চট্টগ্রামের সীতাকুণ্ডে মা ও মেয়ের নামাজ পড়ার সময় একটি বাড়িতে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। তাদের মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে ঘর থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি পরিবারের।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার বারআউলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার বিবরণে জানা যায়, গৃহবধূ তাহেরা বেগম ও তার মেয়ে ইসরাত সুলতানা নামাজ পড়ছিলেন। সিজদায় থাকা অবস্থায় ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে তাদের মুখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে।
এরপর তারা আলমারির চাবি চায়। চাবি দিতে দেরি হওয়ায় তাহেরা বেগমকে ছুরি দিয়ে আঘাত করে। পরে আলমারি ভেঙে অন্তত ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা এবং মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
দুর্বৃত্তরা চলে গেলে ইসরাত সুলতানা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ইসরাত সুলতানা সীতাকুণ্ড থানায় মামলা করেন।
তিনি জানান, ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না। দুর্বৃত্তরা তাদের বেঁধে রেখে স্বর্ণালংকার এবং মায়ের চোখের অপারেশনের জন্য রাখা ২ লাখ টাকা নিয়ে যায়।
সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।




