• ই-পেপার

বন্যা পরিস্থিতি

শনিবারের এইচএসসি ও সমমনা পরীক্ষার বিষয়ে যা জানা গেল

প্রাথমিক বৃত্তির ফল ফাঁস করা সেই কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক
প্রাথমিক বৃত্তির ফল ফাঁস করা সেই কর্মকর্তা বরখাস্ত
সংগৃহীত ছবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই ফাঁস হওয়ার ঘটনায় মেহতাব কায়েস নামের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার।

শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেনের সই করা প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‌প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে ওয়েবপোর্টালে আপলোড করার ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করে ফলাফল ওয়েবপোর্টালে আপলোড করায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর অনুচ্ছেদ ১২(১) অনুযায়ী অসদাচরণের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হলো। 

এতে আরো বলা হয়, ওয়েবপোর্টালে আপলোডের তারিখ গতকাল বৃহস্পতিবার থেকে বরখাস্ত কার্যকর হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধিমোতাবেক খোরাকি ভাতা পাবেন। জনস্বার্থে আদেশ জারি করা হলো।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা অফিস আদেশ বৃত্তির ফল ফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছিল।

প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, আসলে কী ঘটেছিল

অনলাইন ডেস্ক
প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, আসলে কী ঘটেছিল

প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা বিভাগের ৯ জেলার ফলাফল নির্ধারিত লিংকগুলোতে আপলোড করা হয়েছে। এরপর লিংকগুলো থেকে সাধারণ ব্যবহারীরা ফলাফল আপলোড করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

আসলে কী ঘটেছিল 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশ থেকে জানা যায়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল গতকাল ৮ জুলাই চূড়ান্ত করা হয়। প্রস্তুতকৃত ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করার নিমিত্ত প্রয়োজনীয় লিংক তৈরির জন্য সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে দায়িত্ব প্রদান করা হয়। ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে তা ওয়েব পোর্টালে আপলোড না করার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ওই লিংকসমূহে আপলোড করা হয়। অল্প সময়ে সচল থাকায় এ লিংকসমূহ থেকে সাধারণ ব্যবহারকারীগণ ফলাফল ডাউনলোড করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে।

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফলাফল প্রকাশের বিষয়টি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির আহ্বায়ক অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মো. মিরাজুল ইসলাম উকিল। এছাড়া সদস্যরা হলেন উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার মো. জিয়াউল কবির সুমন, প্রশাসন ২-এর  সহকারী পরিচালক মোছাম্মদ রোখসানা হায়দার।

এদিকে অধিদপ্তর সূত্রে জানা গেছে, লাইভ সার্ভারে লিংক তৈরি এবং আপলোড করার ক্ষেত্রে যে ধরণের নিরাপত্তা প্রটোকল মেনে চলা উচিত ছিল তা অনুসরণ না করায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহতাব কায়েসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফলাফল গতকাল বৃহস্পতিবার প্রকাশের কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতে এ ফলাফল প্রকাশ করা হতে পারে জানা গেছে।

রাবিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়রের হাতাহাতি

রাবি প্রতিনিধি
রাবিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়রের হাতাহাতি
সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগে অন্তঃবিভাগ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল মাঠে বিভাগের প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের মধ্যকার ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভাগের অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্ট ‘অ্যাগ্রোনমি প্রিমিয়ার লীগ’-এর একটি ম্যাচে প্রথম বর্ষের দল ২-০ গোলে এগিয়ে ছিল। খেলার শেষ দিকে দ্বিতীয় বর্ষের এক খেলোয়াড়ের ফাউলের পর রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে মাঠে উপস্থিত শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম সায়েদ বলেন, ‘ম্যাচের শেষ দিকে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে কিছু শিক্ষার্থীর উত্তেজিত আচরণের কারণে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। এরপর বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে পরিস্থিতি শান্ত করেন।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবগত হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা নিজেদের মধ্যে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। এ জন্য তারা কিছুটা সময় চেয়েছেন।’

তিনি আরো বলেন, ‘বিভাগীয় উদ্যোগে সমাধান না হলে প্রক্টরিয়াল বডি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

নির্দেশনা না মেনে বৃত্তির ফল প্রকাশ, জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

নিজস্ব প্রতিবেদক
নির্দেশনা না মেনে বৃত্তির ফল প্রকাশ, জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল নিরাপত্তা প্রটোকল না মেনে আংশিক প্রকাশ করায় এক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সচিব ফেরদৌসী। 

অভিযুক্ত কর্মকর্তা হলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ার (৯ম গ্রেড) মো. মেহতাব কায়েস।

চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল গত ৪ জুলাই ২০২৬ প্রস্তুত করা হয়। প্রস্তুতকৃত ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করার নিমিত্ত প্রয়োজনীয় লিংক তৈরির জন্য মো. মেহতাব কায়েস, সহকারী মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে দায়িত্ব প্রদান করা হয়। ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে তা ওয়েব পোর্টালে আপলোড না করার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু ৯ জুলাই ২০২৬ সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ওই লিংকসমূহে আপলোড করা হয়।

নিরাপত্তা প্রটোকল না মেনে আংশিক ফলাফল প্রকাশের অভিযোগ তুলে চিঠিতে আরো বলা হয়, লিংকসমূহ থেকে সাধারণ ব্যবহারকারীগণ ফলাফল ডাউনলোড করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে। এ বিষয়ে পরিচালক (আইএমডি) কর্তৃক প্রদত্ত প্রতিবেদনে জানা যায়, লাইভ সার্ভারে লিংক তৈরি এবং আপলোড করার ক্ষেত্রে যে ধরণের নিরাপত্তা প্রটোকল মেনে চলা উচিত ছিল তা অনুসরণ করা হয়নি।

অভিযুক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহতাব কায়েস প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৯ম গ্রেডভুক্ত কর্মকর্তা হওয়ায় তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।