• ই-পেপার

২০২৫ সালে ২১৭৯ জনকে প্রশিক্ষণ দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

উপকেন্দ্রে আগুন

দুপুর থেকে বিদ্যুৎহীন রাজধানীর একাংশ

নিজস্ব প্রতিবেদক
দুপুর থেকে বিদ্যুৎহীন রাজধানীর একাংশ
সংগৃহীত ছবি

রাজধানীর এফডিসি মোড় এলাকার একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে শনিবার (১১ জুলাই) দুপুর থেকে তেজগাঁও, বাংলামোটর, কারওয়ান বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আকস্মিক এই বিদ্যুৎ বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছে ওই সব এলাকার বাসিন্দারা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে এফডিসি মোড়ের কাছে অবস্থিত সাবস্টেশনটিতে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের পরপরই নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট ফিডারগুলো বন্ধ করে দেওয়া হয়। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (ডিপিডিসি) সূত্রে জানা গেছে, সাবস্টেশনে আগুনের কারণে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, পরীবাগ, মগবাজার, ইস্কাটনসহ আশপাশের এলাকায় দুপুর থেকে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বিকল্প ব্যবস্থার (সোর্সিং) মাধ্যমে কিছু এলাকায় ইতিমধ্যে সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হয়েছে।

সামগ্রিক বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির একজন পরিচালক বলেন, ক্ষতিগ্রস্ত উপকেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের প্রকৌশলীরা দুর্ঘটনাস্থলে নিরলস কাজ করে যাচ্ছেন। বড় ধরনের ত্রুটি মেরামত করতে কিছুটা সময় লাগছে। পরিস্থিতি অনুকূলে থাকলে আজ রাত ১০টার মধ্যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২ দিনে ২৮৩৬ মামলা

নিজস্ব প্রতিবেদক
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২ দিনে ২৮৩৬ মামলা
সংগৃহীত ছবি

রাজধানী বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতি ও শুক্রবার (৯-১০ জুলাই) রাজধানীজুড়ে পৃথক এসব অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ২ হাজার ৮৩৬টি মামলা করা হয়েছে। সেই সঙ্গে অভিযানে মোট ৮৩৪টি গাড়ি ডাম্পিং ছাড়াও ৩১৭টি গাড়ি রেকার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত ২ দিনে ৭টি বাস ও ৪টি কাভার্ডভ্যান ছাড়াও ২৭টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক-রমনা বিভাগ। পাশাপাশি এই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৬টি বাস ও ১১টি ট্রাক ছাড়াও একটি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১৪২টি মোটরসাইকেলসহ মোট ২৩৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক-লালবাগ বিভাগ।

এদিকে ট্রাফিক-মতিঝিল বিভাগে একই অপরাধে ১৩টি বাস, ২১টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক-ওয়ারী বিভাগে গত ২ দিনে ৫৮টি বাস, ৭৭টি ট্রাক, ৭২টি কাভার্ডভ্যান, ১৪৭টি সিএনজি ও ২৭৬টি মোটরসাইকেলসহ মোট ৮৫৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে।

অন্যদিকে গত ২ দিনে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২২টি বাস, ৬টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ২৭৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক-তেজগাঁও বিভাগ। পাশাপাশি এই সময়ে ট্রাফিক-মিরপুর বিভাগ কর্তৃক ৩৬টি বাস, ৯টি ট্রাক, ৩৬টি কাভার্ডভ্যান, ৯৬টি সিএনজি, ২৮১টি মোটরসাইকেলসহ মোট ৫২৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়াও গত ২ দিনে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২৫টি বাস, ১০টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ২৯৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক-উত্তরা বিভাগ। পাশাপাশি এই সময়ে ট্রাফিক-গুলশান বিভাগে ২১টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইরান, সম্পাদক সোহেল

নিজস্ব প্রতিবেদক
যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইরান, সম্পাদক সোহেল
ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ যুব ইউনিয়নের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি পদে ইরান মোল্লা, সাধারণ সম্পাদক পদে মো. সোহেল ফকির এবং সাংগঠনিক সম্পাদক পদে অভী জ্যানেট নির্বাচিত হয়েছেন।

রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজা সংলগ্ন ড. গোলাম মহিউদ্দিন স্মৃতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তর শাখার সম্মেলন ও কাউন্সিলে নতুন এ কমিটি গঠন করা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ইরান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনিন্দ্য দ্বীপের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাজেদুল হক রুবেল, যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য আশিকুল ইসলাম জুয়েল ও আনোয়ার হোসেন, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সজীব, আহ্বায়ক মো. সোহেল ফকির, কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক অপূর্ব সাহা এবং সমাজকল্যাণ সম্পাদক রফিজুল ইসলাম রফিক।

কাউন্সিলে সহসভাপতি হিসেবে অনিন্দ্য দ্বীপ, জাহিদুল ইসলাম সজীব, আবুল হাসান ও মিনা চৌধুরী; সহসাধারণ সম্পাদক হিসেবে সুমাইয়া সেতু ও তাপস চন্দ্র শীল; কোষাধ্যক্ষ হিসেবে সালমা আক্তার শিমু; দপ্তর সম্পাদক হিসেবে বিচিত্র বিশ্বাস; প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মিসবাহ জামিল; সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মোহাম্মদ তানিম; তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে এ্যানি সেন; নারীবিষয়ক সম্পাদক হিসেবে ফারজানা স্নিগ্ধা; ক্রীড়া সম্পাদক হিসেবে তন্ময় সরকার; সাংস্কৃতিক সম্পাদক হিসেবে অমিত তরফদার নির্বাচিত হয়েছেন। সদস্য নির্বাচিত হয়েছেন পঙ্কজ মণ্ডল, ইমরান চৌধুরী, অলিদ হাসান লাবু, শাওন বিশ্বাস, ফিলোমিনা কোড়াই অভি ও গিয়াস উদ্দিন।

সম্মেলনের উদ্বোধনী পর্বে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাড্ডা থানা সংসদ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।

সম্মেলনে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং যুবসমাজের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

রাজধানীতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হায়দার হোসেন (৩৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

মুমূর্ষু অবস্থায় স্বজন ও সহকর্মীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মৃত হায়দারকে হাসপাতালে নিয়ে আসা তার বোনজামাতা শুক্কুর গাজী জানান, তারা ডেসকো কম্পানিতে একই সঙ্গে চাকরি করেন। হায়দার সহকারী লাইনম্যান ছিলেন। তারা চার-পাঁচজন মিলে বনানী কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন। কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে হায়দার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় পড়ে যান। এরপর অন্য সহকর্মীদের সহায়তায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।

তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পূর্ব ফুলহার গ্রামে। বাবার নাম মো. মোহসিন ফরাজি। বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে উত্তর বাড্ডায় থাকতেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানা তদন্ত করছে।