• ই-পেপার

রাজধানীতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

২০২৫ সালে ২১৭৯ জনকে প্রশিক্ষণ দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক
২০২৫ সালে ২১৭৯ জনকে প্রশিক্ষণ দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

২০২৫ সালে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ১৭৯ জন তরুণ-তরুণীকে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। প্রশিক্ষণপ্রাপ্তরা এক বছরের মধ্যেই সম্মিলিতভাবে ৪২ কোটিরও বেশি টাকা আয় করতে সক্ষম হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সকালে রাজধানীর আফতাবনগরে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ‘মিডিয়া কানেক্ট সামিট’-এ জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাব্বির আহম্মদ এ তথ্য জানান।

প্রথমবারের মতো আস-সুন্নাহ ফাউন্ডেশন গণমাধ্যমের সম্পাদক, সংবাদ প্রধান, বিপণন প্রধান, নীতি-নির্ধারক এবং বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে ‘মিডিয়া কানেক্ট সামিট’-এর আয়োজন করে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘আস-সুন্নাহ ফাউন্ডেশনের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে প্রতিবছর এক লাখ বেকার তরুণ-তরুণীকে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং দেশীয় ও বৈশ্বিক কর্মবাজারে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।’

বর্তমানে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে ১৪টি কর্মমুখী প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে এবং সময়োপযোগী নতুন কোর্স চালুর কার্যক্রমও চলমান রয়েছে।

সামিটে অংশগ্রহণকারী অতিথিরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীন পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, ফ্রি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার, নারী স্কিল ডেভেলপমেন্ট সেন্টারসহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তারা প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণ কার্যক্রম, ল্যাব ও শিক্ষার পরিবেশ ঘুরে দেখেন।

উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও সরকারি নিবন্ধনপ্রাপ্ত দাতব্য সংস্থা। ২০১৭ সালে শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন শিক্ষা, মানবিক সহায়তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং দাওয়াহ কার্যক্রমের মাধ্যমে দেশজুড়ে মানুষের কল্যাণে কাজ করে আসছে।

যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইরান, সম্পাদক সোহেল

নিজস্ব প্রতিবেদক
যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইরান, সম্পাদক সোহেল
ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ যুব ইউনিয়নের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি পদে ইরান মোল্লা, সাধারণ সম্পাদক পদে মো. সোহেল ফকির এবং সাংগঠনিক সম্পাদক পদে অভী জ্যানেট নির্বাচিত হয়েছেন।

রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজা সংলগ্ন ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তর শাখার সম্মেলন ও কাউন্সিলে নতুন এ কমিটি গঠন করা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ইরান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনিন্দ্য দ্বীপের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাজেদুল হক রুবেল, যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য আশিকুল ইসলাম জুয়েল ও আনোয়ার হোসেন, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সজীব, আহ্বায়ক মো. সোহেল ফকির, কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক অপূর্ব সাহা এবং সমাজকল্যাণ সম্পাদক রফিজুল ইসলাম রফিক।

কাউন্সিলে সহসভাপতি হিসেবে অনিন্দ্য দ্বীপ, জাহিদুল ইসলাম সজীব, আবুল হাসান ও মিনা চৌধুরী; সহসাধারণ সম্পাদক হিসেবে সুমাইয়া সেতু ও তাপস চন্দ্র শীল; কোষাধ্যক্ষ হিসেবে সালমা আক্তার শিমু; দপ্তর সম্পাদক হিসেবে বিচিত্র বিশ্বাস; প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মিসবাহ জামিল; সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মোহাম্মদ তানিম; তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে এ্যানি সেন; নারীবিষয়ক সম্পাদক হিসেবে ফারজানা স্নিগ্ধা; ক্রীড়া সম্পাদক হিসেবে তন্ময় সরকার; সাংস্কৃতিক সম্পাদক হিসেবে অমিত তরফদার নির্বাচিত হয়েছেন। সদস্য নির্বাচিত হয়েছেন পঙ্কজ মণ্ডল, ইমরান চৌধুরী, অলিদ হাসান লাবু, শাওন বিশ্বাস, ফিলোমিনা কোড়াই অভি ও গিয়াস উদ্দিন।

সম্মেলনের উদ্বোধনী পর্বে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাড্ডা থানা সংসদ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।

