• ই-পেপার

রাতে ভাত খাওয়া ভালো না ক্ষতি, কী বললেন পুষ্টিবিদ

আজ বিশ্ব ফ্রেঞ্চ ফ্রাই দিবস

জীবনযাপন ডেস্ক
আজ বিশ্ব ফ্রেঞ্চ ফ্রাই দিবস
ছবি : ফ্রেঞ্চ ফ্রাই

আলু দিয়ে তৈরি খাবারের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভর্তা, ভাজি, রোস্ট কিংবা ফ্রাই—যেভাবেই তৈরি করা হোক, আলুর স্বাদ বরাবরই মানুষের পছন্দের তালিকায়। তবে মুচমুচে, সোনালি রঙের এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাইয়ের আবেদন যেন আলাদা। ছোট-বড় সবার পছন্দের এই খাবার এখন শুধু ফাস্ট ফুড নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের খাবার সংস্কৃতির অংশ হয়ে উঠেছে।

আজ ১০ জুলাই বিশ্ব ফ্রেঞ্চ ফ্রাই দিবস। যদিও এটি মূলত ন্যাশনাল ফ্রেঞ্চ ফ্রাই ডে নামে পরিচিত একটি উদযাপন, বিশ্বের বিভিন্ন দেশেও দিনটি ফ্রেঞ্চ ফ্রাইপ্রেমীদের মধ্যে ব্যাপকভাবে পালিত হয়। বর্তমানে দিবসটি প্রতিবছরের জুলাই মাসের দ্বিতীয় শুক্রবার পালন করা হয়। এর আগে ১৩ জুলাই পালন করা হলেও ২০২৩ সাল থেকে দিনটি দ্বিতীয় শুক্রবারে নির্ধারণ করা হয়। তবে দিবসটির সূচনা ঠিক কবে বা কে করেছিলেন, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায় না।

ফ্রেঞ্চ ফ্রাইয়ের ইতিহাস

ফ্রেঞ্চ ফ্রাইয়ের উৎপত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। নামের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক থাকলেও বেলজিয়ামও এই খাবারের উদ্ভাবক হিসেবে দাবি করে।

একটি প্রচলিত মত অনুযায়ী, ১৭০০ শতকে বেলজিয়ামের মিউজ নদী এলাকার মানুষ ছোট মাছের বিকল্প হিসেবে আলু লম্বা করে কেটে তেলে ভাজতেন। অন্যদিকে অনেক খাদ্য ইতিহাসবিদের মতে, ১৮০০ শতকের শেষ দিকে ফ্রান্সে ‘পম ফ্রিত’ জনপ্রিয় হয়ে ওঠে এবং সেখান থেকেই আধুনিক ফ্রেঞ্চ ফ্রাইয়ের বিস্তার ঘটে। ফলে এর প্রকৃত উৎপত্তি নিয়ে এখনো ইতিহাসবিদদের মধ্যে ঐকমত্য হয়নি।

বিশ্ব ফ্রেঞ্চ ফ্রাই দিবসে সাধারণ ফ্রাইয়ের বদলে চেষ্টা করতে পারেন ভিন্ন স্বাদের কিছু আয়োজন—

দদদ
ছবি: চিলি চিজ ফ্রাই

চিলি চিজ ফ্রাই

ঝালপ্রেমীদের জন্য চিলি চিজ ফ্রাই হতে পারে দারুণ এক পছন্দ। মচমচে ফ্রাইয়ের ওপর দেওয়া হয় মসলাদার চিলি, কিমা মাংস বা বিনসের তৈরি সস এবং প্রচুর গলানো চিজ। চিলির ঝাল, চিজের ক্রিমি স্বাদ ও ফ্রাইয়ের ক্রাঞ্চ—সব মিলিয়ে তৈরি হয় লোভনীয় এক খাবার। চাইলে এর সঙ্গে যোগ করা যায় জালাপেনো, স্প্রিং অনিয়ন বা সাওয়ার ক্রিম।

