• ই-পেপার

যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা গেলে সড়ক নিরাপদ হয়ে উঠবে : ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হায়দার হোসেন (৩৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

মুমূর্ষু অবস্থায় স্বজন ও সহকর্মীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মৃত হায়দারকে হাসপাতালে নিয়ে আসা তার বোনজামাতা শুক্কুর গাজী জানান, তারা ডেসকো কম্পানিতে একই সঙ্গে চাকরি করেন। হায়দার সহকারী লাইনম্যান ছিলেন। তারা চার-পাঁচজন মিলে বনানী কড়াইল বস্তিতে অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন। কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে হায়দার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় পড়ে যান। এরপর অন্য সহকর্মীদের সহায়তায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।

তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পূর্ব ফুলহার গ্রামে। বাবার নাম মো. মোহসিন ফরাজি। বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে উত্তর বাড্ডায় থাকতেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানা তদন্ত করছে।

ঢাকায় এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু
সংগৃহীত ছবি

শিক্ষা, জ্ঞানচর্চা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল’। পূর্বের ‘অনলাইন ফাউন্ডেশন স্কুল’ নতুন পরিচয়, নতুন দৃষ্টিভঙ্গি এবং আরো বিস্তৃত লক্ষ্য নিয়ে এখন থেকে এই নতুন নামে তাদের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে।

​১১ জুলাই (শনিবার) ঢাকা সেনানিবাসের ‘প্রয়াস’ মিলনায়তনে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এভেনজোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী খান মো. আকতারুজ্জামান।

উল্লেখ্য, তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল এবং অনলাইন ফাউন্ডেশন স্কুলেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারসন এডেক্সেল-এর বাংলাদেশ ও নেপাল অঞ্চলের কান্ট্রি ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আব্দুল্লাহ এবং অনলাইন গ্রুপের চেয়ারম্যান, এভেনজোর ও এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার।

​এ ছাড়া অনুষ্ঠানে অনলাইন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এভারেস্ট ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া শাখার প্রিন্সিপাল ডালিয়া নওরিন, ভাইস প্রিন্সিপালবৃন্দ, লিডার্স ফোরামের সদস্যবৃন্দ এবং অনলাইন ফাউন্ডেশন স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. রুহুল আমিনসহ বিভিন্ন শাখার শিক্ষা প্রশাসক, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসাবিদ, বিজ্ঞানী ও গবেষক ইবনে জুহরের নামানুসারে এই নতুন নাম করা হয়েছে। এভেনজোর কেবল একটি নাম নয়, এটি বিশ্বমানের শিক্ষা বিনির্মাণের একটি অঙ্গীকার। এখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই অর্জন করবে না, বরং তারা প্রশ্ন করতে শিখবে, উদ্ভাবনী মানসিকতা গড়ে তুলবে এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করে বিশ্বমানের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।

​ফাউন্ডিং চেয়ারম্যান খান মো. আক্তারুজ্জামান তার বক্তব্যে বলেন, ‘আধুনিক শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্ব নেতৃত্বের জন্য প্রস্তুত করবে। আমাদের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের মূল্যবোধ ও শিক্ষার মান অপরিবর্তিত রয়েছে।’

​তিনি আরো জানান, ইনশাআল্লাহ, চলতি বছরের ডিসেম্বর মাসেই এভেনজোর আরো বৃহত্তর পরিসরে তাদের মূল কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এর জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সড়ক নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ জোরদার করছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
সড়ক নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ জোরদার করছে ডিএনসিসি
ছবি : কালের কণ্ঠ

রাজধানীর সড়কগুলোকে আরো নিরাপদ করতে অবকাঠামোগত নকশা, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। 

তিনি বলেছেন, সড়ক নিরাপত্তাসহ নগর উন্নয়নের বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে। সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য ডিএনসিসি ও বিআইজিআরএসের চলমান কার্যক্রম প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।

