অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা। রবিবার (৭ জুন) সকাল ৮টা থেকে ছয় দফা দাবি আদায়ে এ কর্মবিরতি শুরু হয়।
এর আগে টানা দুদিন তারা একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন।
ইন্টার্ন চিকিৎসকদের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) নিয়মিত শিক্ষার্থীরাও বেলা ১১টার পর থেকে সব ধরনের ক্লাস বর্জন করেছেন।
আন্দোলনকারীরা জানান, এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক কিছু নির্দেশনার জেরে তারা এ আন্দোলনে নেমেছেন।
আন্দোলনরত এক ইন্টার্ন চিকিৎসক বলেন, কর্তৃপক্ষ আমাদের প্রথম দাবির বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করলেও মূল সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।
এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন বলেন, ইন্টার্নদের কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে না। রোগীদের চাপ সামলাতে আমাদের পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক দায়িত্ব পালন করছেন।
এরআগে শনিবার রাত দেড়টার দিকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের দপ্তর সম্পাদক মো. ইরফানুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।