দদ
ছবি: ক্রিসপি সেসামি হানি চিলি ফ্রাই

ক্রিসপি সেসামি হানি চিলি ফ্রাই

মিষ্টি, ঝাল ও নোনতা স্বাদের দারুণ সমন্বয় এই ফ্রাই। মচমচে ফ্রাইয়ের সঙ্গে মেশানো হয় হানি চিলি সস এবং ওপরে ছড়িয়ে দেওয়া হয় ভাজা তিল। যারা একটু ভিন্ন ধরনের ঝাঁঝালো স্বাদ পছন্দ করেন, তাদের জন্য এটি হতে পারে আদর্শ।

দদ
ছবি: লোডেড ফ্রাই

লোডেড ফ্রাই

সাধারণ ফ্রাইকে পূর্ণাঙ্গ খাবারে পরিণত করে লোডেড ফ্রাই। এতে ফ্রাইয়ের ওপর যোগ করা হয় চিজ, সাওয়ার ক্রিম, সালসা, গুয়াকামোল, বিনস, বেকন কিংবা বিভিন্ন হার্বস। ক্রিসপি, ক্রিমি ও চিজি স্বাদের এই ফ্রাই পার্টি বা আড্ডার জন্য বেশ জনপ্রিয়।

দদ
ছবি: সুইট পাপরিকা ফ্রাই

যারা কম মশলায় ভিন্ন স্বাদ চান, তাদের জন্য সুইট পাপরিকা ফ্রাই হতে পারে ভালো বিকল্প। পাপরিকার হালকা ধোঁয়াটে স্বাদ ও মৃদু ঝাঁজ ফ্রাইকে দেয় আলাদা আকর্ষণ। সহজ হলেও স্বাদে এটি বেশ স্মরণীয়।

দদ
ছবি: লেমন পেপার ফ্রাই

লেমন পেপার ফ্রাই

লেবুর সতেজতা ও গোলমরিচের ঝাঁজের মিশেলে তৈরি লেমন পেপার ফ্রাই ক্লাসিক ফ্রাইয়ের একটি নতুন রূপ। কেচাপের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ আরো বাড়ে। যারা হালকা কিন্তু ফ্লেভারফুল খাবার পছন্দ করেন, তাদের জন্য এটি হতে পারে চমৎকার পছন্দ।

বিশ্ব ফ্রেঞ্চ ফ্রাই দিবসে তাই চাইলে একঘেয়ে স্বাদের বাইরে গিয়ে নতুন কোনো ফ্লেভারের ফ্রেঞ্চ ফ্রাই উপভোগ করতে পারেন। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে ছোট্ট এই আয়োজনও দিনটিকে করে তুলতে পারে আরো আনন্দময়।

বর্ষায় জুতা ভালো রাখবেন কিভাবে? রইল কিছু সহজ উপায়

অনলাইন ডেস্ক
বর্ষায় জুতা ভালো রাখবেন কিভাবে? রইল কিছু সহজ উপায়
সংগৃহীত ছবি

বর্ষা এলে আশপাশে সবুজ-সতেজ হয়ে উঠলেও, বৃষ্টির মধ্যে রাস্তায় বের হলেই বাধে বিপত্তি। টিপটিপ বৃষ্টি, কাদা আর পানি পেরিয়ে যাতায়াত করতে গিয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয় জুতার। বর্ষার পানি ও কাদায় জুতা যেমন নোংরা হয়, তেমনি চামড়ার জুতা বা স্নিকার্স দ্রুত নষ্ট হয়ে যায়। তাই এই মৌসুমে জুতার স্থায়িত্ব ধরে রাখতে এবং জু্তাজোড়া নতুনের মতো সতেজ রাখতে রইল কিছু প্রয়োজনীয় টিপস।

চামড়ার জুতার যত্ন
চামড়ার জু্তা খুব সহজেই পানি শুষে নেয়। ফলে বৃষ্টির পানিতে ভিজলে চামড়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। চামড়ার জুতা ভিজলে দেরি না করে তখনই একটি নরম ও ভেজা কাপড় দিয়ে সেটি ভালোভাবে মুছে নিন। জুতার ভেতরে খবরের কাগজ গুঁজে রাখুন। কাগজ জুতার ভেতরের সমস্ত আর্দ্রতা শুষে নেবে এবং জুতার সঠিক আকৃতি বজায় রাখবে। এরপর জুতোটি ঘরের এমন জায়গায় রাখুন যেখানে ভালো বাতাস চলাচল করে। চামড়ার জুতা কড়া রোদে শুকাবেন না। এ ছাড়া হেয়ার ড্রায়ার ব্যবহার করা বা হিটারের পাশে রাখাও অনুচিত। জুতা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর লেদার কন্ডিশনার বা নারিশিং ক্রিম লাগিয়ে নিন। বর্ষার দিনে জুতা সুরক্ষিত রাখতে ওয়াটারপ্রুফিং স্প্রে-ও ব্যবহার করতে পারেন।

