• ই-পেপার

যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইরান, সম্পাদক সোহেল

উপকেন্দ্রে আগুন

দুপুর থেকে বিদ্যুৎহীন রাজধানীর একাংশ

নিজস্ব প্রতিবেদক
দুপুর থেকে বিদ্যুৎহীন রাজধানীর একাংশ
সংগৃহীত ছবি

রাজধানীর এফডিসি মোড় এলাকার একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে শনিবার (১১ জুলাই) দুপুর থেকে তেজগাঁও, বাংলামোটর, কারওয়ান বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আকস্মিক এই বিদ্যুৎ বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে এফডিসি মোড়ের কাছে অবস্থিত সাবস্টেশনটিতে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের পরপরই নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট ফিডারগুলো বন্ধ করে দেওয়া হয়। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) সূত্রে জানা গেছে, সাবস্টেশনে আগুনের কারণে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, পরীবাগ, মগবাজার ও ইস্কাটনসহ আশপাশের এলাকায় দুপুর থেকে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বিকল্প ব্যবস্থার (সোর্সিং) মাধ্যমে কিছু এলাকায় ইতিমধ্যে সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হয়েছে।

সামগ্রিক বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির একজন পরিচালক বলেন, ক্ষতিগ্রস্ত উপকেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের প্রকৌশলীরা দুর্ঘটনাস্থলে নিরলস কাজ করে যাচ্ছেন। বড় ধরনের ত্রুটি মেরামত করতে কিছুটা সময় লাগছে। পরিস্থিতি অনুকূলে থাকলে আজ রাত ১০টার মধ্যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২ দিনে ২৮৩৬ মামলা

নিজস্ব প্রতিবেদক
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২ দিনে ২৮৩৬ মামলা
সংগৃহীত ছবি

রাজধানী বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বৃহস্পতি ও শুক্রবার (৯-১০ জুলাই) রাজধানীজুড়ে পৃথক এসব অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ২ হাজার ৮৩৬টি মামলা করা হয়েছে। সেই সঙ্গে অভিযানে মোট ৮৩৪টি গাড়ি ডাম্পিং ছাড়াও ৩১৭টি গাড়ি রেকার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত ২ দিনে ৭টি বাস ও ৪টি কাভার্ডভ্যান ছাড়াও ২৭টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক-রমনা বিভাগ। পাশাপাশি এই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৬টি বাস ও ১১টি ট্রাক ছাড়াও একটি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ১৪২টি মোটরসাইকেলসহ মোট ২৩৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক-লালবাগ বিভাগ।

এদিকে ট্রাফিক-মতিঝিল বিভাগে একই অপরাধে ১৩টি বাস, ২১টি কাভার্ডভ্যান, ৩৩টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক-ওয়ারী বিভাগে গত ২ দিনে ৫৮টি বাস, ৭৭টি ট্রাক, ৭২টি কাভার্ডভ্যান, ১৪৭টি সিএনজি ও ২৭৬টি মোটরসাইকেলসহ মোট ৮৫৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে।

অন্যদিকে গত ২ দিনে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২২টি বাস, ৬টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ২৭৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক-তেজগাঁও বিভাগ। পাশাপাশি এই সময়ে ট্রাফিক-মিরপুর বিভাগ কর্তৃক ৩৬টি বাস, ৯টি ট্রাক, ৩৬টি কাভার্ডভ্যান, ৯৬টি সিএনজি, ২৮১টি মোটরসাইকেলসহ মোট ৫২৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এছাড়াও গত ২ দিনে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২৫টি বাস, ১০টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ২৯৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক-উত্তরা বিভাগ। পাশাপাশি এই সময়ে ট্রাফিক-গুলশান বিভাগে ২১টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

২০২৫ সালে ২১৭৯ জনকে প্রশিক্ষণ দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক
২০২৫ সালে ২১৭৯ জনকে প্রশিক্ষণ দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

২০২৫ সালে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ১৭৯ জন তরুণ-তরুণীকে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। প্রশিক্ষণপ্রাপ্তরা এক বছরের মধ্যেই সম্মিলিতভাবে ৪২ কোটিরও বেশি টাকা আয় করতে সক্ষম হয়েছেন।

শনিবার (১১ জুলাই) সকালে রাজধানীর আফতাবনগরে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ‘মিডিয়া কানেক্ট সামিট’-এ জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাব্বির আহম্মদ এ তথ্য জানান।

প্রথমবারের মতো আস-সুন্নাহ ফাউন্ডেশন গণমাধ্যমের সম্পাদক, সংবাদ প্রধান, বিপণন প্রধান, নীতি-নির্ধারক এবং বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে ‘মিডিয়া কানেক্ট সামিট’-এর আয়োজন করে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘আস-সুন্নাহ ফাউন্ডেশনের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে প্রতিবছর এক লাখ বেকার তরুণ-তরুণীকে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং দেশীয় ও বৈশ্বিক কর্মবাজারে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।’

বর্তমানে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে ১৪টি কর্মমুখী প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে এবং সময়োপযোগী নতুন কোর্স চালুর কার্যক্রমও চলমান রয়েছে।

সামিটে অংশগ্রহণকারী অতিথিরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীন পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, ফ্রি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার, নারী স্কিল ডেভেলপমেন্ট সেন্টারসহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তারা প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণ কার্যক্রম, ল্যাব ও শিক্ষার পরিবেশ ঘুরে দেখেন।

উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও সরকারি নিবন্ধনপ্রাপ্ত দাতব্য সংস্থা। ২০১৭ সালে শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন শিক্ষা, মানবিক সহায়তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং দাওয়াহ কার্যক্রমের মাধ্যমে দেশজুড়ে মানুষের কল্যাণে কাজ করে আসছে।

রাজধানীতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হায়দার হোসেন (৩৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

মুমূর্ষু অবস্থায় স্বজন ও সহকর্মীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মৃত হায়দারকে হাসপাতালে নিয়ে আসা তার বোনজামাতা শুক্কুর গাজী জানান, তারা ডেসকো কম্পানিতে একই সঙ্গে চাকরি করেন। হায়দার সহকারী লাইনম্যান ছিলেন। তারা চার-পাঁচজন মিলে বনানী কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন। কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে হায়দার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় পড়ে যান। এরপর অন্য সহকর্মীদের সহায়তায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।

তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পূর্ব ফুলহার গ্রামে। বাবার নাম মো. মোহসিন ফরাজি। বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে উত্তর বাড্ডায় থাকতেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানা তদন্ত করছে।