সম্মেলনে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং যুবসমাজের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

ঢাকায় এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু
সংগৃহীত ছবি

শিক্ষা, জ্ঞানচর্চা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল’। পূর্বের ‘অনলাইন ফাউন্ডেশন স্কুল’ নতুন পরিচয়, নতুন দৃষ্টিভঙ্গি এবং আরো বিস্তৃত লক্ষ্য নিয়ে এখন থেকে এই নতুন নামে তাদের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে।

​১১ জুলাই (শনিবার) ঢাকা সেনানিবাসের ‘প্রয়াস’ মিলনায়তনে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এভেনজোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী খান মো. আকতারুজ্জামান।

উল্লেখ্য, তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল এবং অনলাইন ফাউন্ডেশন স্কুলেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারসন এডেক্সেল-এর বাংলাদেশ ও নেপাল অঞ্চলের কান্ট্রি ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আব্দুল্লাহ এবং অনলাইন গ্রুপের চেয়ারম্যান, এভেনজোর ও এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার।

​এ ছাড়া অনুষ্ঠানে অনলাইন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া শাখার প্রিন্সিপাল ডালিয়া নওরিন, ভাইস প্রিন্সিপালবৃন্দ, লিডার্স ফোরামের সদস্যবৃন্দ এবং অনলাইন ফাউন্ডেশন স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. রুহুল আমিনসহ বিভিন্ন শাখার শিক্ষা প্রশাসক, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসাবিদ, বিজ্ঞানী ও গবেষক ইবনে জুহরের নামানুসারে এই নতুন নাম করা হয়েছে। এভেনজোর কেবল একটি নাম নয়, এটি বিশ্বমানের শিক্ষা বিনির্মাণের একটি অঙ্গীকার। এখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই অর্জন করবে না, বরং তারা প্রশ্ন করতে শিখবে, উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলবে এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করে বিশ্বমানের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।

​ফাউন্ডিং চেয়ারম্যান খান মো. আক্তারুজ্জামান তার বক্তব্যে বলেন, ‘আধুনিক শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুত করবে। আমাদের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের মূল্যবোধ ও শিক্ষার মান অপরিবর্তিত রয়েছে।’

​তিনি আরো জানান, ইনশাআল্লাহ, চলতি বছরের ডিসেম্বর মাসেই এভেনজোর আরো বৃহত্তর পরিসরে তাদের মূল কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা গেলে সড়ক নিরাপদ হয়ে উঠবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা গেলে সড়ক নিরাপদ হয়ে উঠবে : ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হলে সড়ক পথচারীদের জন্য অনেকাংশে নিরাপদ হয়ে উঠবে। আজ শনিবার (১১ জুলাই) ডিএনসিসি ও আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের (ডব্লিউআরআই) উদ্যোগে ডিএনসিসি মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে প্রশাসক একথা বলেন।

সড়ক নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, পরিকল্পিত সড়ক ডিজাইনের মাধ্যমে পথচারীদের নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করা, সিগন্যাল ও জেব্রা ক্রসিংয়ের পূর্বে রেইজড ক্রসিং (সড়ক থেকে উঁচু করে ফুটপাত সমান্তরাল পারাপার) ও গতিরোধক স্থাপনের মাধ্যমে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি আরো বলেন, সড়ক নিরাপত্তাসহ শহরের সমন্বিত উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী খুবই ইতিবাচক। সড়ক নিরাপত্তায় ডিএনসিসি ও ব্লমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) আওতায় ঢাকায় চলমান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করা হবে।

বিআইজিআরএস বাংলাদেশ সমন্বয়কারী ও সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে (বিআইজিআরএস)-এর আওতায় দিনব্যাপী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম।

প্রশিক্ষণে ডিএনসিসির অর্ধশতাধিক প্রকৌশলী অংশ নেন। এ ছাড়া বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ সময় ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মামুনুর রহমান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) উপপরিচালক সুবীর কুমার সরকার, ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল) নাঈম রায়হান খান, বিআইজিআরএসের এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর গোলাম রহমান ও সার্ভিল্যান্স কো-অর্ডিনেটর ডা. তানভীর ইবনে আলী উপস্থিত ছিলেন।