স্নিকার্সের যত্ন
স্নিকার্স জাতীয় জুতা পানিতে ভিজলে তা শুকাতে অনেক বেশি সময় নেয় এবং এটিও দ্রুত পানি শুষে নষ্ট হতে পারে। স্নিকার্স বৃষ্টিতে ভিজলে প্রথমেই জুতার ফিতে এবং ভেতরের ইনসোল খুলে আলাদা করে ফেলুন। জুতার ভেতরে খবরের কাগজ গুঁজে রাখুন। স্নিকার্স রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন। ভেজা স্নিকার্সে অনেক সময় গন্ধ হয়ে যায়। জুতার এই দুর্গন্ধ দূর করতে ভেতরে কিছুটা বেকিং সোডা ছিটিয়ে দিতে পারেন। জুতা পুরোপুরি শুকানোর পরেই কেবল জুতা রাখার ক্যাবিনেটে রাখুন।

রবারের স্লিপার এবং ক্লগস
বর্ষাকালের যাতায়াতের জন্য রবার বা প্লাস্টিকের স্লিপার এবং ক্লগস সবচেয়ে আদর্শ। পানিতে ভিজলেও এগুলোর কোনো ক্ষতি হয় না। তবে এর মানে এই নয় যে এগুলোর যত্নের প্রয়োজন নেই। এই ধরনের জুতা দীর্ঘক্ষণ ভেজা বা স্যাঁতসেঁতে থাকলে ব্যাকটেরিয়ার প্রকোপ বাড়ে, যা থেকে পায়ে সংক্রমণ হতে পারে। বাইরে থেকে ফেরার পর নিয়মিত সাবান-পানি দিয়ে এই জুতা ধুয়ে নিন। বিশেষ করে জুতার তলার খাঁজগুলো ভালো করে স্ক্রাব বা ব্রাশ দিয়ে পরিষ্কার করুন, কারণ এখানেই কাদা ও ময়লা সবচেয়ে বেশি জমে থাকে।

সূত্র : এই সময়

কেন ‘অসুখী’ বিয়ের চেয়ে একা থাকাই ভালো

সৈয়দা আশাপূর্ণা
কেন ‘অসুখী’ বিয়ের চেয়ে একা থাকাই ভালো
সংগৃহীত ছবি

সমাজে একটা সময় ছিল, যখন একজন নারীর জীবনের পূর্ণতার মাপকাঠি ছিল বিয়ে ও তার নতুন পরিবার। কিন্তু এখন সময় বদলেছে। অনেক নারী নিজের শান্তি, স্বাধীনতা ও আত্মসম্মানকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন। তাদের কেউ সম্পর্কের মধ্যে থেকে সুখ খুঁজে পান, আবার কেউ নিজের মতো করে একা পথ চলার সিদ্ধান্ত নেন। তবে সমাজবিজ্ঞানীরা মনে করেন, শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে বড় বিষয় হলো—একজন মানুষ নিজের জীবনে কতটা শান্তি ও সম্মান অনুভব করছেন।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ের বৈবাহিক সম্পর্ক, পারিবারিক চাপ ও নারীর মানসিক শান্তি নিয়ে আলোচনা বেড়েছে। অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর ঘটনা ওই আলোচনার নতুন করে জন্ম দেয়।

অভিযোগ ওঠেছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের নির্যাতনের শিকার হয়ে তিনি আত্মহত্যা করেন। এই ঘটনার পর সুখী দাম্পত্য, নারীদের বৈবাহিক জীবনের বাস্তবতা এবং আধুনিক বা প্রগতিশীল পরিবারেও নারীরা কেন নানা সমস্যার মুখোমুখি হন—এসব প্রশ্ন ভাবাচ্ছে মানুষকে।

