• ই-পেপার

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে ঠাঁই নেই : এমপি খন্দকার আশফাক

বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি, আলীকদমে ৮০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক
বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি, আলীকদমে ৮০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
সংগৃহীত ছবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাব, মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি এবং বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বন্যাকবলিত আলীকদমে প্রায় ৭৫ থেকে ৮০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর নেতৃত্বে উপজেলার চৈক্ষ্যং ও নয়াপাড়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকা এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এ ত্রাণ বিতরণ করা হয়।

বিজিবি জানায়, রেয়াম্বু সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রিত ৩৬টি পরিবার, নজির মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ১৭টি পরিবার এবং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আশ্রিত ২২টি পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যাকবলিত এলাকায় পানিবন্দী মানুষের খোঁজখবর রাখা, বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আশ্রয়কেন্দ্রে যাতায়াতে সহায়তা প্রদান এবং প্রয়োজন হলে উদ্ধার অভিযান পরিচালনার জন্য বিজিবি সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে আলীকদম ব্যাটালিয়নের কর্মকর্তারা, বিজিবির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে লরির পেছনে বাসের ধাক্কা, নিহত ১

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রামে লরির পেছনে বাসের ধাক্কা, নিহত ১
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি লরির পেছনে ধাক্কা দিলে ফুয়াদ হোসেন (৪৮) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ফাঁসি বটগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফুয়াদ হোসেন নোয়াখালী সদর উপজেলার নুয়ান্নই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সিডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে ফাঁসি বটগাছ এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অজ্ঞাতপরিচয় একটি লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই যাত্রী ফুয়াদ হোসেন নিহত হন এবং আরো চারজন আহত হন।

খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

জনগণের জানমাল রক্ষায় সরকার বদ্ধপরিকর : এমপি নিজাম

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা
জনগণের জানমাল রক্ষায় সরকার বদ্ধপরিকর : এমপি নিজাম
ছবি : কালের কণ্ঠ

সরকার যেকোনো দুর্যোগে জনগণের পাশে রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। তিনি বলেন, জনগণের জানমাল রক্ষায় সরকার বদ্ধপরিকর।

শনিবার (১১ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নিজাম বলেন, গত কয়েক দিনের ভারি বর্ষণ ও জলাবদ্ধতায় যারা দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি। তিনি যেন আমাদের এ দুর্যোগ থেকে রক্ষা করেন। আপনাদের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে যেকোনো দুর্যোগে সব সময় আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দীন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী, তরুণ রাজনীতিবিদ শাহওয়াজ জামাল নিজাম, উপজেলা প্রকৌশলী জাহেদ হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল হক, পরৈকোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোরশেদ আলম, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আখতার নবী চৌধুরী, উপজেলা বিএনপি নেতা মাস্টার আশরাফ আলী, আবু জাফর, মো. শাহজাহান, যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক লোকমান উদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক রাহুল ধর, স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে বৃষ্টির পানিতে ডুবে প্রাণ হারানো ছয় বছরের শিশু ইশতিয়াকের বাড়িতে যান ও পরিবারকে পাশে দাঁড়ান সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সার্বিক সহযোগিতা করেন তিনি।

আনোয়ারা উপকূলে ভেসে এলো অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা
আনোয়ারা উপকূলে ভেসে এলো অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ
সংগৃহীত ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলে বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়া এলাকার ছাত্তার মাঝির ঘাটসংলগ্ন বেড়িবাঁধের পাথরের ব্লকের ফাঁক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি বেড়িবাঁধের পাথরের ব্লকের মধ্যে আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে একটি গেঞ্জি ছিল। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং পরে পুলিশকে বিষয়টি অবহিত করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।