• ই-পেপার

ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান পেল মুরাদনগরের ৪৭ ব্যক্তি-প্রতিষ্ঠান

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে ঠাঁই নেই : এমপি খন্দকার আশফাক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে ঠাঁই নেই : এমপি খন্দকার আশফাক
ছবি : কালের কণ্ঠ

ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, ‘দলে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। যারা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা অন্য কোনো অপকর্মে জড়িত, তাদের বিএনপিতে কোনো স্থান নেই। রাজনীতিকে ব্যবহার করে যারা এসব করতে চান, তারা দল থেকে চলে যান।’

শনিবার (১১ জুলাই) বি‌কে‌লে ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার আবু আশফাক বলেন, ‘এবারের বাজেট সব শ্রেণি-পেশার মানুষের বাজেট। এ বাজেট দেশের মানুষের জীবনমান উন্নয়নের কথা বিবেচনা করেই প্রণয়ন করা হয়েছে। একটি দল ২৪-এর আবেগ বিক্রি করতে চায়। কিন্তু ২৪ শুধু একটি দলের নয়, এটি পুরো জাতির অর্জন। জুলাই সবার আবেগ ও গর্বের প্রতীক।’

তিনি জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে বলেন, ‘জুলাইয়ের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারের সমালোচনা করে এই সাংসদ বলেন, ‘কোনো ধর্মকে আমরা আলাদা করে দেখতে চাই না। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার বা বিক্রি করতে দেওয়া হবে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘তারেক রহমান একজন দূরদর্শী ও গতিশীল নেতা। তাঁকে দেশের জন্য কাজ করার সুযোগ দিতে হবে। তাঁর বৃহৎ কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং একসময় বিশ্বে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ কর্মী সম্মেলন উদ্বোধন করেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী। সম্মেলনে সভাপতিত্ব করেন দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন এবং সঞ্চালনা করেন মো. জহিরুল ইসলাম ও মো. মাহবুব বেপারী।

এ সময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাকির হোসেন মন্ডল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান, মো. জাকির হোসেন মাস্টার, হিরণ শেখ, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম বেপারী ও মুকসুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আব্দুর রাজ্জাকসহ প্রমুখ।

রাজশাহীতে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীতে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
সংগৃহীত ছবি

রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে জালাল উদ্দীন (৫৫) নামের এক চালক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তানোর-মুন্ডুমালা সড়কের নোনাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দীন উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামের মৃত মনির উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে জালাল উদ্দীন নোনাপুকুর এলাকা থেকে কোয়েলহাট বাজারে যাচ্ছিলেন। পথে নোনাপুকুর ব্রিজসংলগ্ন এলাকায় অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আগৈলঝাড়ায় তথ্যমন্ত্রী

থানায় হামলায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে

নিজস্ব প্রতি‌বেদক, বরিশাল
থানায় হামলায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে
ছবি : কালের কণ্ঠ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আগৈলঝাড়া থানায় হামলা ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় জড়িত সব অপরাধীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। তবে এ ঘটনায় যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয় সে বিষয়টিও দেখা হবে। 

শনিবার (১১ জুলাই) দুপুরে আগৈলঝাড়া থানার ভাঙচুর করা কক্ষ পরিদর্শন ও আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে এদিন সকালে গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সেখানে প্রধান অতিথিদের বক্তব্যে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘ক্ষমতা এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে জনগণ আমাদের প্রতি, আপনাদের প্রতি এবং প্রধানমন্ত্রীর প্রতি অসন্তুষ্ট না হন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাই শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষাব্যবস্থাকে আরো আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সরকার কাজ করে যাচ্ছে।’

প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। অনুষ্ঠানে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

ছিনতাইকারীদের হামলায় নিহত বৃদ্ধার পরিচয় মিলেছে

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
ছিনতাইকারীদের হামলায় নিহত বৃদ্ধার পরিচয় মিলেছে
সংগৃহীত ছবি

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা স্টেশনে ছিনতাইকারীদের হামলায় নিহত বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমের পরিচয় পাওয়া গেছে। ২৫ বছর ধরে যাকে স্থানীয় মানুষ ঘরবাড়ি ও স্বজনহীন বলে জানত, তার আসল নাম ওয়াহিদা বেগম (৭০)। ওয়াহিদা বেগম বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের শাখাটিয়া এলাকার মৃত রহিম উদ্দিনের মেয়ে। তারা আট ভাইবোন সবাই ছিলেন বাক্‌প্রতিবন্ধী। তার দুই ভাই মারা গেছেন। বর্তমানে দুই ভাই ও তিন বোন জীবিত আছেন।

২৫ বছর আগে তার স্বামী ও একমাত্র কন্যাসন্তানের মৃত্যু হয়। সেই শোক সহ্য করতে না পেরে তিনি বাড়ি ছেড়ে চলে যান। এরপর তিন বছর ধরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। সময়ের সঙ্গে সঙ্গে তিনিও পরিবারের কাছে হারিয়ে যাওয়া এক মানুষে পরিণত হন।

খোঁজ নিয়ে জানা যায়, ২৫ বছর আগে এক বিকেলে ট্রেনে করে তিনি রায়পুরার মেথিকান্দা স্টেশনে এসে পৌঁছান। বাকপ্রতিবন্ধী হওয়ায় নিজের পরিচয় দিতে পারেননি। স্থানীয়রা তার নাম দেন ‘ববি বেগম’। এরপর থেকেই তিনি ওই নামেই পরিচিত হয়ে ওঠেন। স্টেশনের শৌচাগার ও প্ল্যাটফর্ম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করতেন তিনি। যাত্রীদের দেওয়া পাঁচ-দশ টাকা আর সামান্য সহায়তায় চলত তার জীবন। অতি কষ্টে তিলে তিলে তিনি প্রায় ২০ হাজার টাকা সঞ্চয় করেছিলেন। কিন্তু সেই সঞ্চিত টাকার লোভেই গত ৪ জুলাই স্টেশনের একটি কক্ষে ঢুকে ছিনতাইকারীরা তাকে নির্মমভাবে মারধর করে এবং তার সব টাকা লুট করে নেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে আবার স্টেশনেই ফিরিয়ে আনা হয়। এরপর ৭ জুলাই তার শারীরিক অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

এদিকে ববির মৃত্যুর এবং তার ওপর নির্মম হামলার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ফেসবুকে প্রকাশিত তার ছবি দেখেই ওয়াহিদাকে চিনতে পারেন স্বজনরা।

মৃত ওয়াহিদা বেগমের ছোট বোনের জামাতা সৈকত জানান, ফেসবুকে এক বৃদ্ধা বাকপ্রতিবন্ধী নারীকে পিটিয়ে হত্যা ও তার সঞ্চিত টাকা লুটের একটি পোস্ট দেখেন তিনি। পরে সেটি তার স্ত্রী রাবেয়া খাতুনকে দেখালে তিনি ছবিটি দেখে নিজের খালাকে শনাক্ত করেন। এরপর পরিবারের অন্য সদস্যরাও নিশ্চিত হন যে নিহত নারীই তাদের দীর্ঘদিনের নিখোঁজ স্বজন ওয়াহিদা বেগম।

শনিবার (১১ জুলাই) দুপুরে সৈকত রায়পুরার নুরপুর কবরস্থানে এসে ওয়াহিদা বেগমের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ওয়াহিদার একটি পুরনো ছবি ছিল।

ববি বেগম হত্যাকাণ্ডের দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয়ে ওঠে রায়পুরাসহ সারা দেশের মানুষ। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানা একটি মামলা করা হয়। শুক্রবার র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে রায়পুরা এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকা থেকে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।