সাম্প্রতিক আলাচিত কিছু ঘটনার তথ্য বলছে, জেন জি প্রজন্মের অনেকেই বিয়ে দেরিতে করছেন বা প্রচলিত বিয়ের ধারণা থেকে সরে আসছেন। এর পেছনে অর্থনৈতিক অনিশ্চয়তা, ব্যক্তিগত স্বাধীনতার প্রতি গুরুত্ব এবং আগের প্রজন্মের বৈবাহিক অভিজ্ঞতা থেকে শেখার ইচ্ছা বড় কারণ হিসেবে কাজ করছে।

lll
জনপ্রিয় অভিনেত্রী রেখা ১৯৯০ সালে স্বামীর মৃত্যুর পর থেকে একা জীবনযাপন করছেন।

এই পরিবর্তিত ভাবনার মধ্যেই অনেক নারী নিজের মতো করে জীবন বেছে নেওয়ার গল্প শেয়ার করছেন। অনেক বছর আগে থেকেই জনপ্রিয় অভিনেত্রী রেখা ১৯৯০ সালে স্বামীর মৃত্যুর পর থেকে একা জীবনযাপন করছেন। তিনি দেখিয়েছেন, একা থাকা মানেই জীবন থেমে যাওয়া নয়; বরং নিজের মতো করে শান্তি ও স্বাধীনতার সঙ্গে বেঁচে থাকাও সম্ভব।

এমন আরেকজন নারী, যিনি লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার হিসেবে তার একা থাকার অভিজ্ঞতা তুলে ধরেছেন। ৭৪ বছর বয়সী পামেলা অ্যালিন বলেন, আমি একা এবং নিঃসন্তান। গত তিন দশক ধরে আমি একাই জীবন কাটাচ্ছি। জানেন আমি কী শিখেছি? যে দাম্পত্য সম্পর্কে আমি সুখী ছিলাম না, সেখানে আমি একা থাকার চেয়েও বেশি একাকীত্ব অনুভব করেছি।

নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার পামেলা মনে করেন, একজন নারী চাইলে নিজের শক্তি, আত্মবিশ্বাস ও পরিকল্পনার মাধ্যমে একা থেকেও সুন্দর জীবন গড়ে তুলতে পারেন। যারা পরিবারের অতিরিক্ত হস্তক্ষেপ ছাড়াই কিংবা কারো ওপর নির্ভর না করে নিজেদের মতো করে জীবন পরিচালনা করতে চান, তাদের জন্য তিনি তিনটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

দদদ

আর্থিকভাবে নিজেকে সুরক্ষিত রাখুন

পামেলার প্রথম পরামর্শ হলো—নিজের আর্থিক নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া। তার মতে, একজন নারী যদি স্বাধীনভাবে জীবনযাপন করতে চান, তাহলে নিজের অর্থনৈতিক অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা খুবই জরুরি।

তিনি বলেন, প্রথমত, নিজেকে আর্থিকভাবে সুরক্ষিত করুন। আপনার প্রতিটি টাকা কোথায় যাচ্ছে, তা জানুন। আপনার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কোনো ঋণ বা আর্থিক দায় আছে কি না—এসব বিষয়ে সচেতন থাকা গুরুত্বপূর্ণ।

তার মতে, আর্থিক স্বাধীনতা শুধু অর্থের বিষয় নয়; এটি একজন মানুষকে নিজের সিদ্ধান্ত নেওয়ার আত্মবিশ্বাসও দেয়।

পাশাপাশি জীবনের পরিবর্তনের সময় কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ ধরে রাখার কথাও বলেন তিনি। পামেলা মনে করেন, কঠিন সময়ে পরিবার ও বন্ধুদের সহযোগিতা একজন মানুষকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করতে পারে।

তিনি বলেন, নিজেকে সবার থেকে আলাদা করে ফেলবেন না। কঠিন সময় এলে পরিবার ও বন্ধুরাই আপনাকে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। তবে এটাও সত্যি, কিছু সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় এবং সেখান থেকে নিজেকেই উঠে দাড়াতে হয়।

