ডেটা ও বিভিন্ন ক্রেডেনশিয়াল সংরক্ষণে সহায়তা করেছিল।

ওপেনএআই স্বীকার করেছে, তাদের উন্নত মডেলগুলোকে ‘অত্যন্ত সুরক্ষিত ও পৃথক পরিবেশে’ রাখা সত্ত্বেও এই নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এই স্বীকারোক্তির মাধ্যমে ফ্রন্টিয়ার এআই মডেলগুলোর ক্ষমতা ও ঝুঁকি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।

চিপের দাম বাড়ায় ফোল্ডেবল ফোনের দাম বাড়াল স্যামসাং

অনলাইন ডেস্ক
চিপের দাম বাড়ায় ফোল্ডেবল ফোনের দাম বাড়াল স্যামসাং
ছবিঃ রয়টার্স

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং নতুন তিনটি ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছে। তবে নতুন ফোনের সঙ্গে দামও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। মেমোরি চিপের দাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্যামসাং।

বুধবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স

লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮, গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আলট্রা এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৮ উন্মোচন করে। তিনটি ফোনেই রয়েছে গুগলের জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি।

এর মধ্যে নতুন গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এ আগের তুলনায় বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। ভিডিও দেখা ও মাল্টিটাস্কিংয়ের সুবিধার কথা বিবেচনা করে এই পরিবর্তন আনা হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে ১ হাজার ৮৯৯ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৩২ হাজার টাকা।

এ ছাড়া গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আলট্রা ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৮-এর দাম আগের মডেলের তুলনায় ১০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ২০০ টাকা) বাড়িয়েছে স্যামসাং। ফলে ফোন দুটির নতুন দাম রাখা হয়েছে যথাক্রমে ২ হাজার ৯৯ মার্কিন ডলার (প্রায় ২ লাখ ৫৬ হাজার টাকা) এবং ১ হাজার ১৯৯ মার্কিন ডলার (প্রায় ১ লাখ ৪৬ হাজার টাকা)।

বিশ্লেষকদের মতে, ফোল্ডেবল স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে অ্যাপল। চলতি বছরই আইপ্যাড মিনি আকারের স্ক্রিনযুক্ত প্রথম ফোল্ডেবল আইফোন বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি।

গবেষণা প্রতিষ্ঠান আইডিসি-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক স্মার্টফোন বাজার সংকুচিত হলেও ফোল্ডেবল ফোনের বাজার ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে মেমোরি চিপের দাম বাড়ায় স্মার্টফোন উৎপাদন ব্যয়ও বেড়েছে। তাই প্রিমিয়াম ফোনের দাম বাড়িয়ে সেই অতিরিক্ত খরচ সামাল দেওয়ার চেষ্টা করছে স্যামসাং।

অনলাইন বাজির প্ল্যাটফর্ম কালশির কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
অনলাইন বাজির প্ল্যাটফর্ম কালশির কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে কালশি নামে একটি অনলাইন বাজির প্ল্যাটফর্মের কার্যক্রমে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আদালতের মতে, প্রতিষ্ঠানটি অঙ্গরাজ্যের জুয়া আইন লঙ্ঘন করে থাকতে পারে।

মঙ্গলবার  (২১ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য দেয়।


সোমবার কিং কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক জন ম্যাকহেল এই আদেশ দেন। তিনি বলেন, কালশির কার্যক্রম চলতে থাকলে সাধারণ মানুষ অবৈধ জুয়ার কারণে ক্ষতির মুখে পড়তে পারেন। তাই আপাতত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখা প্রয়োজন।

কালশি একটি প্রেডিকশন মার্কেট। এখানে মানুষ খেলাধুলা, নির্বাচন বা অন্য কোনো ঘটনার ফল কী হতে পারে, তা নিয়ে অর্থের বিনিময়ে বাজি ধরতে পারেন।

তবে কালশির দাবি, তারা কোনো অবৈধ জুয়ার ব্যবসা চালায় না। প্রতিষ্ঠানটির মতে, তাদের কার্যক্রম নিয়ন্ত্রণের দায়িত্ব যুক্তরাষ্ট্রের কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশনের। তাই কোনো অঙ্গরাজ্যের এ বিষয়ে আলাদা ব্যবস্থা নেওয়ার অধিকার নেই।

ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল নিক ব্রাউন অভিযোগ করেন, কালশি খেলাধুলা, নির্বাচন, রোগের প্রাদুর্ভাব এমনকি প্রাকৃতিক দুর্যোগের মতো বিষয়েও বাজির সুযোগ দিয়ে মুনাফা করেছে।

এর আগে ম্যাসাচুসেটস, মিশিগান, নেভাদা ও নিউইয়র্ক অঙ্গরাজ্যেও কালশির কার্যক্রমে আদালত একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল।

বিচারক জানিয়েছেন, আগামী ৫ আগস্ট এ বিষয়ে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার আদেশ জারি করা হবে।

স্ন্যাপচ্যাট হ্যাক করে নারীদের ব্যক্তিগত ছবি চুরি, ৬ বছরের বেশি জেল

অনলাইন ডেস্ক
স্ন্যাপচ্যাট হ্যাক করে নারীদের ব্যক্তিগত ছবি চুরি, ৬ বছরের বেশি জেল
ছবি : রয়টার্স

স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট হ্যাক করে শত শত নারীর ব্যক্তিগত ছবি চুরির দায়ে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ২৭ বছর বয়সী কাইল স্বারাকে ৭৬ মাস (৬ বছরের বেশি) কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য দেয়।

তদন্তে জানা যায়, ২০২০ সালের মে থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি স্ন্যাপচ্যাটের সাপোর্ট টিম পরিচয়ে ১ হাজার ৫০০-এর বেশি নারীকে ভুয়া বার্তা পাঠান। বার্তায় অ্যাকাউন্ট যাচাইয়ের কথা বলে নিরাপত্তা কোড (সিকিউরিটি কোড) চাওয়া হতো।

অনেকেই বার্তাটি সত্যি মনে করে কোড পাঠিয়ে দেন। সেই কোড ব্যবহার করে কাইল অন্তত ৫১৭ জন নারীর স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে প্রবেশ করেন। এরপর তিনি অন্তত ৫৯ জন নারীর ব্যক্তিগত ও অর্ধনগ্ন ছবি ডাউনলোড করেন।

তদন্তে আরো জানা যায়, তিনি শুধু এসব ছবি নিজের কাছে রাখেননি। কিছু ছবি অনলাইনে বিক্রি করেছেন। আবার কিছু ছবি অন্যদের সঙ্গে আদান-প্রদানও করেছেন। এমনকি অর্থের বিনিময়ে অন্যদের জন্যও স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট হ্যাক করার কাজ করতেন।

মামলার তদন্তে আরো উঠে আসে, এক সাবেক বিশ্ববিদ্যালয় কোচের অনুরোধে তিনি কয়েকজন নারীর অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত ছবি সংগ্রহ করে দিয়েছিলেন। এ ঘটনায় সেই কোচও আগেই কারাদণ্ড পেয়েছেন।

কাইল স্বারা কম্পিউটার জালিয়াতি, পরিচয় চুরি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ স্বীকার করেন। পরে আদালত তাকে ৭৬ মাসের কারাদণ্ড দেন। এই রায়ের মাধ্যমে অনলাইনে অন্যের ব্যক্তিগত তথ্য ও ছবি চুরির মতো অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে।