যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নতুন একটি আইনের কার্যকারিতা স্থগিত করেছেন একটি ফেডারেল আদালত। এই আইনে উবার ও লিফটকে চালকদের অ্যাকাউন্ট বন্ধ বা বরখাস্ত করার আগে ১৪ দিনের নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা ছিল।
মঙ্গলবার (২২ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ম্যানহাটনের যুক্তরাষ্ট্রের জেলা বিচারক গ্রেগরি উডস বলেন, এই আইন সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এটি কার্যকর করা যাবে না।
আইনটি অনুযায়ী, উবার ও লিফট কোনো চালকের অ্যাকাউন্ট বন্ধ করার আগে ১৪ দিনের নোটিশ দেবে। তবে গুরুতর অসদাচরণের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। এ ছাড়া ২০১৯ সালের পর শুধু নোটিশ না দিয়ে যাদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল, তাদের আবার কাজে ফেরানোর সুযোগও রাখা হয়েছিল।
আদালতে উবার ও লিফটের দাবি ছিল, এই আইন তাদের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা কমিয়ে দেবে। এমনকি যৌন হয়রানিসহ গুরুতর অভিযোগ থাকা চালকরাও দীর্ঘ সময় প্ল্যাটফর্মে সক্রিয় থাকতে পারেন, যা যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
রায়ের পর লিফট জানায়, আদালত নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়েছে, এতে তারা সন্তুষ্ট। উবারও বলেছে, চালকদের প্রতি ন্যায্য আচরণ এবং যাত্রীদের নিরাপত্তা—দুই বিষয়ই একসঙ্গে নিশ্চিত করা সম্ভব।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটি কাউন্সিল চলতি বছরের জানুয়ারিতে আইনটি পাস করে। তবে সাবেক মেয়র এরিক অ্যাডামস এতে ভেটো দিয়েছিলেন। পরে সিটি কাউন্সিল সেই ভেটো বাতিল করে আইনটি অনুমোদন করে। আইনটি ২৮ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা ছিল।