নিজের জীবনের সীমারেখা ঠিক করুন

পামেলার দ্বিতীয় পরামর্শ হলো—নিজের জীবনের সিদ্ধান্ত নিয়ে পরিষ্কার থাকা এবং প্রয়োজন অনুযায়ী সীমারেখা তৈরি করা।

তিনি বলেন, একজন নারী যখন নিজের মতো করে জীবন শুরু করেন, তখন সমাজ বা আশপাশের মানুষ অনেক সময় সেটিকে সহজভাবে গ্রহণ করতে পারে না। অনেকেই প্রচলিত ধারণা অনুযায়ী তাকে প্রশ্ন করতে পারেন বা আগের নিয়মে ফিরে যাওয়ার চাপ দিতে পারেন।

এ বিষয়ে পামেলার পরামর্শ, নিজের সিদ্ধান্তের জন্য বারবার অন্যের কাছে জবাবদিহি করার প্রয়োজন নেই।

তিনি বলেন, নিজের প্রতি দায়িত্বশীল হোন। যেসব বিষয় আপনার ব্যক্তিগত জীবন ও সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত, সেগুলো নিয়ে অন্যদের কাছে ব্যাখ্যা দেওয়ার বাধ্যবাধকতা নেই।

তার মতে, নিজের শান্তি ও ভালো থাকার বিষয়টিকে গুরুত্ব দেওয়া স্বার্থপরতা নয়; বরং এটি নিজের প্রতি সম্মান দেখানোর একটি অংশ।

একা থাকা আর একাকীত্ব এক নয়

পামেলার তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো—একা থাকা এবং একাকী অনুভব করা এক বিষয় নয়।

তার মতে, অনেক মানুষ সম্পর্কের মধ্যে থেকেও গভীর একাকীত্ব অনুভব করেন। আবার কেউ একা থেকেও নিজের জীবনকে ভালোবাসা, আনন্দ ও অর্থপূর্ণ অভিজ্ঞতায় ভরিয়ে তুলতে পারেন।

তিনি বলেন, আপনি এমন একটি নতুন জীবন গড়ে তুলবেন, যেখানে শান্তি থাকবে। একা থাকা আর একাকীত্ব এক নয়। তাই নিজের জন্য নতুন অভ্যাস তৈরি করুন, নিজের পছন্দের কাজ করুন এবং জীবনের আনন্দগুলো খুঁজে নিন।

ভিডিওর শেষে পামেলা আত্মসম্মানের গুরুত্ব তুলে ধরে নারীদের উদ্দেশে একটি শক্তিশালী বার্তা দেন।

তিনি বলেন, মনে রাখবেন, আত্মসম্মান নিয়ে শান্ত একটি জীবন এমন একটি সম্পর্কের চেয়ে অনেক ভালো, যেখানে আপনি নিজেকে অদৃশ্য বা গুরুত্বহীন মনে করেন। তাই আপনি যদি নিজের জন্য নতুন কোনো পদক্ষেপ নিতে চান, তাহলে আপনার জন্য শুভকামনা রইল।

পামেলার কথার মূল বার্তা হলো—জীবনের মূল্য শুধু কোনো সম্পর্কের অবস্থানের ওপর নির্ভর করে না; বরং একজন মানুষ নিজের প্রতি কতটা সম্মান, শান্তি ও ভালোবাসা রাখতে পারছেন, সেটিও সমান গুরুত্বপূর্ণ।

জানালার ওপাশে ঝুমবৃষ্টি, মনের কোণে কেন জাগে প্রেম?

অনলাইন ডেস্ক
জানালার ওপাশে ঝুমবৃষ্টি, মনের কোণে কেন জাগে প্রেম?
প্রতীকী ছবি

‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে, জানি নে, জানি নে কিছুতেই কেন যে মন লাগে না...’— বর্ষার দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমর পঙক্তি যেন আজও প্রতিটি বাঙালির মনের ভাষা।

আকাশে কালো মেঘ জমলেই, জানালার কাচ বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়লেই কিংবা দূরে কোথাও মৃদু সুরে বাজতে থাকলে কোনো পুরোনো গান—অকারণেই মনটা যেন অন্য রকম হয়ে ওঠে। মনে পড়ে যায় পুরনো কোনো বিকেল, হারিয়ে যাওয়া কোনো মানুষ, কিংবা না বলা কিছু অনুভূতি।

