• ই-পেপার

আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান, ১৭ শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক

গাজীপুরে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরীতে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে রিপন হোসেন নামের একজনকে যাবজ্জীবন দিয়েছেন বিচারক। পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) গাজীপুর মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক মো. আবুবক্কর সিদ্দিক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত রিপন হোসেন ঝিনাইদহের শৈলকূপা থানার মজিবুর রহমান মোল্লার ছেলে। তিনি তার স্ত্রী (৩৯) ও ১৫ বছরের মেয়েকে নিয়ে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার মাধবপুরের বরিশালের টেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত বছরের ২৬ মার্চ রাত ১০টার দিকে জোরপূর্বক নিজ মেয়েকে ধর্ষণ করেন রিপন হোসেন। বিষয়টি জানতে পেরে পরদিন নিজ স্বামীকে অভিযুক্ত করে কাশিমপুর থানায় মামলা করেন স্ত্রী।

মামলার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে গত বছরের ৩০ সেপ্টেম্বর রিপন মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন উপ-পরিদর্শক (এসআই) রোকন মিয়া। দীর্ঘ বিচার প্রক্রীয়ায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন।

রাবি শিক্ষার্থীদের রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতি : রেলওয়ে কর্তৃপক্ষ

ব্যুরো প্রধান, রাজশাহী
রাবি শিক্ষার্থীদের রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতি : রেলওয়ে কর্তৃপক্ষ
সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের প্রায় আট ঘণ্টার রেলপথ অবরোধে বাংলাদেশ রেলওয়ের প্রায় ৩৫ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ঘটনায় প্রায় ২০ হাজার যাত্রী দুর্ভোগে পড়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. জাহিদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জুলাই দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ের এক কর্মচারীর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সকাল ৭টা থেকে বিকেল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখেন। এতে রাজশাহী থেকে বিভিন্ন রুটে চলাচলকারী এবং বিভিন্ন রুট থেকে রাজশাহীগামী ট্রেন চলাচল ব্যাহত হয়।

রেলওয়ের দাবি, অবরোধের কারণে ১০টি আন্তঃনগর ও ৯টি কমিউটার ট্রেন এক ঘণ্টা থেকে সর্বোচ্চ ৮ ঘণ্টা ২০ মিনিট পর্যন্ত বিলম্বিত হয়। এ ছাড়া দুটি আন্তঃনগর ও চারটি কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করতে হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ ঘটনায় বিভিন্ন স্টেশন ও ট্রেনে প্রায় ২০ হাজার যাত্রী ভোগান্তির শিকার হন। বিশেষ করে অসুস্থ ও বয়স্ক যাত্রী, নারী-শিশু এবং বিদেশগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

রেলওয়ে জানিয়েছে, অবরোধের ফলে তাদের আনুমানিক ৩৫ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে। একই সঙ্গে এ অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।

চুয়াডাঙ্গায় কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারুলা খাতুন (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী কাপাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারুলা খাতুন ওই গ্রামের বাসিন্দা আজিজুল হকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির টিনের গোয়ালঘরের পাশে জিআই তারে কাপড় শুকাতে দিতে যান পারুলা খাতুন। এ সময় অসাবধানতাবশত আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা একটি ছেঁড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেনীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুজনের

ফেনী প্রতিনিধি
ফেনীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুজনের
প্রতীকী ছবি

ফেনীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ ও এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ও সন্ধ্যায় সোনাগাজী ও পরশুরাম উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মহাদিয়া গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী রুমা আক্তার (৩৫) এবং পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর এলাকার শাহ আলমের ছেলে সাইমন মজুমদার (২৫)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে মহাদিয়া গ্রামে নিজ বাড়িতে গৃহস্থালির কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন রুমা আক্তার। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ফেনী জেনারেল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা ডা. মোমিনুল হক জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মহেশপুষ্করণী গ্রামে বিয়ের অনুষ্ঠানের আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সাইমন মজুমদার।

স্থানীয়রা জানান, বিয়ের ডেকোরেশন ও লাইটিংয়ের সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাইমন পরশুরাম বাজারের কলেজ রোড এলাকার ‘সায়মন্ড ইভেন্ট’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন। তিনি বিবাহিত এবং তার এক বছর বয়সী একটি সন্তান রয়েছে।

স্বজন ও স্থানীয়রা ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন জানিয়ে হাসপাতালে জড়ো হন। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তে পাঠানোর সময় স্বজন ও স্থানীয়দের বাধার সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।