শনিবার (১১ জুলাই) ডিএনসিসি মিলনায়তনে ‘অবকাঠামোগত নকশার মাধ্যমে গতি নিয়ন্ত্রণ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি’ (বিআইজিআরএস) কর্মসূচির আওতায় ডিএনসিসি ও আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট (ডব্লিউআরআই) এ প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে শফিকুল ইসলাম খান আরো বলেন, পর্যায়ক্রমে ঢাকা উত্তরের সড়কগুলোকে নিরাপদ করা হবে। এ জন্য প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ ও স্থপতিদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সড়ক নির্মাণ ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা হবে। আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিরাপদ সড়ক নকশা প্রণয়নের জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান তিনি।

ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান বলেন, ডিএমপির সহযোগিতায় দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো শনাক্ত করে নতুন নকশার মাধ্যমে সেগুলো নিরাপদ করার কাজ চলছে। নিরাপদ সড়ক নকশা বিষয়ে প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। পরিকল্পিত সড়ক নকশা, রেইজড ক্রসিং, গতিরোধক, সিগন্যাল ও জেব্রা ক্রসিংয়ের কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করা সম্ভব হবে। এতে দুর্ঘটনার ঝুঁকিও কমবে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, সড়ক নিরাপত্তা বিষয়ে সমাধানভিত্তিক সাংবাদিকতা উৎসাহিত করতে প্রশিক্ষণ এবং চালক ও সড়ক ব্যবহারকারীদের গতিসীমা সম্পর্কে সচেতন করতে গণমাধ্যমে প্রচারাভিযান পরিচালনা করছে ডিএনসিসি। এসব কার্যক্রম আরো সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
বিআইজিআরএস বাংলাদেশের সমন্বয়কারী মো. আবদুল ওয়াদুদ বলেন, বিশ্বের ২৭টির বেশি ঘনবসতিপূর্ণ শহরে নিরাপদ সড়ক অবকাঠামো, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, নিরাপদ পারাপার, ট্রাফিক আইন বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে নিরাপদ সড়ক নকশায় অবদান রাখায় ডিএনসিসির চার কর্মকর্তা, সহকারী প্রকৌশলী শ্যামল কুমার সরকার এবং উপসহকারী প্রকৌশলী মো. সোহেল রানা, মো. বাবর আহমেদ ও মো. মহিনুর ইসলামকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এ সময় ডিএনসিসি প্রশাসকের হাতে স্মারক তুলে দেওয়া হয়। প্রশিক্ষণে বাংলাদেশের প্রেক্ষাপটে নিরাপদ সড়ক নকশা, আন্তর্জাতিক অভিজ্ঞতা, গতি নিয়ন্ত্রণে অবকাঠামোগত নকশা এবং মেট্রোরেলের সঙ্গে সড়ক পরিবহনের সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ডব্লিউআরআইয়ের পরামর্শক ফারজানা ইসলাম তমা, সহযোগী পরামর্শক আরিনা তাহনীম, আরবান রেজিলিয়েন্স অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট ম্যানেজার রেত্নো হুইনানেস্টা এবং ডিএমটিসিএলের উপ-প্রকল্প পরিচালক সোহেল রানা বিভিন্ন সেশন পরিচালনা করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান।

বাংলামোটরে গাছ থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
বাংলামোটরে গাছ থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগ থানাধীন বাংলামোটর এলাকায় একটি জাম্বুরাগাছ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে ট্রিপল নাইনে (৯৯৯) খবর পেয়ে পুলিশ বাংলামোটরের ২৫ কাজী নজরুল ইসলাম এভিনিউ এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, পরিত্যক্ত বাড়ির জাম্বুরাগাছের সঙ্গে ইন্টারনেটের তার দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের মরদেহ পাওয়া যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর। তার পরনে ছিল গেঞ্জি ও থ্রি-কোয়ার্টার প্যান্ট। তবে এখনো তার পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এসআই শহিদুল ইসলাম আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ভবঘুরে বা ভাসমান প্রকৃতির হতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।