আষাঢ়-শ্রাবণের দুপুরে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় আকাশ। ধুলো উড়িয়ে প্রথম বৃষ্টির ঠাণ্ডা হাওয়া জানালায় এসে ধাক্কা দেয়। মুহূর্তেই ব্যস্ত শহরটাও যেন বদলে যায় অন্য এক আবেশে। ইট-পাথরের কঠিন বাস্তবতার ভেতর জমে থাকা ক্লান্তি ধুয়ে দেয় বৃষ্টির ফোঁটা।

এক কাপ ধোঁয়া ওঠা চা, জানালার পাশে দাঁড়িয়ে ঝুমবৃষ্টি দেখা আর চারপাশের নিস্তব্ধতা—সব মিলিয়ে মনজুড়ে জন্ম নেয় এক অদ্ভুত ভালো লাগা, কখনো বা প্রেম, কখনো বিষণ্নতা।

কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, বৃষ্টি নামলেই কেন মন এতটা আবেগপ্রবণ হয়ে ওঠে? কেন মেঘলা আকাশ মানুষকে নস্টালজিক করে তোলে? শুধু কবিতা-গান নয়, এর পেছনে রয়েছে মনস্তত্ত্ব ও জীববিজ্ঞানেরও ব্যাখ্যা। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির সঙ্গে মানুষের আবেগের এই সম্পর্কের পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ।

১. হরমোনের পরিবর্তন ও ভালো লাগার খোঁজ

মেঘলা দিনে সূর্যের আলো কমে যাওয়ায় শরীরে ‘সেরোটোনিন’—যা আমাদের মুড ভালো রাখতে সাহায্য করে—তার মাত্রা কিছুটা কমে যেতে পারে। একই সময়ে ‘মেলাটোনিন’ হরমোনের কার্যকারিতা বাড়ায় শরীর কিছুটা অলস ও শান্ত অনুভব করতে পারে। এই সময় অবচেতন মন এমন কিছু খোঁজে, যা আনন্দের অনুভূতি এনে দেয়। প্রিয় মানুষের কথা মনে পড়া, ভালোবাসার স্মৃতি কিংবা রোমান্টিক অনুভূতি তখন মস্তিষ্কে ‘ডোপামিন’ নিঃসরণ বাড়িয়ে মনকে স্বস্তি দিতে পারে।

২. বৃষ্টির শব্দের সম্মোহনী প্রভাব

টিনের চালে কিংবা জানালার কার্নিশে একটানা বৃষ্টির শব্দকে গবেষকরা অনেক সময় ‘পিঙ্ক নয়েজ’-এর সঙ্গে তুলনা করেন। এই ধরনের শব্দ মস্তিষ্ককে শান্ত করতে, মানসিক চাপ কমাতে এবং মনোযোগকে স্থির করতে সহায়তা করতে পারে। চারপাশ যখন শান্ত হয়ে আসে, তখন মনের ভেতরে চাপা পড়ে থাকা অনুভূতিগুলোও সহজে জেগে ওঠে।

৩. ঠাণ্ডা আবহাওয়া ও উষ্ণতার আকাঙ্ক্ষা

বৃষ্টির দিনে তাপমাত্রা কমে যায়, চারপাশে তৈরি হয় শীতল পরিবেশ। এমন সময় মানুষ স্বাভাবিকভাবেই উষ্ণতা খোঁজে—কখনো এক কাপ গরম চায়ে, কখনো পরিবারের সান্নিধ্যে, আবার কখনো প্রিয় মানুষের পাশে। এই স্বাভাবিক মানবিক চাহিদাই অনেক সময় রোমান্টিক অনুভূতিকে আরো গভীর করে তোলে।

