• ই-পেপার

পোশাকশিল্পের ভবিষ্যৎ নিয়ে বায়লা ফিউচার সামিট ২০-২১ জুলাই

ব্যবসা সহজ করতে সরকারি উদ্যোগ চান উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক
ব্যবসা সহজ করতে সরকারি উদ্যোগ চান উদ্যোক্তারা
ছবি : কালের কণ্ঠ

বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা, উচ্চ সুদের ব্যাংকঋণ, জ্বালানিসংকট এবং প্রশাসনিক জটিলতায় ব্যবসা পরিচালনা ক্রমেই কঠিন হয়ে উঠছে বলে জানিয়েছেন ধানমণ্ডি-মোহাম্মদপুর অঞ্চলের ব্যবসায়ীরা। এসব সমস্যা মোকাবেলায় ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, ট্রেড লাইসেন্সসহ সরকারি সেবার ডিজিটালাইজেশন, এলসি খোলার প্রক্রিয়া সহজ করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানিয়েছেন তারা।

শনিবার (১১ জুলাই) রাজধানীর নিউ ধানমণ্ডি কনভেনশন হলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘সার্বিক স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন’ শীর্ষক মতবিনিময়সভায় এসব দাবি উঠে আসে। এতে ধানমণ্ডি-মোহাম্মদপুর এলাকার ১৫টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন।

সভায় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, দেশের ব্যবসায়ীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও কর ও ভ্যাটসংক্রান্ত জটিলতা, প্রশাসনিক প্রতিবন্ধকতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি ও বিদ্যুতের সংকট উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত বিক্রি ও টার্নওভারে নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি বলেন, সাম্প্রতিক বাজেটে উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা, শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে কর হ্রাস এবং সিএমএসএমই খাতের জন্য ৫ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা ইতিবাচক উদ্যোগ। তবে উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা এবং সরকারি ব্যাংকঋণের ওপর অতিনির্ভরতা বেসরকারি খাতে ঋণপ্রবাহ সংকুচিত করছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মাহমুদুন নবী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব নুসরাত ফারজানা, ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ, ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বক্তব্য দেন। তারা ব্যবসা সহজীকরণ, কর ব্যবস্থার আধুনিকায়ন, চাঁদাবাজি দমন, ট্রেড লাইসেন্স সেবা উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

মুক্ত আলোচনায় ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ পাঁচ বছর করা, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে প্রণোদনা, নতুন উদ্যোক্তাদের এলসি সুবিধা সম্প্রসারণ, রিয়েল এস্টেট খাতে করহার কমানো, চশমা শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানি সহজ করা এবং ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং খাতের জন্য পৃথক নীতিমালা প্রণয়নের দাবি জানান।

অনুষ্ঠানের শেষে ৩৯টি প্রতিষ্ঠানকে ডিসিসিআইর সদস্য পদ সনদ প্রদান করা হয়।

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

অনলাইন ডেস্ক
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
সংগৃহীত ছবি

বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমাগত বিস্তৃত হচ্ছে। এই বর্ধিত বাণিজ্যিক লেনদেনকে সচল রাখতে ওঠানামা করছে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার।

দেশীয় বাজারে মার্কিন ডলারসহ আন্তর্জাতিক প্রধান মুদ্রাগুলোর বিপরীতে বাংলাদেশি টাকার মান সাম্প্রতিক সময়ে কিছুটা ওঠানামা করছে। বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী আজকের (১১ জুলাই ২০২৬) মুদ্রা বিনিময় হারের একটি সার্বিক চিত্র নিচে তুলে ধরা হলো—

মুদ্রার নাম বাংলাদেশি টাকা

ইউএস ডলার : ১২২ টাকা ৮৫ পয়সা
ইউরো : ১৪০ টাকা ২২ পয়সা
পাউন্ড : ১৬৪ টাকা ৪৪ পয়সা
কানাডিয়ান ডলার : ৮৬ টাকা ৬৭ পয়সা
অস্ট্রেলিয়ান ডলার : ৮৫ টাকা ১১ পয়সা
চাইনিজ ইয়েন : ১৮ টাকা ০৪ পয়সা
সিঙ্গাপুরি ডলার : ৯৪ টাকা ৯২ পয়সা
ভারতীয় রুপি : ১ টাকা ২৮ পয়সা


মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ২৯ পয়সা
সৌদি রিয়াল : ৩২ টাকা ৮৬ পয়সা
কাতারি রিয়াল : ৩৩ টাকা ৮৪ পয়সা
কুয়েতি দিনার : ৩৯৮ টাকা ১৬ পয়সা
আরব আমিরাতের দিরহাম : ৩৩ টাকা ৫৭ পয়সা

*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এবং প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও অফিশিয়াল রেটের মধ্যকার ব্যবধান অনেকটাই কমে এসেছে। বিগত এক মাসে ডলারের গড় বিনিময় হার ১২২ টাকা ৭৫ পয়সা থেকে ১২৩ টাকার মধ্যে ওঠানামা করেছে, যা আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তিদায়ক।

ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধিদল, পে স্কেলসহ আলোচনায় যেসব বিষয়

অনলাইন ডেস্ক
ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধিদল, পে স্কেলসহ আলোচনায় যেসব বিষয়
সংগৃহীত ছবি

নতুন ঋণ কর্মসূচির শর্ত ও কাঠামো নিয়ে আলোচনা করতে আগামী ১২ থেকে ১৬ জুলাই ঢাকা সফরে আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল। সফরকালে অন্তর্বর্তী বা নতুন সরকারের ঘোষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের বিপুল অর্থের উৎস এবং এর সামষ্টিক অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হতে পারে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ের ঋণচুক্তি থেকে সরে এসে নতুন সংস্কার এজেন্ডা, ব্যাংকিং খাতের পুনর্গঠন এবং রাজস্ব সংস্কারের লক্ষ্যে আইএমএফের কাছে নতুন ঋণ প্যাকেজ চাওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এ সফরের আয়োজন করা হয়েছে।

সফরের প্রথম দিন অর্থ বিভাগের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথম বৈঠকে রাজস্বনীতি, বাজেট এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় বৈঠকে নবম পে স্কেল এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে বরাদ্দ নিয়ে আলোচনা করা হবে। চলতি বাজেটে ঘোষিত এই পে স্কেল বাস্তবায়নে চলতি অর্থবছরে ৪৪ হাজার কোটি টাকা এবং পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য বছরে ১ লাখ ৬ হাজার কোটি টাকারও বেশি প্রয়োজন হবে।

আইএমএফ জানতে চায়, বর্তমান রাজস্ব ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং উচ্চ মূল্যস্ফীতির মধ্যে সরকার কিভাবে এই অতিরিক্ত ব্যয় বহন করবে।

এ প্রসঙ্গে অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের প্রধান দুর্বলতা হলো কম রাজস্ব আহরণ। এ অবস্থায় পে স্কেলের মতো বড় ব্যয় বাস্তবায়নের আগে অর্থায়নের উৎস নিশ্চিত না করলে বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ আরো বাড়তে পারে। নতুন ঋণ পাওয়ার চেয়েও আইএমএফের শর্তানুযায়ী ব্যাংকিং খাতের শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং রাজস্ব সংস্কার করা এখন বেশি জরুরি।

দাম বাড়ার পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি

অনলাইন ডেস্ক
দাম বাড়ার পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি

দেশের বাজারে সোনার দাম আবারও সমন্বয় করা হয়েছে। গতকাল শুক্রবার (১০ জুলাই) ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভালো মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এতে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের চাহিদার পরিপ্রেক্ষিতে সোনার এ নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে আজ শনিবারও নতুন এই দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এই বস্তুটি।

নতুন দাম অনুযায়ী, শনিবার (১১ জুলাই) দেশের বাজারে প্রতি ভরি ভ্যাটসহ সোনা (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, সবশেষ গত ৯ জুলাই সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়; যা কার্যকর হয়েছিল সেদিন দুপুর সোয়া ১২টা থেকেই।

দেশের বাজারে এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৮৯ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৪৪ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৪ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।