৪. স্মৃতি, সংস্কৃতি ও নস্টালজিয়ার টান

বাঙালির সাহিত্য, গান, সিনেমা—সবখানেই বৃষ্টি যেন ভালোবাসার আরেক নাম। ছোটবেলা থেকেই আমরা বৃষ্টিকে প্রেম, অপেক্ষা, বিরহ কিংবা ফিরে পাওয়ার প্রতীক হিসেবে দেখে বড় হয়েছি। তাই বৃষ্টি নামলেই মস্তিষ্ক সেই পুরনো স্মৃতিগুলোকে আবারও জাগিয়ে তোলে। প্রথম প্রেম, স্কুলজীবনের কোনো বিকেল, কিংবা জীবনের কোনো বিশেষ মুহূর্ত—সব যেন নতুন করে ফিরে আসে।

বৃষ্টি মানেই অনুভূতির আরেক নাম

বর্ষা আর বাঙালির আবেগ যেন একই সুতোয় বাঁধা। তাই যুগে যুগে কবি, সাহিত্যিক ও গীতিকাররা বৃষ্টিকে শুধু প্রকৃতির সৌন্দর্য হিসেবে দেখেননি; দেখেছেন ভালোবাসা, অপেক্ষা, বিরহ, স্বপ্ন আর জীবনের গভীর অনুভূতির প্রতীক হিসেবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে...’ শুধু একটি গান বা কবিতা নয়, বরং বৃষ্টিভেজা দিনের মনস্তত্ত্বের এক চিরন্তন ভাষ্য। সেই আবহ আজও মানুষের হৃদয়ে একই অনুভূতি জাগায়। জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে হঠাৎই মনে পড়ে যায় কোনো প্রিয় মুখ, কোনো অসমাপ্ত গল্প কিংবা হারিয়ে যাওয়া সময়ের কথা। তখন যেন সত্যিই মনে হয়—‘কিছুতেই কেন যে মন লাগে না।’

হয়তো এ কারণেই বৃষ্টির সঙ্গে মানুষের সম্পর্ক শুধু ঋতুর নয়, অনুভূতিরও। কারো কাছে এটি প্রথম প্রেমের স্মৃতি, কারো কাছে অপূর্ণ ভালোবাসার দীর্ঘশ্বাস, আবার কারো কাছে নতুন করে বাঁচার সাহস।

মনোবিজ্ঞানীরা বলেন, ব্যস্ত জীবনের গতি থামিয়ে বৃষ্টি মানুষকে কিছুটা সময় নিজের সঙ্গে কাটানোর সুযোগ করে দেয়। আর সেই নীরব মুহূর্তেই আমরা নিজের ভেতরের আবেগ, ভালোবাসা, স্মৃতি আর স্বপ্নকে নতুন করে অনুভব করি।

তাই বৃষ্টি শুধু আকাশ থেকে ঝরে পড়া জল নয়; বৃষ্টি মানুষের মনেরও একটি ঋতু। এই ঋতুতে যেন একসঙ্গে মিলেমিশে থাকে রবীন্দ্রনাথের প্রেম, হুমায়ূন আহমেদের অপেক্ষা, জীবনানন্দ দাশের নিঃসঙ্গ বিষণ্নতা, বিভূতিভূষণের প্রকৃতিপ্রেম আর আমাদের প্রত্যেকের ব্যক্তিগত কিছু না-বলা স্মৃতি।

ঝুমবৃষ্টির প্রতিটি ফোঁটা যেন পুরনো দিনের কোনো গল্প, কোনো হারিয়ে যাওয়া মুখ কিংবা অপূর্ণ থেকে যাওয়া ভালোবাসার কথা আবার মনে করিয়ে দেয়।

হয়তো সে কারণেই শত ব্যস্ততার মাঝেও জানালার কাচে প্রথম বৃষ্টির ফোঁটা পড়তেই মন নিঃশব্দে থেমে যায়। তখন আর বৃষ্টি শুধু প্রকৃতির ঘটনা হয়ে থাকে না; তা হয়ে ওঠে অনুভূতির ভাষা, স্মৃতির আশ্রয়, ভালোবাসার নীরব স্বীকারোক্তি।

বর্ষা যেন প্রতি বছর ফিরে এসে মনে করিয়ে দেয়—মানুষ যতই যন্ত্রের মতো ছুটে চলুক না কেন, তার হৃদয়ের গভীরে এখনো এক টুকরো মেঘ জমে, আর সেই মেঘ ভাঙলেই নেমে আসে অনুভূতির বৃষ্টি।